উদীচীর অনুষ্ঠানে ‘বিপ্লবী ইসলামী সংগঠনের’ হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে গত মঙ্গলবার ‘বিপ্লবী ইসলামী সংগঠনের’ নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এতে উদীচীর বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাতটি রাবার বুলেট ছোড়ে।সমাবেশে হামলার প্রতিবাদে গতকাল বুধবার উদীচী হবিগঞ্জ জেলা শাখা ও সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক পরিষদের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। একই দিন বিকেলে বানিয়াচং উপজেলার বিপ্লবী ইসলামী সংগঠনের নেতা-কর্মীরা এ ঘটনার জন্য উদীচীকে দায়ী করে স্থানীয় এলআর উচ্চবিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সভা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলা উদীচীর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে স্থানীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়। সন্ধ্যার দিকে হঠাৎ বিপ্লবী ইসলামী সংগঠনের ৩০ থেকে ৪০ জনের একটি দল এসে সমাবেশ বন্ধ করতে বলে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষে বানিয়াচং উপজেলা উদীচীর সাধারণ সম্পাদক আবদুল হক ও সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। আবদুল হককে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। এদিকে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যায় উদীচীর অনুষ্ঠানে স্থানীয় দারুল কোরআন মাদ্রাসার কিছু ছাত্র ও স্থানীয় কিছু লোক মিলে হামলা চালান। উদীচীর কর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। এ সময় মাদ্রাসার উচ্ছৃঙ্খল ছাত্ররা অনুষ্ঠানস্থলের অনেক চেয়ার ভাঙচুর করেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে নূরুল হক (৩০) নামের উদীচীর এক কর্মী আহত হন। তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দবিরুল খায়ের (৫৫) নামের আহত এক পথচারীকে বানিয়াচং প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ রাবার বুলেট ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থলে উপস্থিত উদীচী হবিগঞ্জ জেলা শাখার সহসভাপতি অপু চৌধুরী জানান, উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়। সন্ধ্যার দিকে বিপ্লবী ইসলামী সংগঠনের নামে ৩৫ থেকে ৪০ জন লোক প্রথমে সমাবেশে বাধা দেন। একপর্যায়ে তাঁরা উদীচীর সদস্যদের মারধর করে সমাবেশ পণ্ড করে দেন।বিপ্লবী ইসলামী সংগঠনের পক্ষে উপজেলা খেলাফত মজলিশের সভাপতি আবদুল বাসিত জানান, ঘটনার দিন সন্ধ্যায় সমাবেশ না করার জন্য তাঁরা উদীচীর সদস্যদের অনুরোধ করেন। তিনি অভিযোগ করেন, উদীচী এ নিষেধ অমান্য করে মাগরিবের নামাজের সময় মাইক ব্যবহার করে। এর প্রতিবাদ করলে উদীচীর লোকজন তাঁদের ওপর হামলা চালান।ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, শহীদ মিনারে উদীচীর এ সমাবেশ পূর্বনির্ধারিত ছিল। এ জন্য পুলিশও দেওয়া হয়। সন্ধ্যার দিকে কিছু লোক সমাবেশে বাধা দিলে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতটি রাবার বুলেট ছোড়া হয়েছে।