উত্ত্যক্ততা নাকি সন্ত্রাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ততা এখন আরও প্রকট, আরও ভয়াবহ। যা শুধু ‘টিজিং’ শব্দটির মধ্যে সীমাবদ্ধ নেই। উত্ত্যক্ততার প্রতিবাদ করতে গিয়ে এখন প্রাণ হারাতে হচ্ছে মেয়ের মা, শিক্ষক এমনকি নানাকেও। আর রুমি, তৃষা, সিমি—উত্ত্যক্ততার শিকার হয়ে অনেক মেয়ের আত্মহত্যার ঘটনা তো আমাদের জানা। উত্ত্যক্ততা এখন যেন সন্ত্রাসের নতুন এক কৌশল। সমাজের বিশিষ্টজনদের মন্তব্য থেকেও তা বেরিয়ে আসে। আগামীকাল ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস। নারীর প্রতি সন্ত্রাসের নতুন এই রূপ নিয়ে কথা বলেছেন কয়েকজন আইনজীবী, মানবাধিকার কর্মী, শিক্ষক ও নারীনেত্রী—হামিদা হোসেনচেয়ারপারসনআইন ও সালিশ কেন্দ্রআমার মনে হয়, একজন অপরাধ করলেই তার শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধ করেও কেউ যদি ছাড়া পেয়ে যায় তাহলে আরেকজনও এমন অপরাধ করতে ভয় পাবে না। অনেক সময় দেখা যায়, আমাদের প্রশাসন এসব ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করছে না। আশপাশে আসামি থাকলেও তারা গ্রেপ্তার করে না। এ অবস্থার পরিবর্তন করতে হবে। প্রত্যেক নারীকে অভিযোগ করার একটা জায়গা দিতে হবে, যেখানে অকপটে যেকোনো কথা তারা বলতে পারে। বিশেষ করে, স্কুলের মধ্যে মেয়েদের কথা বলার জন্য একটা ক্ষেত্র বা অভিযোগকেন্দ্র সহজেই গড়ে তোলা যেতে পারে। মেয়েদের অভিযোগ শুনে শিক্ষকেরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে এর প্রতিকার করতে পারেন। এসব ক্ষেত্রে পারিবারিক সহযোগিতা থাকা উচিত। এ ছাড়া এলাকায় কোনো অপরাধ সংঘটিত হলে সবাই মিলে বিভিন্ন কৌশল অবলম্বন করে এর সমাধান করা যেতে পারে। ছেলেদের সঙ্গে কথা বলতে হবে, কেন তারা মেয়েদের উত্ত্যক্ত করছে, নিজেদের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত করছে। এসব কারণ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তা হলেই নারীর ওপর নেমে আসা এই সন্ত্রাস কমে যাবে। আয়েশা খানমসভাপতিবাংলাদেশ মহিলা পরিষদসমাজের অস্থিরতা, সহিংসতা ও সামাজিক অবক্ষয়ের কারণে উত্ত্যক্ততা আজ সন্ত্রাসে পরিণত হয়েছে। যার শিকার হচ্ছে নারী। তরুণদের বিশাল অংশের মধ্যে এখন হতাশা। উচ্চমাধ্যমিক পাস করার পর ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা। কেউ কেউ হতেও পারে না। অসুস্থ প্রতিযোগিতা সর্বত্র। তরুণেরা আদর্শ হিসেবে কাউকে ভাবতে পারছে না। আমাদের রাজনীতিতেও ছাত্রদের অপব্যবহার করা হচ্ছে। নিজেদের স্বার্থে তাদের অনেকের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। এমনকি মাদকের মাধ্যমে ক্রমশ তাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। ফলে তাদের মনস্তাত্ত্বিক উন্নতি ঘটছে না। তাদের মধ্যে শ্রদ্ধা-ভালোবাসা এসবের অভাব দেখা যাচ্ছে। তাদের হতাশা কাটিয়ে ওঠার কোনো ব্যবস্থা নেই। নেই কোনো বিনোদনের ব্যবস্থা। অর্থনৈতিক অস্থিতিশীলতা এর অন্যতম কারণ। এর সবকিছুর শিকার হচ্ছে এই তরুণেরা। পরিবারে যদি সে সঠিক শিক্ষা পায়, তাহলে এসব করতে যাবে না। কেন তারা এতটা উদ্ধত হচ্ছে, এসব নিয়ে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী সমাজ, রাষ্ট্র, পরিবার, সরকার তথা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। যে আইন আছে তা যথাযথভাবে কার্যকর করতে হবে। গঠনমূলক আলোচনা করতে হবে তরুণদের সঙ্গে। তাদের কাছ থেকেও সমাধানের উপায় জানা যেতে পারে। সালমা আলীনির্বাহী পরিচালক বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিইভ টিজিংয়ের পর্যায়ে এটি আর নেই। উত্ত্যক্তকরণ বলা উচিত। এর ব্যাপকতা ও ভয়াবহতা বেড়েছে।