উদীয়মান অর্থনীতির দেশগুলো তহবিলের ভাগ চাইবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানকুন জলবায়ু সম্মেলনের নবম দিনে এসে আলোচনা নতুন মোড় নিয়েছে। সম্মেলনে তহবিল ব্যবস্থাপনা নিয়ে মতানৈক্যের জট খুলতে শুরু করেছে। জাতিসংঘের আওতায় একটি স্বতন্ত্র ‘জলবায়ু তহবিল’ গঠনের পক্ষে মত দিয়েছে বেশির ভাগ রাষ্ট্র। আর এই তহবিলে ভাগ না বসানোর ঘোষণা দিয়েছে উদীয়মান অর্থনীতির চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের সমন্বয়ে গঠিত বেসিক জোট।গত বছর কোপেনহেগেন সম্মেলনে জলবায়ু তহবিল থেকে অর্থ দাবি করেছিল এসব দেশ।গতকাল কানকুন সম্মেলন কেন্দ্র মুন প্যালেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসিক রাষ্ট্রগুলো তহবিল থেকে অর্থ না নেওয়ার ঘোষণা দেয়। বেসিকের পক্ষে ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ বলেন, তাঁরা কোপেনহেগেনে সম্মত তহবিলের দ্রুত ছাড় চান। এই তহবিল পেতে বেসিক জোট কোনো প্রতিযোগিতায় নামবে না বলে জানান তিনি। বাংলাদেশসহ স্বল্পোন্নত রাষ্ট্রগুলো (এলডিসি) ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোকে তহবিলে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে এই জোট। কিওটো প্রটোকলের মেয়াদ ২০১২ সালে শেষ হওয়ার পর শিল্পোন্নত রাষ্ট্রগুলো দ্বিতীয় দফায় কী পরিমাণ কার্বন নিঃসরণ করবে, সে ব্যাপারেও অঙ্গীকার দাবি করেন ভারতের পরিবেশমন্ত্রী।চীনের পক্ষ থেকে বলা হয়, বেসিক রাষ্ট্রগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত স্বল্পোন্নত রাষ্ট্রগুলোকে তহবিল পেতে সহায়তা করবে। তবে তারা নিজেরা কার্বন নিঃসরণ কী পরিমাণ কমাবে, সে ব্যাপারে আইনি বাধ্যবাধকতাসম্পন্ন চুক্তির বিপক্ষে। নিঃসরণ কমানোর পরিমাণ বেসিক দেশগুলোর ইচ্ছার ওপর ছেড়ে দেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানায় চীন।জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) হিসাব অনুযায়ী, চীন এখন বিশ্বের মোট কার্বন নিঃসরণের ২৪ শতাংশের জন্য দায়ী এবং যুক্তরাষ্ট্র ১৭ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে ভারত।গতকাল এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু প্রতিনিধি ও সিওপি-১৫-এর সভাপতি কোনি হেডগার্ড বলেছেন, কানকুন থেকে তাঁরা খালি হাতে ফিরতে চান না। তিনি বলেন, এই শতাব্দীর শেষে যাতে পৃথিবীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি না বাড়ে, সে জন্য শিল্পোন্নত ও বেসিক উভয় পক্ষের রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণ কমিয়ে আনার জন্য অঙ্গীকার করতে হবে। একটি আইনি বাধ্যবাধকতাসম্পন্ন চুক্তিতে আসতে হবে বলেও জানান তিনি।২০০৯ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে জাতিসংঘের পঞ্চদশ জলবায়ু সম্মেলনে একটি রাজনৈতিক মতৈক্য ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, পৃথিবীর তাপমাত্রা চলতি শতাব্দীর মধ্যে ২ ডিগ্রির বেশি বাড়তে দেওয়া যাবে না। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০১২ সাল পর্যন্ত প্রতিবছর ১০ বিলিয়ন ডলার এবং ২০১৩ সাল থেকে বছরে ১০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের প্রস্তাব করা হয়। বিশ্বের ১৪৫টি দেশ ওই ঘোষণায় স্বাক্ষর করে। ৮৫টি দেশ ২০১২ সালের মধ্যে তাদের নিঃসরণের পরিমাণ ১৯৯০ সালের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত শিল্পোন্নত রাষ্ট্রগুলো স্বপ্রণোদিতভাবে জলবায়ু তহবিলে ২৮ বিলিয়ন ডলার জমা দিয়েছে। তবে এখন পর্যন্ত ওই টাকা ছাড় করা হয়নি।জলবায়ু উদ্বাস্তুদের জন্য আইনি অধিকার দাবিজলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে বিশ্বের অনেক দরিদ্র মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। গতকাল কানকুনে অনুষ্ঠিত জলবায়ু অভিবাসনবিষয়ক এক সেমিনারে এসব মানুষকে জাতিসংঘের আওতায় আইনি অধিকার দেওয়ার দাবি তোলা হয়েছে। বাংলাদেশের ‘ইক্যুইটি বিডি’, ‘সাপ্তাহিক’, ‘ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড’ (সিএসআরএল) ও আন্তর্জাতিক সংস্থা ‘জুবিলি সাউথ’ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ দেশের আড়াই কোটি মানুষ পর্যায়ক্রমে বাস্তুচ্যুত হতে পারে। তিনি বলেন, এসব মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। গ্রিনপিস ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক কুমি নাউরু বলেন, জলবায়ু পরিবর্তন বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি। বাস্তুচ্যুত মানুষকে বিশ্বের যেকোনো দেশে অভিবাসনের অধিকার দেওয়ার পক্ষে মত দেন তিনি। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তসরকার প্যানেলের (আইপিসিসি) সদস্য আহসান উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষ দুর্যোগে সব হারিয়ে গ্রাম থেকে শহরে চলে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা খাতে বাংলাদেশ সরকারের খরচ সাত-আট বছর আগের পাঁচ কোটি ডলার থেকে বেড়ে ৪০ কোটি ডলারে উঠেছে। জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা বাড়তে থাকলে সরকারের পক্ষে তা মোকাবিলা করা সম্ভব হবে না।ফোকাস অন গ্লোবাল সাউথের প্রতিনিধি ডরোথি গেরেরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ বৈষম্য বাড়ছে। জলবায়ু উদ্বাস্তুদের আইনি অধিকার পেতে রাজপথে আন্দোলন শুরু করার পক্ষে মত দেন তিনি।