উদযাপিত হচ্ছে মুজিবনগর দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ শনিবার উদযাপিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে আজ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা। পরে তাঁরা রাজধানীর বনানী কবরস্থানে জাতীয় নেতাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মুজিবনগর দিবস উপলক্ষে সকালে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরীসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। প্রসঙ্গত, ১৯৭১ সালের এ দিনে কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলায় শপথ নিয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। হাজার হাজার মানুষের সামনে পাঠ করা হয়েছিল স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণাপত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওই সরকারের রাষ্ট্রপতি করা হয়। তিনি তখন পাকিস্তানে বন্দী থাকায় সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। সৈয়দ নজরুল ইসলামের পরিচালনায় শপথ নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তাজউদ্দীন আহমদ; অর্থমন্ত্রী হিসেবে এম মনসুর আলী; স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী হিসেবে এ এইচ এম কামরুজ্জামান এবং আইন ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খোন্দকার মোশতাক আহমদ। এ ছাড়া জেনারেল আতাউল গনি ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়।ইউসুফ আলী পাঠ করেন স্বাধীনতার ঘোষণাপত্র। ওই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বৈদ্যনাথতলার নতুন নাম দেন মুজিবনগর।