উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
ক্লাস ও পরীক্ষা শুরুর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মতো গতকাল সোমবার তাঁরা বিক্ষোভ করেছেন। তালা ঝুলিয়েছেন প্রশাসনিক ভবনে। অবরোধ করেছেন খুলনা-কুষ্টিয়া মহাসড়ক। প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় এর ভেতর অবরুদ্ধ হয়ে প েড়ন প্রক্টরসহ ৫০ জন কর্মকর্তা-কর্মচারী। আন্দোলনে অংশ নেওয়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রকিব মোহাম্মাদ হাসানকে মারধর করেছেন ছাত্রলীগের কতিপয় কর্মী। আর শিক্ষক সমিতির ব্যানারে আন্দোলনরত শিক্ষকেরা এদিন প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন।বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের ডায়ানা চত্বর থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। তাঁরা প্রশাসন ভবনের সামনে এসে একটি সমাবেশ করেন। পরে তাঁরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এ সময় ভবনের ভেতর প্রক্টর এ এইচ এম আক্তারুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন।বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে মহাসড়ক অবরোধ করেন। এ সময় ফটকের সামনে মহাসড়কের দুই পাশে পাঁচ শতাধিক গাড়ি আটকা পড়ে। সৃষ্টি হয় তীব্র যানজটের। বেলা একটায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তাঁরা অবরোধ তুলে নেন। এরপর তাঁর উপস্থিতিতেই শিক্ষার্থীরা প্রশাসন ভবনের তালা খুলে দেন। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান প্রক্টর ও কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ক্লাস-পরীক্ষা দ্রুত শুরু এবং উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে একটি স্মারকলিপি দেন।জেলা প্রশাসক বলেন, ‘আমি শিক্ষাসচিবের সঙ্গে কথা বলে তাঁদের দাবিদাওয়ার বিষয়ে জানিয়েছি। আশা করি, দ্রুত সমস্যার সমাধান হবে। ছাত্রদের কাছ থেকে তিন দিনের সময় নেওয়া হয়েছে।’ মহাসড়ক অবরোধ করে সমাবেশ চলাকালে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চার-পাঁচজন নেতা-কর্মীর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্র ইউনিয়নের সভাপতি রকিব মোহাম্মাদ হাসানকে মারধর করেন।রকিব বলেন, ‘আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য ছাত্রলীগের রতন, রাসেল, বিপ্লব, জনি ও আনিস আমাকে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি দিতে থাকেন। আমি ঘটনাস্থল থেকে সরে না যাওয়ায় তাঁরা আমাকে লাঞ্ছিত করেন।’ তবে অভিযুক্ত ব্যক্তিরা বিষয়টি অস্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৮ সেপ্টেম্বর বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং স্থানীয় লোকজনের বোমা হামলা, চোরাগোপ্তা হামলা ও ভাঙচুরের জের ধরে ওই দিন থেকে সব ক্লাস ও পরীক্ষা ৯ নভেম্বর পর্যন্ত বন্ধ হয়ে যায়। ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয় খুললে শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকদের একটি অংশ উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন। এই তিনজনের অপসারণ না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন তাঁরা।বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এয়াকুব আলীর সভাপতিত্বে গতকাল বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষকেরা।প্রায় সাড়ে তিন মাস বিশ্ববিদ্যালয় অচল হয়ে থাকায় প্রতিষ্ঠানটির ১২ হাজার ছাত্রছাত্রীর শিক্ষাজীবন এখন স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে স্থগিত হয়ে গেছে বিভিন্ন বিভাগের প্রায় ৪০০ পরীক্ষা। দুই বছরের সেশন জটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে শিক্ষার্থীদের।এরই মধ্যে বিশ্ববিদ্যালয় আজ ২৫ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি উপলক্ষে বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তবে এ ছুটি বাতিল করে ক্লাস ও পরীক্ষা শুরুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।