উত্ত্যক্তের শিকার সেই মেয়েটি পালিয়ে বেড়াচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নে উত্ত্যক্তের শিকার সেই মেয়েটি ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সিরাজ রাঢ়ীর (৫৫) উত্ত্যক্ত ও নির্যাতনের শিকার হয়ে তারা ঘর ছাড়তে বাধ্য হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষক লীগের নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ২৯ মে স্থানীয় বাজারে আধাবেলা হরতাল হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হরতাল পালন করেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে চর সামন্তসার গ্রামে গিয়ে ওই পরিবারের ঘরে তালা ঝোলানো দেখা যায়। প্রতিবেশীরা জানান, সিরাজের লোকেরা ভয় দেখিয়ে তাদের বাড়িছাড়া করেছে।এলাকাবাসী ও মেয়েটির পরিবার অভিযোগ করেন, দশম শ্রেণীর ওই ছাত্রীকে প্রথমে উত্ত্যক্ত ও পরে বিয়ের প্রস্তাব দেন কৃষক লীগের নেতা সিরাজ। এতে রাজি না হলে মেয়েটিকে অপহরণ ও এসিড নিক্ষেপের হুমকি দেন তিনি। এতে মেয়েটির বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। এ নিয়ে ‘কৃষক লীগ নেতার বখাটেপনা!’ শিরোনামে ২৭ মে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়। ওই দিনই শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহীদুর রহমান চর সামন্তসার গ্রামে গিয়ে ঘটনার সত্যতা পান। তাঁর নির্দেশে সিরাজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে গোসাইরহাট থানার পুলিশ। এর পর সিরাজের আত্মীয়স্বজন ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা মামলা প্রত্যাহার করতে মেয়ের মাকে চাপ দেন। মেয়েটির দিনমজুর মা গতকাল প্রথম আলোকে বলেন, ‘সিরাজের ভাতিজা বিল্লাল, নাতি নাজমুল ও নোমানসহ আওয়ামী লীগের নেতারা আমাকে মামলা তুলে নিতে বলছেন। তাঁদের ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি। তাঁরা এলাকায় ঘোষণা দিয়েছেন, আমাকে যে কাজ দেবেন তাঁকেও এলাকাছাড়া করা হবে। এ জন্য আমাকে সহজে কেউ কাজ দিচ্ছেন না। আমাকে এলাকাছাড়া করে সমাজচ্যুত করার কথাও তাঁরা বলেছেন।’কৃষক লীগের নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে গত ২৮ মে সামন্তসার ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা দলীয় কার্যালয়ে সভা করেন। সভায় উপস্থিত এক নেতা জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরদিন সামন্তসার বাজারে অর্ধবেলা হরতাল পালন করা হয়।সিরাজের ভাতিজা সামন্তসার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার চাচা সিরাজ রাঢ়ীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে। আমরা শুধু এর প্রতিবাদ করেছি। মেয়েটির মাকে এলাকাছাড়া করা বা মামলা প্রত্যাহারের কোনো হুমকি দেওয়া হয়নি।’সামন্তসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, ‘কৃষক লীগের নেতার বিরুদ্ধে মামলা হওয়ায় দলীয় কার্যালয়ে বসে প্রতিবাদ করেছি। বাজারের ব্যবসায়ীদের দিয়ে হরতালের কর্মসূচি পালন করানো ঠিক হয়নি।’ তাঁরা দাবি করেন, মেয়েটির পরিবারকে তাঁরা ভয় দেখাননি।পুলিশ সুপার বলেন, ‘মেয়েটির মাকে হুমকি ও এলাকাছাড়া করার অভিযোগ পেয়েছি। পুলিশ যতটুকু পারছে তাদের সহায়তা করছে।’ তিনি জানান, সিরাজ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।