উত্তাল আশুলিয়া, পোশাক কারখানা আজ খুলছে
ব্যাপক বিক্ষোভের মুখে সাভার-আশুলিয়া এলাকার বন্ধ পোশাক কারখানাগুলো আজ বুধবার থেকে আবার খুলে দেওয়া হচ্ছে।গত সোমবার রাতে আকস্মিকভাবে পোশাকশিল্পের মালিকেরা আশুলিয়ার সব পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন। এর এক দিনের মাথায় গতকাল মঙ্গলবার রাতে পোশাকশিল্পের মালিকেরাই আবার কারখানা খোলার সিদ্ধান্ত নিলেন।পোশাক কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়ায় আশুলিয়ায় অসন্তুষ্ট শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকালে ব্যাপক বিক্ষোভ করেছেন। প্রতিদিন সকালের মতো কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ আকস্মিকভাবে আশুলিয়া এলাকার পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে কয়েক দিন ধরে চলতে থাকা পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অসন্তোষ গতকাল তীব্র হয়।লক্ষাধিক শ্রমিক সকাল আটটার মধ্যেই রাজপথে নেমে পড়েন। এ সময় দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়। সকাল থেকেই বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক বন্ধ করে দেওয়া হলে সড়কটি কার্যত শ্রমিকদের দখলে চলে যায়। এ সময় মারমুখী শ্রমিকেরা বৃষ্টির মতো ইটপাটকেল ছোড়েন পুলিশের দিকে। পুলিশও জবাব দিয়েছে কাঁদানে গ্যাস, লাঠিপেটা, জলকামানের গরম পানি আর ছররা গুলি দিয়ে। গতকাল সকাল আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ রকম যুদ্ধপরিস্থিতি তৈরি হয় এই এলাকায়। এ সময় আহত হন অর্ধশতাধিক ব্যক্তি।প্রায় ২০ কিলোমিটারের বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের দুই পাশে আশুলিয়া এলাকার প্রায় আড়াই শ পোশাক কারখানা রয়েছে। কারখানাগুলো বন্ধ থাকায় কাজে যোগ দিতে আসা শ্রমিকেরা বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে সকাল থেকেই মিছিল শুরু করেন। মিছিলগুলো জামগড়া, বটতলা, নিশ্চিন্তপুর এলাকায় জমায়েত হতে থাকে। পরে জামগড়া থেকে সব কটি মিছিল এক হয়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক দিয়ে হাজার হাজার মানুষের স্রোত আসতে থাকে বাইপাইল মোড়ের দিকে। উদ্দেশ্য, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) পৌঁছে সেখানকার শ্রমিকদেরও আন্দোলনে নিয়ে আসা। সকাল নয়টার দিকে মিছিলটি বাইপাইল মোড়ে এসে নবীনগর-কালিয়াকৈর মহাসড়ক অবরোধ করে এবং বাইপাইল সেতুর ওপর, সড়কের কয়েক জায়গায় টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইটপাটকেল। মারমুখী পুলিশও লাঠিপেটা, কাঁদানে গ্যাস, গরম পানি, ছররা গুলি ছুড়ে তাদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ছত্রভঙ্গ হয়ে শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাপুর সড়কে গিয়ে সংগঠিত হলে আবারও শুরু হয় পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিভিন্ন অলিগলিতে গিয়েও শ্রমিকদের ধাওয়া করে পুলিশ। সংঘর্ষ চলে সাড়ে বেলা ১১টা পর্যন্ত। এরপর শ্রমিকেরা রাস্তা ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। সংঘর্ষ চলাকালে তাঁরা অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করেন ও একটি সুতাভর্তি কাভার্ড ভ্যানে আগুন লাগিয়ে দেন। কিছুক্ষণ পর পুলিশ এই স্থান দখল করে আগুন নিভিয়ে ফেলে।সংঘর্ষকালে পাঁচজন পুলিশ, দুজন সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহত ব্যক্তিদের বেশির ভাগ পুলিশের ছররা গুলিতে বিদ্ধ হয়েছেন। তাঁদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেই ওষুধের দোকান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এদিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক এক ঘণ্টা বন্ধ থাকায় ঢাকা থেকে সকালে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো দীর্ঘ যানজটে আটকা পড়ে।