উদ্দাম পানোৎসবের আয়োজন, রাষ্ট্রদূত বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ায় নিয়োজিত হন্ডুরাসের রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হয়েছে। কলম্বিয়ার রাজধানী বোগোটায় দূতাবাসে একটি উদ্দাম পানোৎসবের আয়োজন করায় তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয় হন্ডুরাস সরকার।বিবিসি জানায়, হন্ডুরাসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হন্ডুরাসের সঙ্গে কলম্বিয়ার সম্পর্ক স্বাভাবিক রাখতে রাষ্ট্রদূত কার্লোস রদ্রিগেজকে পদত্যাগ করতে বলা হয়েছে।গত ২০ ডিসেম্বরের ওই পানোৎসবে দুজন যৌনকর্মী উপস্থিত ছিলেন—এমন খবর প্রচারিত হওয়ার পর তদন্ত শুরু হয়। ওই দুই নারীর বিরুদ্ধে দূতাবাস থেকে ল্যাপটপ ও মুঠোফোন চুরির অভিযোগ আনা হয়েছে।হন্ডুরাসে একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে এবং কলম্বিয়া সরকার যৌনকর্মী দুজনকে চিহ্নিত করতে অভিযানে নেমেছে। ধারণা করা হচ্ছে, পানোৎসবের আয়োজন ও যৌনকর্মীদের ভাড়া করার পেছনে মূল ভূমিকা রেখেছেন রদ্রিগেজের এক কর্মচারী। সম্ভবত দূতাবাসের একটি গাড়িতে করে তাঁদের নিয়ে আসা হয়। তবে সে সময় রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন কি না, তা জানা যায়নি।গত বছর কলম্বিয়ায় নিয়োজিত মার্কিন গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ উঠেছিল। কর্মকর্তারা যৌনকর্মীদের নিয়ে তাঁদের হোটেলের কক্ষে অবস্থান করছিলেন। কলম্বিয়ার কার্তাজেনা শহরে আমেরিকান সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অংশগ্রহণ করার কয়েক দিন আগে ওই ঘটনা ঘটে। ২০১২ সালের এপ্রিল মাসে তাঁদের পদচ্যুত করে দেশে ফিরিয়ে নেওয়া হয়।