উত্তেজনা ও রোমাঞ্চে আপ্লুত আমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো লন্ডন অলিম্পিক ২০১২। বিশাল আয়োজন। সারা বিশ্বের মানুষকে একই ছাতার নিচে নিয়ে আসে এই অলিম্পিক। হাজার হাজার মানুষের অংশগ্রহণে বর্ণিল হয় এ উৎসব। বাংলাদেশের মেয়ে দিয়া সুদেষ্ণা চক্রবর্তী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে লেখাপড়া করে যুক্তরাজ্যেই কর্মরত। উদ্বোধনী অনুষ্ঠানে তিনিও অংশ নিয়েছিলেন একটি আয়োজনে। ওপরের ছবিতে দিয়াকে দেখুন (ডানে)। নিচে পড়ুন দিয়ার অনুভূতিলন্ডন ২০১২ অলিম্পিক গেমস। কিন্তু আমার ক্ষেত্রে এর শুরু হয়েছিল গত বছরের নভেম্বর মাসে। এবারের অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অংশ নেওয়ার (দুটি চার-ঘণ্টাব্যাপী) অডিশন হয় তখনই। তারপর জানুয়ারি মাসে জানতে পারি, উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমি নির্বাচিত হয়েছি। জানলাম, ১০ থেকে ১২ হাজার শিল্পী অংশ নিচ্ছেন এ অনুষ্ঠানে। আমাদের ২০ মিনিটের আয়োজনেই এক হাজার ২০০ জন! উল্লেখ্য, আমার অংশে বাংলাদেশের আরেকজন নারী আরফুমান চৌধুরীও ছিলেন। সংবাদমাধ্যম ও গণমাধ্যমের সঙ্গে কোনো কথা চলবে না—শুরুতেই বিষয়টি আমাদের বলা হয়, যাতে পুরো অনুষ্ঠানের গোপনীয়তা বজায় থাকে। এভাবেই আরও হাজারো স্বেচ্ছাসেবীর সঙ্গে হয়ে গেলাম বিশাল একটি শৈল্পিক ষড়যন্ত্রের অংশ!এ বছরের মে মাস থেকে রোদ-ঝড়-বৃষ্টি মাথায় করে শুরু হলো লাগাতার অনুশীলন। প্রায় ১৫০ ঘণ্টা অনুশীলনের পর গত ২৭ জুলাই যখন স্টেডিয়ামে ড্রামের তালে তালে ঢুকলাম, তখন উত্তেজনা ও রোমাঞ্চে আপ্লুত আমি। অনুষ্ঠান শেষে তুমুল করতালির মধ্য দিয়ে স্টেডিয়াম থেকে আসি। এই বিশাল ঐতিহাসিক আয়োজনের একটি ক্ষুদ্র অংশ হতে পেরে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছিল। আবেগে তখন আমাদের অনেকেরই চোখে জল।