উদীচী বোমা হত্যা মামলা পুনরুজ্জীবিত
চাঞ্চল্যকর উদীচী বোমা হত্যা মামলা টানা এক যুগ পর পুনরুজ্জীবিত হয়েছে। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপিল আবেদন গ্রহণ করেছেন আদালত। এ মামলার রায় ঘোষণা করা হয়েছিল প্রায় পাঁচ বছর আগে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদীচীর বোমা হামলা মামলার নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে গত বছরের ৩ মার্চ হাইকোর্টে আপিল করে। এ মামলা সার্বিক তদারকির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলে জানিয়েছে সূত্র।এ প্রসঙ্গে ইকবাল খান চৌধুরী আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, উদীচীর মামলার প্রকৃত আসামিদের বিচার হয়নি। তাই প্রকৃত আসামিদের চিহ্নিত করতেই মামলাটি আবারও তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এ মামলায় অনেক ভুল-ভ্রান্তি হয়েছে, মামলায় যাদের আসামি করা হয়েছিল তাদের অনেকেই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। আশা করি, এবার প্রকৃত আসামিরা ধরা পড়বে।১৯৯৯ সালের ৩ মার্চ রাত একটায় যশোর টাউন হল ময়দানে উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হন ও শতাধিক ব্যক্তি আহত হয়। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়।তদন্ত শেষে এ মামলায় ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রভুক্ত ২৪ আসামির মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একজনকে অব্যাহতি দেন, অন্য ২৩ জনকে ২৮ জুলাই ২০০৬ সালে যশোর দায়রা জজ আদালত খালাস করে দেন। প্রসঙ্গত, খালাসপ্রাপ্ত ২৩ জন আসামির মধ্যে তিনজন এরই মধ্যে মারা গেছেন।এ রায়ের বিরুদ্ধে ২০০৬ সালের ৯ জুলাই উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের তত্কালীন সভাপতি ও সাধারণ সম্পাদক তত্কালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে মামলাটি পুনরায় তদন্তের আবেদন জানিয়ে স্মারকলিপি দেন।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টে বিচারপতি সিদ্দিকুর রহমান ও নাঈমা হায়দারের এক আদেশে এ আপিল গৃহীত হয়। আপিলের রায়ে নিম্ন আদালতের নথি তলব ও খালাসপ্রাপ্ত ২০ জন আসামিকে যশোর মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করার আদেশ দেওয়া হয়।সূত্র জানায়, রমনা বোমা হামলার আসামি মুফতি আবদুল হান্নান ২০০৬ সালের ১৯ নভেম্বর ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। তিনি উদীচী বোমা হামলার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আরও ১৫ জনের নাম প্রকাশ করেন। কিন্তু উদীচী বোমা হামলায় যে ২৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, তাদের নাম মুফতি হান্নানের দেওয়া নামের সঙ্গে মেলেনি। সে কারণে সরকার উদীচী বোমা হামলার ঘটনাটি আবারও তদন্তের মাধ্যমে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয়।