পুলিশের বক্তব্য: বাইপাইল মোড়ে কর্তব্যরত আশুলিয়া থানার উপপরিদর্শক শাহীন পারভেজ জানান, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে তাঁরা ৩৮টি ছররা গুলি ও শতাধিক কাঁদানে গ্যাস ছুড়েছেন।ঢাকা জেলার পুলিশ সুপার ইকবাল বাহার প্রথম আলোকে বলেন, সরকার-পুলিশ কারও সঙ্গে আলোচনা না করেই হঠাৎ কারখানা বন্ধের সিদ্ধান্তের ফলে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এখন শ্রমিকদের অসন্তোষ কাজে লাগিয়ে কেউ যেন ফায়দা লুটতে না পারে, সে বিষয়টি খেয়াল রাখা হচ্ছে। তবে শ্রমিকদের সমস্যা সমাধান করলেই এ সমস্যা মিটবে।শ্রমিকেরা যা বলেন: বেলা ১১টার দিকে জামগড়া এলাকায় পুলিশের কাঁদানে গ্যাসে পিছু হটে যান শ্রমিকেরা। পরে গলির মধ্যে কথা হয় শ্রমিক রাজু, আজাদ, আল আমিনসহ গোটা বিশেক শ্রমিকের সঙ্গে। রাজু বলেন, ‘আমাদের পাঁচ হাজার টাকা করে মজুরি দিয়ে দিলে আর কোনো শ্রমিক বিক্ষোভ হবে না।’ কিন্তু মালিক যদি আর কারখানা না খোলেন—এ প্রশ্নের জবাবে ফুঁসে উঠেছেন অনেকে। সমস্বরে তাঁরা বলে ওঠেন, ‘কত দিন বন্ধ করে রাখবো। বন্ধ হলে তাদেরও যাইব, আমাগেরও যাইব।’কয়েকজন শ্রমিক জানান, তাঁরা যে বেতন পান তাতে আর চলে না। একই সুরে কথা বললেন জামগড়া থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পলাশবাড়ী এলাকার গোটা দশেক নারীশ্রমিক। পলাশবাড়ীর মিতু, জাকিয়া, পলি, আবদুল আলী, শাহিনা, সুমাইয়া—সবারই একই দাবি, পাঁচ হাজার টাকার নিচে তাঁদের আর চলছে না।শাহিনা সিলভার স্টাইল নামের পোশাক কারখানায় অপারেটরের কাজ করেন। বেতন পান তিন হাজার টাকা। হিসাব দিয়ে তিনি বলেন, ‘ঘর ভাড়া দেই এগার শ টাকা। বিদ্যুৎ বিল ২১৫ টাকা, খাওয়ার খরচ আড়াই থেকে তিন হাজার টাকা। সপ্তাহে এক দিন মাছ খেতে পারি। মাসে একবার মাংস খেলে গোটা মাস কেমনে চলবে, সেই ভাবনায় থাকতে হয়। তার ওপর জামাকাপড়, কসমেটিকস—এগুলোরও তো খরচ আছে।’পাশ থেকে স্বপ্না বলেন, ‘আগে বারো শ টাকা পেলেও তখন চলত। এখন সব জিনিসের দাম বাড়ছে। এখন চলে না।’ তিনি জানান, রাতে কাজ করলে সারা রাতে দেওয়া হয় মোট ২৫ টাকা। অতিরিক্ত সময়ে (ওভারটাইম) কাজের জন্য ঘণ্টায় দেওয়া হয় মাত্র ১০ টাকা। অবশ্য অপারেটর হিসেবে তিনি একটু বেশি পান, ১৮ টাকা।শ্রমিকদের আর কী অসুবিধা আছে জানতে চাইলে তাঁরা জানান, মধ্য সারির ব্যবস্থাপনার লোকেরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। গায়ে হাত তোলে।বিজিএমইএর সংবাদ সম্মেলন: রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে গতকাল রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এ সময় তাঁরা বলেন, কারখানার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকার এতে ব্যর্থ হলে এবং কারখানা ভাঙচুর অব্যাহত থাকলে ভবিষ্যতে সারা দেশের সব কারখানা বন্ধ করে দেওয়া হবে।সংবাদ সম্মেলন বিজিএমইএর নেতারা কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা ও শিল্প এলাকার নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বেশ কিছু দাবি তুলে ধরেন। এগুলো হলো: যেসব শ্রমিকনেতা শ্রম আইনবহির্ভূত কার্যক্রমের মাধ্যমে পোশাকশিল্পে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন, তাঁদের কালো তালিকাভুক্ত করে আগামী তিন দিনের মধ্যে আইনের হাতে সোপর্দ করা, মজুরি বোর্ডের ঘোষণা না আসা পর্যন্ত ন্যূনতম মজুরি নিয়ে সব ধরনের নিয়মবহির্ভূত চাপ বন্ধ রাখা, সংবাদপত্রে পোশাকশিল্প মালিকদের সম্পর্কে স্বরাষ্ট্রসচিবের অবমাননাকর বক্তব্য প্রত্যাহার, বাইরের কোনো শক্তি যাতে পোশাকশিল্পকে অস্থিতিশীল করতে না পারে, সে জন্য সংসদে বিল উত্থাপন।সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী। এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের বিদায়ী সভাপতি আনিসুল হক, নবনির্বাচিত সভাপতি এ কে আজাদ, বিজিএমইএর সাবেক সভাপতি টিপু মুনশী ও সাভার এলাকার সাংসদ মুরাদ জং উপস্থিত ছিলেন।