যেন সামাজিক মহামারির রূপ ধারণ করেছে। শুধু আইন দিয়ে এর সমাধান সম্ভব নয়। পাড়ায় পাড়ায় আগে তরুণেরা সামাজিক-বিনোদনমূলক ক্লাব গড়ে তুলত। পাঠাগার ছিল। মফস্বল শহরগুলোতে এখন এসব আর দেখা যায় না। শিক্ষামূলক কোনো বিনোদনের ব্যবস্থা নেই। ফলে তারা নিজেদের সময়টাকে অন্যভাবে ব্যয় করছে। তারা হয়তো কোনো বাণিজ্যিক সিনেমা দেখল। সেখানে দেখা গেল, সিনেমার নায়ক নায়িকাকে জোর করে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এল। একসময় তাদের মধ্যে ভালোবাসা হলো, যা বাস্তবে করা একধরনের অপরাধ। কিন্তু সেই তরুণটির মনে সেটি বাসা বাঁধল। বাস্তবে সেও নিজেকে সিনেমার নায়ক ভাবতে পছন্দ করে। যার ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তরুণদের ওপর যেন কোনোভাবেই নেতিবাচক প্রভাব না পড়ে সেটি সমাজের প্রত্যেকের খেয়াল রাখা উচিত। শুধু তরুণেরা নয়, উত্ত্যক্তকারী যেকোনো বয়সের হতে পারে। তারা যে বড় ধরনের অপরাধ বা সন্ত্রাসী কার্যক্রম করছে, তা তাদের বোঝাতে হবে। তা না হলে একে কমিয়ে আনা যাবে না। তাই সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে এটি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো দেখেও বোঝা যায়, প্রতিবাদ করলে তাকে প্রাণ দিতে হচ্ছে। নিরাপত্তার কারণে অনেকে এখন প্রতিবাদ করতে চাইবে না। সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব সবার। নারী ও শিশু নির্যাতন দমন আইনে একে অন্তর্ভুক্ত করে সন্ত্রাসবাদ নামে আলাদা ধারা করা যেতে পারে। এলিনা খানপ্রধান নির্বাহীবাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনউত্ত্যক্ততা এখন সন্ত্রাসবাদে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ভয়-ভীতি, আশঙ্কা ও নিরাপত্তাহীনতার মধ্যে সবাইকে থাকতে হচ্ছে; যা শুধু ইভ টিজিংয়ের মতো হালকা শব্দের মধ্যে সীমাবদ্ধ নেই। উত্ত্যক্ততা এক দিনে সন্ত্রাসবাদে পরিণত হয়নি। দীর্ঘদিনের প্রক্রিয়ার ফলে এর বিস্ফোরণ ঘটেছে। যার ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি। এটি নির্মূলও এক দিনে হবে না। তবে দ্রুত কমিয়ে আনা সম্ভব। এর জন্য তৃণমূল পর্যায় থেকে কাজ করতে হবে। এটি যে বড় ধরনের শাস্তিযোগ্য অপরাধ, তা তাদের বোঝাতে হবে। এ নিয়ে যে আইন আছে, সেটি জানানোর ব্যবস্থা করতে হবে। দেখা যাচ্ছে, ঢাকার বাইরে এসব ঘটনা বেশি ঘটছে। এমন অনেক এলাকা আছে, যেখানে প্রতিদিন খবরের কাগজ পৌঁছায় না। উত্ত্যক্তকারীরা বেশির ভাগ অশিক্ষিত। ফলে তারা টেলিভিশনে সচেতনতামূলক কোনো অনুষ্ঠান দেখছে না। তাদের মধ্যে পারিবারিক মূল্যবোধের অভাব রয়েছে। অভিভাবকদের উচিত সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা। তাই অভিভাবকদের জন্যও প্রয়োজন কাউন্সেলিং। এ ব্যাপারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে। দ্রুত এ বিষয়ে জনগণকে সচেতন করতে হলে হেলিকপ্টার থেকে লিফলেট বিতরণ করতে হবে। যে ছেলেটি এই সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হচ্ছে, সেও হেলিকপ্টার থেকে পড়া জিনিস হাতে নেবে। চোখ বোলাবে। