উদ্দীপক বুঝে উত্তর দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয়, ঢাকাবাংলা ১ম পত্রের প্রতিটি গল্প ও কবিতা ভালোমতো পড়বে এবং প্রতিটি লাইনের অর্থ বুঝতে চেষ্টা করবে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই তা বিষয়ভিত্তিক শিক্ষকের কাছে গিয়ে বুঝে নেবে। বহুনির্বাচনী প্রশ্নোত্তরের জন্য কোনো কিছুই বাদ দেবে না। শব্দার্থ, টীকা, লেখক পরিচিতি, পাঠ পরিচিতি—সবকিছু মন দিয়ে পড়তে হবে। উদ্দীপক থেকে চারটি সৃজনশীল প্রশ্নোত্তর লিখতে হয়। ক নম্বর প্রশ্নের উত্তর জ্ঞানমূূলক। এটি বইয়ের মধ্যেই নির্দিষ্ট করে দেওয়া থাকে। তাই বানান ঠিক রেখে সঠিকভাবে উত্তরটি লিখবে। খ নম্বর প্রশ্নের উত্তর অনুধাবনমূলক। এখানে ‘কেন বলা হয়েছে’, ‘কী বোঝানো হয়েছে’, ‘কথাটির অর্থ কী’ ইত্যাদি ভাষায় প্রশ্নের উত্তর চাওয়া হয়। উত্তর লেখার জন্য পাঠ্যবই ভালোমতো আত্মস্থ করতে হবে। বেশি ভূমিকা না টেনে, সরাসরি প্রশ্নে যা চাওয়া হয়েছে, ঠিক সেই উত্তরটুকু স্পষ্ট করে লিখতে পারলে ২-এর মধ্যে ২ নম্বর পাওয়া যাবে। গ নম্বর প্রশ্নটি প্রয়োগমূলক। অর্থাত্ উদ্দীপকে উল্লিখিত বিষয়ের সঙ্গে পাঠ্যবইয়ের কোন দিকটি সামঞ্জস্যপূর্ণ, তা খুঁজে বের করতে হবে। তারপর দুটো বিষয়ের ওপর ধারণা রেখে উত্তর লিখবে। এখানে উদ্দীপকের সঙ্গে মিল, অমিল বা তুলনা যা-ই থাক, পাঠ্যবইয়ের বিষয়টি বেশি করে ফুটিয়ে তুলতে হবে এবং শেষে একটা যুক্তিসংগত উপসংহার টানতে হবে। ঘ নম্বর প্রশ্নটি উচ্চতর দক্ষতাভিত্তিক। এ প্রশ্নে সাধারণত বিশ্লেষণ, মূল্যায়ন, আলোচনা, যৌক্তিকতা নিরূপণ ইত্যাদি করতে বলা হয়। অর্থাত্ উদ্দীপকের আলোকে পাঠ্য বিষয়ের মূল ভাব বা আংশিক বিষয়কে বুঝিয়ে দিতে বলা হয়। মনে রাখবে, ছয়টি প্রশ্নের উত্তরই যাতে লিখে শেষ করতে পার, সেভাবে সময় ভাগ করে লিখবে। কোনোটি বেশি বড় ও ভালো করে লিখতে গিয়ে অন্য প্রশ্ন ছেড়ে দিয়ে আসবে না। পরীক্ষার পুরো খাতা রিভিশন দিলে ভুলগুলো শুদ্ধ করতে পারবে, নম্বরও বেশি আসবে।