উদীচীর উৎসব
বিচিত্র, বর্ণিল সাজ সবার। হাতে বিভিন্ন বাদ্যযন্ত্র। মুখে নানা আকৃতির মুখোশ। কারও রাজা-রানির সাজ, ছিল বর-কনে, রাধা-কৃষ্ণ। হর্ষধ্বনি দিয়ে এগিয়ে চলল শোভাযাত্রা। তাকদুমাদুম ঢোলের বোলে মুখরিত হলো পরিবেশ। তার সঙ্গে গলা ছেড়ে গান ধরল কেউ কেউ, ‘উদীচী এমন এক আয়না...’। ‘মুক্তিযুদ্ধের চেতনা, সাম্প্রদায়িক রাষ্ট্র না’ স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর তিন দিনব্যাপী সাংস্কৃতিক সম্মেলন। শোভাযাত্রাটি সে উপলক্ষেই।রাজবাড়ীর পাংশায় সাম্প্রদায়িক ও মৌলবাদীদের দ্বারা লাঞ্ছিত ও নির্যাতিত বাউল মোহাম্মদ আলী ফকির, মিনু ফকির, মালেকা ফকির, লালচাঁদ ফকির, হিচাই ফকির ও আকবর ফকির রং-বেরঙের বেলুন মুক্ত আকাশে উড়িয়ে উদ্বোধন করেন সম্মেলনের।উদ্বোধনী দিনের আলোচনা পর্বে বক্তব্য দেন সৈয়দ হাসান ইমাম, লোকশিল্পী সাইদুর রহমান বয়াতি, উদীচীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম, প্রবীর সরদার, নজরুল ইসলাম। উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন জামসেদ আনোয়ার।আজ শনিবার সম্মেলনের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘আমাদের সংস্কৃতি ও সাংস্কৃতিক আন্দোলন: বর্তমান অবস্থা’ শীর্ষক সেমিনার। এ ছাড়া বিকেল চারটা থেকে শুরু হবে জেলা শাখার শিল্পী-কর্মীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় ও শেষ দিন সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শিল্পী বিপুল ভট্টাচার্যকে ‘উদীচী পদক’ প্রদান করা হবে।