মামলা বিচারাধীন থাকা অবস্থায় সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা আদালত অবমাননার শামিল—এই অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনটি উপস্থাপন করা হয়নি বলে খারিজ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। গতকাল খালেদা জিয়ার আবেদনটির শুনানির জন্য কার্যতালিকার এক নম্বরে ছিল। সকাল নয়টা ২৫ মিনিটে প্রধান বিচারপতি ও অপর দুই বিচারপতি এজলাসে বসেন। তখন আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) মো. আফতাব হোসেন বলেন, ‘মামলার বিষয়ে মক্কেলের (খালেদা জিয়া) পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। তাই বিষয়টি উপস্থাপন (নট প্রেস) করা হয়নি বলে বিবেচনার আরজি জানাচ্ছি।’ আদালত তা মঞ্জুর করেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও মুরাদ রেজা উপস্থিত ছিলেন। তবে খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, মওদুদ আহমদ উপস্থিত ছিলেন না। দুপুরে মওদুদ আহমদ প্রেস ব্রিফিং করে বলেছেন, খালেদা জিয়ার আবেদনগুলো আপিল বিভাগের এই তিন বিচারপতির শুনানি করা উচিত হয়নি।প্রসঙ্গত, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) গত ২৯ নভেম্বর খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে করা লিভ টু আপিল আবেদনের পাশাপাশি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা অথবা বাড়ির স্থাপনা অপরিবর্তিত রাখতে স্থিতাবস্থা চেয়ে করা আবেদনটিও ওই দিন উপস্থাপন করা হয়নি বলে খারিজ হয়। গতকাল ওই আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে।অ্যাটর্নি জেনারেলের বক্তব্য: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার আইনজীবী মামলাটি না চালানোর জন্য বলেছেন। আদালতে বিষয়টি উপস্থাপন করা হয়নি বলে আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন।পরে এক প্রেস ব্রিফিংয়ে মাহবুবে আলম বলেন, আবেদনের (আদালত অবমাননা) সারবত্তা (মেরিট) নেই। এই কারণেই হয়তো তাঁরা শুনানি করতে চাননি। বিষয়টি নিয়ে তাঁরা রাজনীতি করছেন। সেনানিবাসের বাড়ির স্থাপনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাড়ির বিষয়ে সরকার ইচ্ছা অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এ বিষয়ে আইনি কোনো বাধা নেই।খালেদার আবেদন খারিজের আদেশ প্রত্যাহার করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, বর্তমান ঘটনা ও অবস্থার পরিপ্রেক্ষিতে এটা সম্ভব হবে বলে মনে হয় না। আবার আবেদন করলে খারিজ হওয়ার আদেশ আদালত পুনর্বিবেচনা করতে পারে কি না, জানতে চাইলে তিনি বলেন, বর্তমান ঘটনা ও অবস্থার পরিপ্রেক্ষিতে সুযোগ আছে বলে মনে হয় না। তবে আদালতের ক্ষমতা অবারিত। তাঁরা যদি পুনর্বিবেচনার আবেদন করেন, সে ক্ষেত্রে ৯০ মিনিট আদালতে থেকে শুনানি না করার ব্যাখ্যা দিতে হবে।রফিক-উল হকের বক্তব্য: খালেদা জিয়ার আইনজীবী রফিক-উল হক বলেছেন, আদালত অবমাননার একটি আবেদন শুনানির জন্য ছিল। আইনজীবী (অ্যাডভোকেট অন রেকর্ড) জানিয়েছেন, তাঁর কাছে এ ব্যাপারে কোনো নির্দেশনা নেই। তাই আবেদনটি খারিজ করা হয়েছে। সেনানিবাসের ওই বাড়ির স্থাপনা পরিবর্তনে এখন কোনো বাধা আছে কি না—এমন প্রশ্নের জবাবে রফিক-উল হক বলেন, পরিবর্তনে বাধা নেই। খালেদা জিয়ার এই মামলা নিয়ে আর কোনো কিছু করার সুযোগ আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন তো অনেক মামলা প্রত্যাহার হচ্ছে। সরকার পরিবর্তন হলে অনেক কিছুই হতে পারে। তবে তা বিচার বিভাগ, আপনার, আমার কারোর জন্যই ভালো নয়। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত।’ তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে করা অপর এক প্রশ্নের জবাবে রফিক-উল হক বলেন, ‘অ্যাটর্নি জেনারেল বলেছেন, বর্তমান প্রধান বিচারপতিকে বিব্রত করার জন্য এসব করা হয়েছে, যেন তিনি প্রধান উপদেষ্টা হতে না পারেন। উনি (প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক) কেন প্রধান উপদেষ্টা হবেন? তার পরে তো বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান রয়েছেন। তিনি অবসরে যাবেন ডিসেম্বরে। বিচারপতি নাঈম প্রধান বিচারপতি হলে তো তিনিই প্রধান উপদেষ্টা হবেন।’মওদুদ আহমদের ব্রিফিং: গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে প্রেস ব্রিফিংয়ে মওদুদ আহমদ বলেন, সুপ্রিম কোর্টের ঐতিহ্য, নৈতিকতার দৃষ্টিভঙ্গি থেকে বর্তমান আপিল বিভাগের বিচারপতিদের নিজে থেকেই খালেদা জিয়ার আপিলের শুনানি না করা উচিত ছিল।কারণ হিসেবে মওদুদ আহমদ বলেন, পঞ্চম সংশোধনীর ওপর ২০০৫ সালে হাইকোর্ট বিভাগ রায় দেন। ওই রায়ে বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক ঘোষণা দেন, জিয়াউর রহমান বেআইনিভাবে ক্ষমতায় আরোহণ করেছিলেন এবং রাষ্ট্রপতি হিসেবে তাঁর নিয়োগ বেআইনি। ওই রায় আপিল বিভাগ কিছু সংশোধনীসহ বহাল রাখেন। সেই রায়ে বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা স্বাক্ষরকারী ছিলেন। এ অবস্থায় খালেদা জিয়া মনে করেন, বর্তমান প্রধান বিচারপতি ও বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এবং বিচারপতি এস কে সিনহা মূল আপিলটি শুনলে তিনি সুবিচার পাবেন না। এই পরিপ্রেক্ষিতেই তিনি মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেছিলেন।এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, ‘আপিল বিভাগের বর্তমান বিচারপতিরা আগামী দিনে নাও থাকতে পারেন। আমরা বিচারপতিদের কাছে আপিল করিনি, করেছি আদালতের কাছে।’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা এ সময় উপস্থিত ছিলেন।