উত্থান-পতন শেষে সাধারণ সূচক ঊর্ধ্বমুখী, তবে লেনদেনে মন্থরতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবারের ঢাকা শেয়ারবাজারের (ডিএসই) সাধারণ সূচক দিন শেষে ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪০ পয়েন্টে। লেনদেন শুরুর প্রথমদিকে এই সূচক দুইবার নিচে নেমে যাওয়ার পর বেলা একটার দিকে তা আবার ঊর্ধ্বমুখী হয়। তবে আজ সাধারণ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও সব মিলিয়ে লেনদেন ছিল বেশ মন্থর। দিন শেষে মাত্র ৮২৫ কোটি টাকার লেনদেন হয়েছে।বাজারে আজ যেসব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে, সেগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৫টি প্রতিষ্ঠানের, কমেছে ১০৭টি প্রতিষ্ঠানের। অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থানে থাকা ১০টি প্রতিষ্ঠানের আজকের সর্বশেষ বিক্রিত মূল্য ছিল ওশান কনটেইনার লিমিটেড ৩৭৫ টাকা, সামিট পাওয়ার লিমিটেড এক হাজার ৪০০ টাকা, বেক্সিমকো লিমিটেড ৩৮৫ টাকা, বেক্সিমকো টেক্সটাইল লিমিটেড ১০১ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড দুই হাজার ৫৩২ টাকা, গ্রামীণফোন লিমিটেড ৩৬১ টাকা, নাভানা সিএনজি লিমিটেড ২৬৫ টাকা, এবি ব্যাংক লিমিটেড এক হাজার ১৬৫ টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ১৭০ দশমিক ৭ টাকা ও সাউথইস্ট ব্যাংক লিমিটেড ৪৬৩ টাকা।এদিকে গতকাল জাতীয় সংসদে বিমা বিল পাস হওয়ায় আজ সকাল থেকেই শেয়ারবাজারে বিমা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে। ডিএসই সভাপতি রকিবুর রহমানের মতে, এখন থেকে বিমা প্রতিষ্ঠানগুলোর যেকোনো কাজের জন্য জবাবদিহির একটি জায়গা তৈরি হয়েছে। যে কারণে সকাল থেকেই এ খাতের বাজার ছিল বেশ চাঙা।‘এন’ ক্যাটাগরিতে আজ লেনদেন শুরু হওয়া ওশান কনটেইনার লিমিটেডের শেয়ারের দাম আজ ছিল ৩৭৫ টাকা। এই প্রতিষ্ঠানটি আজ লেনদেনে শীর্ষ অবস্থানে ছিল। এই নতুন প্রতিষ্ঠানটিকে স্বাগত জানিয়ে ডিএসইর সভাপতি বলেন, নতুন নতুন প্রতিষ্ঠান শেয়ারবাজারে যুক্ত হওয়ায় শেয়ারবাজারে গভীরতা বাড়বে। ইদানিং যেহেতু টাকার প্রবাহ বাড়ছে, সেহেতু শেয়ারবাজারে আরও নতুন প্রতিষ্ঠানের আসা উচিত।