উদীচীর ‘রাজনৈতিক হত্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক সংগঠন উদীচী কেন্দ্রীয় নাটক বিভাগের আয়োজনে গতকাল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় নাটক রাজনৈতিক হত্যা। পশ্চিমবঙ্গের নাট্যকর্মী অর্পিতা ঘোষ প্রখ্যাত ফরাসি নাট্যকার জ্যাঁ পল সার্ত্রের নাটক লা মা সাল-এর অনুবাদ করেছেন রাজনৈতিক হত্যা নামে। এটি নির্দেশনা দিয়েছেন রতন দেব। মধ্য ইউরোপের একটি দেশ নাটকটির পটভূমি। দেশের নাম ইলিথিয়া। নামটি কাল্পনিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কাহিনি। ইলিথিয়ার সরকার জার্মানির সঙ্গে চুক্তিতে আবদ্ধ। একসময় দেখা যায় সোভিয়েত সেনাবাহিনী দেশটি দখল করতে আসছে। এ রকম একটি অবস্থায় কমিউনিস্ট পার্টি দ্বিধাবিভক্ত হয়ে যায়। বিদেশি সেনাবাহিনীর চাপিয়ে দেওয়া সরকার, নাকি জনগণ স্বতঃপ্রণোদিত হয়ে সরকার গঠন করবে—এ নিয়ে তৈরি হয় দ্বন্দ্ব। পার্টির নেতা হোয়েডারার যখন দ্বিতীয় সমাধানটিই সঠিক বলে সবাইকে প্রায় সম্মত করে ফেলেছে, এ সময় পার্টির অপর অংশ তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ইউগো নামের এক তরুণকে কাজটি সম্পন্ন করার ভার দেওয়া হয়। সেও সাগ্রহে এ কাজটি করবে বলে হোয়েডারারের সেক্রেটারির কাজ নিয়ে সস্ত্রীক তার কাছে যায়। হোয়েডারারের সান্নিধ্যে ইউগোর মনে নানা দ্বিধাদ্বন্দ্ব উপস্থিত হয়। শুধু তা-ই নয়, একপর্যায়ে হোয়েডারারের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জন্ম নেয়। কিন্তু শেষ পর্যন্ত ইউগো তাকে হত্যা করে। পাল্টে যায় দৃশ্যপট। জেলে যেতে হয় তাকে। দুই বছর পর জেল থেকে বেরিয়ে ইউগো দেখে পার্টি এখন হোয়েডারারের নীতিই গ্রহণ করেছে এবং সে এখন পার্টির কাছে এক অবাঞ্ছিত গুপ্তঘাতক। এভাবেই কাহিনি এগিয়ে যেতে থাকে।বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া সেনগুপ্তা, আসলাম অরণ্য, মনোহর চন্দ্র দাস, জিয়াউর রহমান, আমিনুল ইসলাম, মৌমিতা জান্নাত, আলমগীর হোসেন প্রমুখ। টিএসসিতে ‘এ স্লাইট এইক’ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত বার্ষিক নাট্যোৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন। এ দিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় এ স্লাইট এইক। নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দা ইফাত আরা। এডওয়ার্ড, ফ্লোরা ও বাড়ির পেছনের দরজায় দাঁড়িয়ে থাকা ম্যাচ বিক্রেতাকে কেন্দ্র করে নাটকটির গল্প গড়ে উঠেছে। প্রথম দিকে এডওয়ার্ড ও ফ্লোরার জীবনের সারল্য এক ধরনের বিমূর্ততা তৈরি করে, যা ক্রমশও শিকড় ছড়ায়। ম্যাচ বিক্রেতার আগমনে এডওয়ার্ডের হীনম্মন্যতা, অস্থিত্বহীনতা, সন্দেহপ্রবণতা ও ফ্লোরার একই সঙ্গে স্ত্রী ও মাতৃত্বসুলভ আচরণ একটি বৃহত্তর শূন্যস্থানে সম্পর্কের ত্রিমাত্রিকতা তৈরি করে। নাট্যকার হ্যারল্ড পিন্টারের এ স্লাইট এইক নাটকটি অনুবাদ করেছেন নীলা সাহা। অনুবাদ সম্পাদনা করেছেন আবদুস সেলিম। প্রাণবন্ত শিশু চলচ্চিত্র উৎসবঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের ভেতর থেকে দলে দলে বেরিয়ে আসছে নানা বয়সের শিশু। বিকেলের মিষ্টি রোদের আলো ছড়িয়ে পড়েছে তখন। রাজ্য জয়ের আনন্দ যেন ওদের চোখে-মুখে। এই দৃশ্যই বলে দেয় মনে আনন্দের খোরাক জোগানো সিনেমা দেখেই তারা ঘরে ফিরছে। গতকাল সোমবার পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনে এমন চিত্রই চোখে পড়ে। শিশু চলচ্চিত্র উৎসবে এসে ঢাকার স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ঋদ্ধ অনিন্দ্যর উচ্ছ্বাস চোখে পড়ার মতো, ‘এখানে মনের অনন্দে সবাই একসঙ্গে সিনেমা দেখছি, আবার স্বেচ্ছাসেবক হিসেবেও কাজ করছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ কারার মতো নয়।’শিশু চলচ্চিত্র উৎসবে শিশুদের অটোগ্রাফ দেওয়া আর তাদের সঙ্গে ছবি তোলার আবদার মেটাতে শিল্পী মুস্তাফা মনোয়ার বললেন, ‘শিশু চলচ্চিত্র শিশুদের জাগ্রত করে, বাড়ায় সৃজনশীলতা। দেশ সম্পর্কে সার্বিক জ্ঞানও যাতে শিশুদের মধ্যে চির জাগ্রত থাকে, সে প্রচেষ্টাই থাকছে এই উৎসবে।’কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি গতকাল চলচ্চিত্রবিষয়ক তিনটি কর্মশালা হয়েছে। এগুলো হলো, ‘ফিল্ম ল্যাঙ্গুয়িস্টিক’, ‘ফিল্ম টেকনিকস’ ও ‘নন্দনতত্ত্ব’।গতকাল ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে প্রতিষ্ঠানটির সৌজন্যে ব্রিটিশ ফিল্ম প্যাকেজের উদ্বোধন করা হয়েছে। এ সময় ব্রিটিশ কাউন্সিলের অনুষ্ঠানপ্রধান ম্যাথিউ নোয়েলস, সমন্বয়কারী ইশিতা আজাদ, উৎসবের পরিচালক মোরশেদুল ইসলাম ও সমন্বয়কারী মুনিরা মোরশেদ উপস্থিত ছিলেন। উৎসব চলাকালীন অন্যান্য চলচ্চিত্রের পাশাপাশি যুক্তরাজ্যের সাতটি চলচ্চিত্র দেখানো হবে।উৎসবের বিভিন্ন কেন্দ্রে বেলা ১১টা, বেলা দুইটা ও বিকেল চারটায় ৪০টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হচ্ছে।