উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর নাম বিকৃত করে ‘বাঙ্গবন্ধু’ লেখা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি বিতরণ ঘটনায় পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গত ১৪ অক্টোবর পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান এবং ২৬ অক্টোবর কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে আসা এক আদেশে এ তথ্য জানা গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব (তৎকালীন) আবু আলম মো. শহিদ খান এ আদেশপত্রে স্বাক্ষর করেছেন। জানা গেছে, ২৬ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নীতিমালা-২০১০’ ই-মেইলের মাধ্যমে একটি পরিপত্র দেশের বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) মো. ফসিউল্লাহ স্বাক্ষরিত পরিপত্রের নীতিমালার কভার পৃষ্ঠায় ‘বাঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ লেখা ছিল। ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য জেলা শিক্ষা অফিস থেকে উপজেলা শিক্ষা অফিসে ওই চিঠির ফটোকপি প্রেরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা নীতিমালাটি বিভিন্ন বিদ্যালয়ে পাঠান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার কভার পৃষ্ঠায় এই ভুল দেখে শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।নাম প্রকাশ না করার শর্তে কাউখালী উপজেলার কয়েকজন শিক্ষক জানান, তাঁরা তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে (সংশ্লিষ্ট মন্ত্রণালয়) অবহিত করেছেন। এরই পরিপ্রেক্ষিতে ওই দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান বলেন, ‘ভুলটা আমার না, মন্ত্রণালয়ের।’সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বর্তমানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা) আমিনুল ইসলাম জেলা শিক্ষা কর্মকর্তা ও কাউখালী উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।