উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আজ মঙ্গলবার সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করেছেন।রাজধানী, জেলা, উপজেলা ও গ্রামপর্যায়ে বিভিন্ন মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে আজ সকাল থেকেই বিদ্যার দেবী সরস্বতীর পূজা করছেন হিন্দু ধর্মাবলম্বীরা।রাজধানীতে সরস্বতী পূজার মূল আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন বিশাল প্রতিমা। পুকুরের পানিতে হাঁসের ওপর ভাসমান প্রতিমাসহ মোট ৫০টি মণ্ডবে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে পুষ্পাঞ্জলি দিয়েছেন ভক্তরা। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, বেগম শামসুন্নাহার হল ও কুয়েত মৈত্রী হল এবং বেগম ফজিলাতুন্নেসা হল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজেও সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট অজয় কুমার দাস বলেন, ধর্মের সীমাবদ্ধতার গণ্ডি পেরিয়ে সরস্বতী পূজা সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। এখানে জাতি-ধর্ম নির্বিশেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মেধা-মননকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের থিমের মাধ্যমে মন্দির তৈরি করেছেন। যা সত্যিই সৃষ্টিশীল। পূজা সকালে শেষ হলেও দিনভর দর্শনার্থীদের ভিড় থাকবে মন্দিরগুলোতে। আজ সন্ধ্যায় হবে আরতি। এ ছাড়া পূজা উপলক্ষে আগামীকাল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অজয় কুমার দাস আরও জানান, চারুকলার শিক্ষার্থীরা পুকুরে জলের ওপর ভেসে থাকা হাঁসের পিঠে বিরাট সরস্বতীর মূর্তি তৈরি করেছে। এ ছাড়া পদার্থবিজ্ঞান রকেট, মাইক্রো বায়োলজি অণুুবীক্ষণ যন্ত্র, প্রাণিবিদ্যা ব্যাঙের ছাতা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সংবাদপত্রের থিমের মন্দির তৈরি করেছে। অন্য বিভাগগুলোও তাদের বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট থিম নিয়ে মন্দির তৈরি করেছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ, নর্থসাউথ ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তেজগাঁও কলেজ, স্টামফোর্ড ইউনিভার্সিটি, পোগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, সচিবালয়, ব্যাংকার্স পূজা পরিষদ, শাঁখারীবাজার ও তাঁতীবাজার এলাকায়ও সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।