উদীচী মামলায় আপিল গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী হত্যা মামলা পুনরুজ্জীবিত হয়েছে। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত আপিল আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। এ মামলার রায় হয়েছিল প্রায় পাঁচ বছর আগে।জানা গেছে, উদীচীর বোমা হামলা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে গত বছরের ৩ মার্চ হাইকোর্টে আপিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ মামলার সার্বিক তদারকির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছিল।এ প্রসঙ্গে ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, উদীচীর মামলায় প্রকৃত আসামিদের বিচার হয়নি। এ কারণে প্রকৃত আসামিদের চিহ্নিত করতেই এ মামলা পুনঃ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এ মামলায় অনেক ভুলভ্রান্তি হয়েছে। মামলায় যাদের আসামি করা হয়েছিল, তাদের অনেকেই ঘটনার সঙ্গে জড়িত ছিল না।১৯৯৯ সালের ৬ মার্চ রাত একটায় যশোর টাউন হল ময়দানে উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় দুটি মামলা করা হয়। তদন্ত শেষে এ মামলায় ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রভুক্ত ২৪ আসামির মধ্যে একজন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাধ্যমে অব্যাহতি পান। ২০০৬ সালের ২৮ জুলাই অন্য ২৩ জনকে যশোর দায়রা জজ আদালত খালাস দেন। এই রায়ের বিরুদ্ধে ২০০৬ সালের ৯ জুলাই উদীচীর কেন্দ্রীয় সংসদের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে এ মামলা পুনঃ তদন্তের আবেদন জানান।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিচারপতি সিদ্দিকুর রহমান ও বিচারপতি নাঈমা হায়দারের আদেশে আপিল গৃহীত হয়। এর আগে হাইকোর্ট নিম্ন আদালতের নথি তলব ও খালাস পাওয়া ২০ আসামিকে যশোর মুখ্য বিচারিক হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করার আদেশ দেন। প্রসঙ্গত, ২৩ আসামির মধ্যে তিনজন ইতিমধ্যে মারা গেছেন।সূত্র জানায়, রমনা বোমা হামলার আসামি মুফতি হান্নান ২০০৬ সালের ১৯ নভেম্বর ১৬৪ ধারায় জবানবন্দি দেন। তিনি উদীচী বোমা হামলার সঙ্গে নিজেকে জড়িত করে আরও ১৫ জনের নাম প্রকাশ করেন।