উদীচীর চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক উৎসব সম্পন্ন
‘রক্তস্নাত মাতৃভূমির কলঙ্ক মুছে দেব খুনিদের ঝুলিয়ে ফাঁসির মঞ্চে’ স্লোগান নিয়ে চাঁদপুর শিল্পকলা একাডেমী মঞ্চে শেষ হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর দুই দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক উৎসব। শনিবার ছিল উৎসবের শেষ দিন। চাঁদপুর জেলা উদীচীর ব্যবস্থাপনায় সকালে ছিল চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা ও চাঁদপুরের বিভিন্ন শাখা থেকে আসা অতিথিদের নিয়ে নৌভ্রমণ। বিকালে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা।২০ জানুয়ারি সকাল ১০টায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুই দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক উৎসব শুরু হয়। এরপর ছিল চাঁদপুর শিল্পকলা একাডেমীতে বিভিন্ন জেলা শাখা ও স্থানীয় উদীচী শাখাগুলোর গান, নাটক, গীতি-আলেখ্যসহ বিভিন্ন পরিবেশনা।সমাপনী অনুষ্ঠানে উৎসব উদ্যাপন পরিষদের চেয়ারম্যান বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে ও আহ্বায়ক চন্দ্রনাথ ঘোষের উপস্থাপনায় বক্তব্য দেন উদীচীর বান্দরবান জেলা সভাপতি দিলীপ চক্রবর্তী, শেখ নূরুজ্জামান, কেন্দ্রীয় সংসদের সদস্য সংগীতা ইমাম, সুরাইয়া পারভীন, ক্যাসামং মারমা, সুনীল ধর, মতলব দক্ষিণ উপজেলার সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী দাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বোরহান মাহমুদ, ফেনী জেলা সংসদের প্রতিনিধি শিখা সেনগুপ্তা, শেখ ফরিদ আহমেদ, শ্যামাপদ ঘোষ, দিলীপ ঘোষ, চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি নিরোদ বরণ অধিকারী, উদীচী চাঁদপুর জেলা সম্পাদক জাকির হোসেন মিয়াজী।উৎসবে বক্তা ও অংশগ্রহণকারীদের দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করতে হবে। কোনো মহলের ষড়যন্ত্রে যেন এই বিচারকাজ নস্যাৎ না হয়, সে জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। রাতে চাঁদপুর জেলা শাখা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ‘জাগো নূর হোসেন’ নাটকটি মঞ্চস্থ করে।