‘এ যুগের চারণ মোরা, মানুষের গান শুনিয়ে যাই/ যেখানে মতের বিভেদ, মিলনেরও মন্ত্র শোনাই/ মানুষের গান শুনিয়ে যাই’— উদীচীর দলীয় সংগীতে এভাবেই উঠে এসেছে মিলনের কথা। মানুষের মাঝে মতের বিভেদ দূর করে মিলন ঘটানোর প্রত্যয় ঘটেছে উদীচীর সব কর্মকাণ্ডে।ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের প্রাক-পর্বে মুক্তির ব্রত নিয়ে হতাশা আর নৈরাজ্যের বিরুদ্ধে জেগে ওঠা মানুষকে সাহস জোগাতে সাংস্কৃতিক পরিমণ্ডলে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল উদীচী। সত্যেন সেনের নেতৃত্বে গড়া ওঠা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ৪৩ বছর অতিক্রম করল গতকাল শনিবার। প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবাদী কণ্ঠস্বর আর উদীচীর নবীন-প্রবীণ সদস্যদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ।উদীচীর নবীন-প্রবীণ সদস্যরা ৪৩টি প্রদীপ প্রজ্জ্বালন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এরপর আলোচনা আর স্মৃতিচারণা। এতে সভাপতিত্ব করেন উদীচীর কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোহাম্মদ। অনুষ্ঠানে স্মৃতিচারণায় অংশ নেন আশরাফুজ্জামান সেলিম, হাবীবুল আলম, বদরুল আহসান খান, কাজী মদিনা, মাহমুদ সেলিম, রেজাউল করিম সিদ্দিকী, কাজী মোহাম্মদ শীশ, ইকরাম আহমেদ, ফেরদৌস মহল, আজীম সুলতানা প্রমুখ।এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দুই প্রজন্মের শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রবীর সরদার।বরিশাল অফিস জানায়, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা সংসদ জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ শিক্ষক মুক্তিযোদ্ধা শেখ মো. আবদুর রশীদ এবং সাধারণ সম্পাদক প্রবীণ শিক্ষাবিদ সাবের আহম্মেদকে সংবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।গাইবান্ধা প্রতিনিধি জানান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা সংসদ গতকাল শনিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে পৌর পার্কের স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা সভাপতি জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।জীবনানন্দ দাশ স্মরণরূপসী বাংলার কবি হিসেবেই জীবনানন্দ দাশকে স্মরণ করা হলো। তাঁর মতো করে আর কোনো কবি বাংলার রূপ এভাবে কবিতায় বর্ণনা করেননি। নীরবেই ২২ অক্টোবর চলে গেল তাঁর মৃত্যুবার্ষিকী। জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার স্রোত আবৃত্তি সংসদ তাঁকে স্মরণ করল তাঁরই কবিতার পঙিক্তমালায়।সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় জীবনানন্দ স্মরণ অনুষ্ঠানের। এতে তাঁর কবিতা নিয়ে ‘সূর্যে বেঁচে আছি’ নামের একটি আবৃত্তি প্রযোজনার মঞ্চায়ন করা হয়। প্রযোজনাটি পরিকল্পনা ও সম্পাদনা করেছেন মাহফুজ রিজভী। অনুষ্ঠানে কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ‘দুই পারের কানাকানি’গত মে মাসে সাড়ম্বরে পালন করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী। এরপর থেকেই নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে তাঁকে। তেমনই একটি আয়োজন ছিল শনিবার সন্ধ্যায়। রাজধানীর ছায়ানট মিলনায়তনে কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ‘সুরের কাঙাল’ ও কলকাতার ‘মিউজিক ২০০০’ যৌথভাবে আয়োজন করে সংগীতানুষ্ঠান ‘দুই পারের কানাকানি’। এতে এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীরা কবিগুরুর অমর সব সৃষ্টি থেকে সংগীত পরিবেশন করেন। বাংলাদেশের পাপিয়া সারওয়ার, লিলি ইসলাম, সালমা আকবর, মহিউজ্জামান চৌধুরী ময়না, প্রমথ দত্ত, চঞ্চল খান, প্রমুখ সংগীত পরিবেশন করেন। কলকাতার শিল্পীদের মধ্যে ছিলেন অঞ্জলি গাঙ্গুলি, কল্যাণী সিনহা, এশা মিত্র, জয়শ্রী ভট্টাচার্য, সোমা ঘোষ, স্বরূপ পাল, স্বাতী পাল প্রমুখ।