উত্তেজনার আভাস দিয়েছিলেন স্থানীয় সাংসদ
সেনা আবাসন প্রকল্পের (আর্মি হাউজিং স্কিম) নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও রূপগঞ্জ সদর ইউনিয়নের জমি অধিগ্রহণ ও জোর করে না কেনার জন্য চিঠি দিয়েছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সরকারদলীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী। চিঠিতে তিনি ওই এলাকার পরিস্থিতি অশান্ত ও উত্তেজনাকর বলেও জানিয়েছিলেন।ওই চিঠির ব্যাপারে জানতে চাইলে সাংসদ গোলাম দস্তগীর গাজী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, এলাকার মানুষের মনোভাবের বিষয়টি তিনি চিঠি দিয়ে সেনা আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালককে জানিয়েছিলেন। কিন্তু তাঁরা ব্যবস্থা নেওয়ার সময় পাননি। এর আগেই পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। সাংসদ বলেন, শনিবারের ঘটনায় হাজার হাজার লোক একই ধরনের লাঠি ব্যবহার করেছিল। এসব লাঠি ছিল বিশেষভাবে সরবরাহ করা। তিনি অভিযোগ করেন, বড় বড় হাউজিং কোম্পানি এর সঙ্গে জড়িত।সূত্র জানায়, গোলাম দস্তগীর গাজীর চিঠিটি ২১ অক্টোবর সেনা সদর গ্রহণ করে। সেনা আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনিকে লেখা চিঠিতে তিনি বলেন, সেনা আবাসন প্রকল্পের জমি কেনাকে কেন্দ্র করে এলাকায় ভীতি ও অসন্তোষ বিরাজ করছে। ক্রমে এ অসন্তোষ গণবিস্ফোরণের দিকে ধাবিত হচ্ছে। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য চার দফা সুপারিশও করেন। সুপারিশগুলো হলো ওই এলাকার ভূমি সেনা আবাসন প্রকল্পের নামে অধিগ্রহণ না করা, জোর করে জমি কেনা বন্ধ করা, বসতভিটা থেকে কাউকে উচ্ছেদ না করা এবং জমি রেজিস্ট্রি নিয়ন্ত্রণ না করা।চিঠিতে সাংসদ আরও বলেন, এর আগে ৬০ শতাংশ জমি পূর্বাচল উপশহরের নামে এবং ২০ শতাংশ জমি ওয়াসার নামে অধিগ্রহণ করা হয়। তিনি জনগণের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধাশীল। সেনাবাহিনীও জনগণের অংশ। এ নিয়ে সেনাবাহিনী ও জনগণের মধ্যে ভুল বোঝাবুঝির অবসানে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।সাংসদের এই চিঠির কপি সেনা আবাসন প্রকল্পের প্রধান কোয়ার্টার মাস্টার জেনারেল ইকবাল করীম ভূঁইয়াকেও দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।