উত্তাল পদ্মায় তিন ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে শুধু পানি আর পানি। তার মধ্যে প্রবল বাতাস আর ঢেউ। ঢেউয়ের ধাক্কায় প্রতি মুহূর্তে ডুবু ডুবু অবস্থা। আতঙ্কিত যাত্রীরা করছে আর্তচিৎকার।গতকাল মঙ্গলবার পদ্মা নদীতে একটি ট্রলার বিকল হয়ে গিয়ে এই অবস্থায় পড়ে। অসহায় শতাধিক যাত্রীসহ ট্রলারটি তিন ঘণ্টারও বেশি সময় ধরে স্রোতের টানে ভাটিতে ভাসার পর পুলিশের সহায়তায় তীরে আসতে সক্ষম হয়। দুপুরে দৌলতদিয়া থেকে পাটুরিয়া যাওয়ার পথে পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় এই বিপদের মধ্যে পড়ে ট্রলারটি। প্রায় আধ ঘণ্টা চলার পর পাটুরিয়া ঘাটের কাছাকাছি গিয়ে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ট্রলারটি স্রোতের টানে ভাটির দিকে ভেসে যেতে থাকে। ট্রলারের এক যাত্রী রেজাউল করিম প্রথম আলোর এ প্রতিবেদককে বিষয়টি জানালে তিনি তৎক্ষণাৎ তা মানিকগঞ্জের পুলিশ সুপার মো. মাসুদ করিমের গোচরে আনেন। তাঁর নির্দেশে শিবালয় ও হরিরামপুর থানার পুলিশ লঞ্চ ও ট্রলার নিয়ে বিপন্ন ট্রলারের যাত্রীদের উদ্ধারে অভিযানে নামে। পাটুরিয়া থেকে প্রায় সাত কিলোমিটার ভাটিতে হরিরামপুরের কোদালিয়ার চর এলাকা থেকে বিকেল সোয়া চারটার দিকে তাদের উদ্ধার করে তীরে নেওয়া হয়। এরপর একটি লঞ্চে করে সবাইকে পাটুরিয়ায় নিয়ে যাওয়া হয়। তীরে আসার পর তিন ঘণ্টার শ্বাসরুদ্ধকর সেই পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে রেজাউল করিম বলেন, প্রবল বাতাসের কারণে নদী ছিল উত্তাল। বিকল ট্রলারের যাত্রীরা প্রতি মুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে থাকে। ঢেউয়ের ধাক্কায় অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারটি মাঝেমধ্যেই ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। নারী ও শিশুদের আর্তচিৎকারে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে অনেকের স্বজনেরা মুঠোফোনে মুহুর্মুহু যোগাযোগ করতে থাকলে পরিস্থিতি আরও আবেগঘন হয়ে ওঠে।আরেক যাত্রী আজাদ রহমান প্রথম আলোকে বলেন, ‘যে পরিস্থিতির মধ্যে পড়েছিলাম তাতে ভাবতেও পারিনি জীবিত বাড়ি ফিরতে পারব। এক কথায় বলতে গেলে আপনাদের সহায়তা আর আল্লাহর অশেষ দয়ায় পুনর্জন্ম পেয়েছি।’ ‘মনে হয়েছিল ভাসতে ভাসতে আমাদের ট্রলারটি একসময় তলিয়ে যাবে। বাঁচার জন্য কয়েক মিনিট প্রাণপণ চেষ্টার পর একসময় আমাদের সলিল সমাধি হবে’—এভাবেই ঘটনার সময় তাঁদের মনের অবস্থার বর্ণনা করলেন যশোরের রফিকুল ইসলাম। ট্রলারের মাঝি লালন জানান, প্রবল স্রোতের কারণে তাঁর পক্ষে কোনোভাবেই ট্রলারটি তীরে ভেড়ানো সম্ভব হয়নি। আশপাশে কোনো নৌকা বা লঞ্চও দেখা যায়নি, যাদের কাছে সাহায্য চাওয়া যায়। তাই নিরুপায় হয়েই ভাটিতে ভাসতে হয়েছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ একটি ট্রলার নিয়ে কোদালিয়ার চর এলাকা থেকে যাত্রীদের উদ্ধার করে।পুলিশ সুপার মো. মাসুদ করিম বলেন, দুই বিশাল নদী পদ্মা ও যমুনার তীরবর্তী জেলা মানিকগঞ্জে নৌপথের যাত্রীদের এ ধরনের বিপদ থেকে উদ্ধারের কোনো ব্যবস্থা জেলা ও পুলিশ প্রশাসনের নেই। পুলিশ নিজ উদ্যোগে লঞ্চ ও ট্রলার ভাড়া করে যাত্রীদের উদ্ধার অভিযানে নামে। এতে কিছুটা বিলম্ব হয়েছে। ওই সময়ের মধ্যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।