নারী উত্ত্যক্তকারী বখাটেদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ দণ্ডবিধির ৫০৯ ধারায় যৌন হয়রানির যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তা আরও স্পষ্ট করে কিছু ধারা ব্যাখ্যা আকারে সংযোজন করা হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্ত্যক্ত করা ও যৌন হয়রানি বন্ধে মহিলা ও শিশু মন্ত্রণালয়ে তিন দফা প্রস্তাব পাঠিয়েছে আইন কমিশন। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে একটি আইন করা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের কিছু ধারা সংযোজন এবং দণ্ডবিধির ৫০৯ ধারার স্পষ্ট ব্যাখ্যা রাখার কথা বলা হয়েছে।আইন কমিশনের এ প্রস্তাব বিবেচনা করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে এ-সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করেছে। আগামী সপ্তাহে এ প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।জানতে চাইলে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, উত্ত্যক্ত করা বা যৌন হয়রানির জন্য নতুন করে আইন করতে গেলে অনেক সময় লাগবে। এ কারণে বিদ্যমান ২০০৩ (সংশোধিত) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন রয়েছে, তার কিছু ধারা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, এখন উত্ত্যক্ত করার ধরন বদলে গেছে, মোবাইল ফোনে বা এসএমএসের মাধ্যমেও অনেক নারীকে উত্ত্যক্ত করা হচ্ছে। আইনে এসব বিষয়েরও পরিষ্কার ব্যাখ্যা থাকা প্রয়োজন।মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকার পাঁচটি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে জরিপ অনুযায়ী প্রতি ১০০টি মামলার মধ্যে গড়ে ১০টি মামলায় সাজা হচ্ছে। বাকি ৯০টি মামলায় আসামিরা খালাস পাচ্ছে। এ মামলায় আসামিরা যেন সহজে ছাড়া না পায় এবং শাস্তির মেয়াদ বেশি হয়, সেদিকে দৃষ্টি দিয়েই আইনটি সংশোধনের চেষ্টা করা হচ্ছে।সূত্র জানায়, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০(২) ধারায় ইভ টিজিং বা যৌন হয়রানির ব্যাখ্যা এবং শাস্তির বিষয়টি উল্লেখ থাকলেও ২০০৩ সালে সংশোধন করে ধারাটি ফেলে দেওয়া হয়।২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (২) ধারায় বলা ছিল, ‘কোনো পুরুষ অবৈধভাবে তাহার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে কোনো নারীর শ্লীলতাহানি করলে বা অশোভন অঙ্গভঙ্গি করলে তার এই কাজ হইবে যৌন হয়রানি এবং তার জন্য উক্ত পুরুষ অনধিক সাত বৎসর কিন্তু অন্যূন দুই বৎসর সশ্রম কারাদণ্ড, অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন।’ ২০০৩ সালে এ আইনটি সংশোধন করার সময় এ ধারাটি আর রাখা হয়নি।নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ ধারায় আরও কিছু বিধান যুক্ত করে তা প্রতিস্থাপন করার উদ্যোগ নিয়েছে। সূত্রমতে, এ ধারায় শাস্তির মেয়াদ রাখা হবে ৭ থেকে ১০ বছর। এ ছাড়া ইভ টিজিং বা উত্ত্যক্ত করার প্রকৃত সংজ্ঞা রাখা হবে। শ্লীলতাহানির ব্যাপারেও স্পষ্ট ব্যাখ্যা থাকবে।এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, উত্ত্যক্ত করা এখন শুধু অশালীন উক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, পর্নোগ্রাফি প্রদর্শন, চিঠি, ই-মেইল, টেলিফোন, এসএমএস, পোস্টার, নোটিশ, কার্টুন, বেঞ্চ, চেয়ার-টেবিল, নোটিশ বোর্ড, দেয়াল লিখনের মাধ্যমে এখন উত্ত্যক্ত করা হয়। তবে ভয়ংকর ব্যাপার হচ্ছে, বখাটেরা এখন প্রতিবাদ বা প্রতিরোধকারীদের হেনস্তা করছে, প্রাণ কেড়ে নিচ্ছে। তাই প্রতিটি বিষয়ের ব্যাখ্যা থাকা প্রয়োজন এবং আলাদা আইন ও শাস্তির বিধান থাকাও প্রয়োজন।দণ্ডবিধির ৫০৯ ধারায় উত্ত্যক্ত করার বিষয়ে বলা হয়েছে, ‘যে ব্যক্তি কোনো নারীর শালীনতার অমর্যাদা করার অভিপ্রায়ে এই উদ্দেশে কোনো মন্তব্য করে, কোনো শব্দ বা অঙ্গভঙ্গি করে বা কোনো বস্তু প্রদর্শন করে যে উক্ত নারী অনুরূপ মন্তব্য বা শব্দ শুনতে পায় অথবা অনুরূপ অঙ্গভঙ্গি বা বস্তু দেখতে পায় কিংবা উক্ত নারীর নির্জনবাসে অনধিকার প্রবেশ করে, সেই ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ড, যাহার মেয়াদ এক বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হইবে।’ মন্ত্রণালয় জানায়, এই আইনে নারীর শালীনতার অমর্যাদা বলতে কী বোঝায়, তার স্পষ্ট ব্যাখ্যা নেই।তবে এ বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, অনেক ক্ষেত্রেই ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপপ্রয়োগ হয়। আর এ কারণেই মাত্র ১০ শতাংশ আসামি সাজা পাচ্ছে। তালাকসহ বিভিন্ন নির্যাতনের ঘটনায় যৌতুকের মিথ্যা মামলা করা হচ্ছে। শেষ পর্যন্ত মামলাটি প্রমাণ করা কঠিন হয়ে যায়।