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় এটি নিয়ে আলোচনা হবে। অনেকটাই কমে আসবে তখন এই উত্ত্যক্ততা। উত্ত্যক্তকারীর অভিভাবকেরাও এটি জানবে। সরকারি ও বেসরকারি বা কোনো বিশেষ প্রতিষ্ঠানের অর্থায়নে এটি করা যেতে পারে। তানজীব-উল-আলমআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টইভ টিজিং আগেও ঘটত। তবে এ বিষয়টি নিয়ে এখনকার মতো আলোচনা হতো না। আমাদের দেশের পুরুষতান্ত্রিক সমাজে ইভ টিজিংকে সাধারণ বিষয় হিসেবে মেনে নেওয়া হতো। সবাই ভাবত, ছেলেরা এমনটা করতেই পারে। কিন্তু সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। মেয়েরা এখন সচেতন হচ্ছে। তারা প্রতিবাদ করছে। পুরুষদের অন্যায় কর্তৃত্ব মানছে না। উক্ত্যক্তকারীরা এটি মেনে নিতে পারছে না। নিজেদের পরাজিত মনে করছে। ফলে তারা আরও বেশি ভয়ানক হয়ে উঠছে। তবে মেয়েদের এই প্রতিবাদ করা থামিয়ে দেওয়া যাবে না। তখন পুরুষেরা পেরে না উঠে নিজেরাই পিছিয়ে যাবে। দেখা যাচ্ছে, উক্ত্যক্তকারীরা বেশির ভাগই স্কুলপালানো বা অশিক্ষিত। তারা আইন সম্পর্কে জানে না। তাই কঠিন আইন অপেক্ষা স্থানীয় প্রশাসন, জনগণ ও সরকারের সহায়তা বেশি প্রয়োজন। আর ঘটনার শুরু থেকেই যথাযথ ব্যবস্থা নিতে হবে।রোবায়েত ফেরদৌসসহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়আমাদের সমাজে ইভ টিজিং বা মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা সব সময়ই কমবেশি ঘটত। সমাজে বিদ্যমান পুরুষতান্ত্রিক মনোভাব এর জন্য দায়ী। আনুপাতিক হারে উত্ত্যক্ত করার ঘটনা এখন বেড়ে গেছে, এমনটা মনে করার কোনো কারণ নেই। ইদানীং আমরা এটা বেশি মাত্রায় লক্ষ করছি গণমাধ্যমের কল্যাণে। গণমাধ্যমে প্রকৃত সত্য উঠে আসছে বলেই আমরা তা জানতে পারছি।অনেক চলচ্চিত্র ও নাটকে দেখানো হয়, মেয়েদের হয়রানি করার মাধ্যমে প্রেমের শুরু—এটি একটি মারাত্মক ক্ষতিকর প্রবণতা। এর মাধ্যমে ছেলেরা ইভ টিজিং করার প্রাথমিক অনুপ্রেরণা পেয়ে থাকে। নাটক বা চলচ্চিত্রের বিষয়বস্তু নিয়ে আমাদের ভাবার সময় এসেছে।কেউ কেউ বলার চেষ্টা করছেন, পর্দা বা বোরকা ইভ টিজিং থেকে নারীকে বাঁচাতে পারে—এটি সম্পূর্ণ ভুল ধারণা। বোরকা পরা অনেক মেয়েকেও আমরা এসিড-সন্ত্রাসের শিকার হতে দেখেছি। মেয়েদের জন্য সব পথ উন্মুক্ত রাখতে হবে, তারা ক্রিকেট, ফুটবল খেলবে, স্বাধীনভাবে চলাফেরা করবে—আমাদের সেই রকম পরিবেশ নিশ্চিত করতে হবে। মেয়েরা এখন লেখাপড়ায় ভালো করছে। তাদের কোনোভাবেই পিছিয়ে পড়লে হবে না। স্কুল-কলেজে যাওয়া বন্ধ করা যাবে না, কিংবা আত্মহত্যার মতো মারাত্মক ভুল করাও চলবে না। পরিস্থিতি মোকাবিলা করার জন্য একজন মেয়ে যেন নিজেকে প্রস্তুত করতে পারে, আমাদের সবাই মিলে সে চেষ্টা করা দরকার। এসব ক্ষেত্রে শিক্ষক, পরিবার ও স্থানীয় পর্যায়ের সহায়তা প্রয়োজন।নাটোর ও ফরিদপুরের ঘটনার পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি স্মারকলিপি দিয়েছি। তাতে বলা আছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি মাইক্রোবাস থাকবে। গাড়িটির গায়ে প্রতিবাদী নানা কথা থাকবে। আর যেখানেই এ ধরনের ঘটনা ঘটবে, সেখানে আমরা তৎক্ষণাৎ চলে যাব। সেই পরিবারটির পাশে দাঁড়াব। ঢাকায় এসে পত্রপত্রিকায় লেখালেখি করা হবে। আমি মনে করি, এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা আরও জোরালো হওয়া উচিত।মতামত সংগ্রহ: তৌহিদা শিরোপা