উত্ত্যক্ত করার প্রতিবাদে প্রাণ দিতে হলো সওজের কর্মচারীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে তরুণীকে উত্ত্যক্ত করার বিরুদ্ধে মুখ খোলায় প্রাণ দিতে হলো হান্নানকে। তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চতুর্থ শ্রেণীর কর্মচারী। আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হান্নান শহরের আলীনগর ভূতপুকুর এলাকার দাউদ আলীর ছেলে।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আহসানুল হক প্রথম আলোকে জানান, সওজের কর্মচারী মোহাম্মদ আলীর দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে বৃষ্টিকে রেহাইচর এলাকার ইসরাইল, আনারুল, সাইফুল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।এ ঘটনা জানতে পেরে বৃষ্টির মা-বাবা আজ বিকেল তিনটার দিকে প্রতিবাদ করলে ইসরাইলসহ ওই তিনজনের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি হয়। এ সময় সওজের আরেক কর্মচারী হান্নান সেখানে উপস্থিত হলে তিনিও এর প্রতিবাদ জানান। একপর্যায়ে ইসরাইল হান্নানের তল পেটে লাথি মারলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।ঘটনার পর থেকে ইসরাইল, আনারুল ও সাইফুল পলাতক।