উদায়ী ধলাচোখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের এক দুপুরে ছিমছাম সড়ক ধরে বলেশ্বর নদ দেখে পিরোজপুর জেলা বন বিভাগের কার্যালয়ে গবেষণার কাজে পা বাড়াই। কাজ শেষে দেখি, বিকেল চারটা বেজে গেছে। বন বিভাগের কার্যালয়ের পাশেই জেলা পরিষদ কার্যালয়। বেশ গাছপালা; বড় একটি পুকুরও আছে। নান্দনিক সৌন্দর্য ও পাখি দেখার জন্য সেখানে যাই। কিছুক্ষণ পরই মৃদু একটা মিষ্টি সুর কানে এল। আমগাছের শাখায় বসে গান গাইছে সুন্দর একটি পাখি। এটি উদায়ী ধলাচোখ (Zosterops palpebrosus)। পুরুষ-পাখিটি কোনো মেয়ে-পাখিকে গান গেয়ে কাছে আসার আহ্বান জানাচ্ছে। খানিক বাদেই অন্য একটি ধলাচোখ সাড়া দিল তার ডাকে। দুজনে কথা বলাবলি করে উড়ে গিয়ে বসল একটু আবডালের শাখায়।ফুলঝুরির পরেই এটি বাংলাদেশের ছোট পাখি। ফুলঝুরির থেকে মাত্র ২ দশমিক ২ সেন্টিমিটার বড় ধলাচোখ। বেশির ভাগ সময় জোড়ায় চলে। দল ভারী করে চলতে কয়েকবারই দেখেছি। শাখাচারী পাখি। মাটিতে নামতে কখনো দেখিনি। গাছের চিকন শাখায় শাখায় দোল খায় আর পোকামাকড় ধরে। পাকা ফল, ফুলের মধুও খায়। আম, জাম, লিচু, মান্দার, রেইনট্রি, কদমগাছে বেশি বিচরণ করে।সুন্দরবনসহ সব জেলাতেই কমবেশি দেখা যায়। পাখিটি একাধিক নামে পরিচিত, যেমন—বাবুনাই, শ্বেতার্ফী, সাদাচোখ, চশমা পাখি। এদের গায়ের পালক সবুজাভ হলদেটে। বুক ও পেটের তলার পালক সাদাটে। পা ও ঠোঁট কালো, সুচালো। চোখের চারদিকে সাদা রঙের গোলাকার বলয় আছে। তাই নাম হয়েছে ধলাচোখ। ইংরেজি নাম Oriental White-eye। মার্চ-এপ্রিলে ৬ থেকে ১০ ফুট উচ্চতায় বাসা বাঁধে। বাসা ঝুলন্ত, বাইরে মাকড়সার জাল পেঁচানো থাকে। দুই থেকে তিনটি ডিম পাড়ে। এ পাখি ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এ ছাড়া ফুলের পরাগায়নেও অনন্য ভূমিকা পালন করে। খুব সকালে ওদের গান ভারি সুরেলা হয়। বাংলাদেশে এ পাখির সংখ্যা তেমন বেশি নেই, কারণ ওদের জন্মহার কম। ছানারা বেশ বোকা হয়, তাই সহজেই শিকারে পরিণত হয়। লাউডগা সাপ সুযোগ পেলেই বাসা থেকে ছানাদের সাবাড় করে দেয়।