উদ্দেশ্য ছিল দেশকে নেতৃত্বশূন্য করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেওয়া। হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির রাজত্বকে চিরস্থায়ী করা এবং বাংলাদেশেকে নেতৃত্বশূন্য করা।২১ আগস্ট উপলক্ষে গতকাল সোমবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। খবর বাসসের।শেখ হাসিনা বলেন, এ ধরনের নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার হত্যাকারীদের রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে। হামলাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। সব আলামত ধ্বংস করা হয়। তদন্তের নামে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়।বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্টকে একটি কলঙ্কময় দিন হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এই দিনে আমাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় বর্বরতম গ্রেনেড হামলা। নেতা-কর্মীরা মানববর্ম রচনা করে সেদিন আমাকে রক্ষা করেন। তবে হামলায় নিহত হন আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ আমাদের ২৪ জন নেতা-কর্মী। আহত হন পাঁচ শতাধিক নেতা-কর্মী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী। তাঁদের অনেককেই আজও পঙ্গুত্বের অভিশাপ বহন করতে হচ্ছে।’বাণীতে শেখ হাসিনা বলেন, সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। আজ তদন্তের মাধ্যমে বেরিয়ে এসেছে, সেদিনের বিএনপি-জামায়াত জোট সরকারের অনেক পদস্থ ব্যক্তি এই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। ওই হামলার নেপথ্য মদদদাতাদের সুষ্ঠু বিচার বাংলার মাটিতে হবেই।