উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড, হলমার্ক কেলেঙ্কারি, রামুর সহিংস ঘটনা—প্রতিটি ক্ষেত্রে সরকার উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। এরশাদবিরোধী আন্দোলনে নিহত নাজিরউদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত নিজেকে নির্দোষ দাবি করলেও দেশের বেশির ভাগ মানুষ তা বিশ্বাস করে না। তারা সুরঞ্জিতের গ্রেপ্তারের ব্যাপারে একমত বলে তিনি দাবি করেন। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডে সাতজন সন্দেহভাজনকে শণাক্ত করা প্রসঙ্গে খন্দকার মোশাররফ হোসেন বলেন, হত্যাকাণ্ডের আসল পরিকল্পনাকারী কারা, তদন্তে তা বেরিয়ে আসেনি। খন্দকার মোশাররফ অভিযোগ করেন, দুর্নীতি, ব্যর্থতা ধামাচাপা দিতে সরকার দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে অস্থিরতা সংঘাতে রূপ নেবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপিকে বাদ দিয়ে আগাম নির্বাচনের গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু নির্বাচন যখনই হোক না কেন, সেটা নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। আঁতাতের নির্বাচনের যে ষড়যন্ত্র, জনগণ তা প্রত্যাখ্যান করবে।