উদ্ধার হওয়া সরকারি জমি দখলের চেষ্টা হল-মার্কের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি জমি উদ্ধারের পরদিনই গতকাল শুক্রবার প্রাচীর নির্মাণ করে দখলের চেষ্টা করেছে বহুল আলোচিত হল-মার্ক কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ গিয়ে হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের শ্যালক আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সরকারি আদেশ অমান্যের অভিযোগে মামলা হয়েছে।সাভার থানার পুলিশ জানায়, গতকাল সকাল নয়টার দিকে আবদুর রাজ্জাক হল-মার্কের কয়েকজন কর্মকর্তা ও লোকজন নিয়ে উদ্ধার হওয়া সরকারি খাসজমি ও অর্পিত সম্পত্তি দখলের জন্য সরকারি কাঁচা রাস্তার ওপর প্রাচীর নির্মাণ করতে থাকেন। খবর পেয়ে সাভার থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম সরদার ঘটনাস্থলে গিয়ে রাজ্জাককে গ্রেপ্তার করেন। বাকিরা পালিয়ে যান। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে হল-মার্ক গ্রুপের নির্মিত ওই প্রাচীরসহ পাঁচটি স্থাপনা গুঁড়িয়ে দেয়।পুলিশ সূত্রে জানা যায়, রাজ্জাক গ্রেপ্তার হওয়ার পর তাঁকে ছেড়ে দিতে এক প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জোর তদবির করা হয়। এ কারণে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পুলিশ। সকাল ১০টার দিকে এসআই শহীদুল ইসলাম সরদারের মুঠোফোনে কল দিলে তিনি রাজ্জাককে গ্রেপ্তারের কথা অস্বীকার করেন। ঘণ্টা খানেক পর ফোন দিলে গ্রেপ্তারের কথা স্বীকার করলেও গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বাবুল হোসেন বলে জানান। বেলা একটার দিকে এসআই শহীদুলের মুঠোফোনে আবার কল দিলে নানা টালবাহানায় তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং বিষয়টি নিয়ে চাপের মধ্যে আছেন বলে জানান। সন্ধ্যা সাতটার দিকে এসআই শহীদুলকে কল দিলে রাজ্জাককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘রাজ্জাকের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্যের অভিযোগে মামলা হয়েছে।’ রাজ্জাক তানভীরের শ্যালক বলে তিনি নিশ্চিত করেন।সাভার উপজেলা প্রশাসন সূত্র জানায়, হল-মার্ক কর্তৃপক্ষ গত চার বছরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের কান্দিবৈলারপুর ও নন্দখালী মৌজায় ১১ একর খাস ও অর্পিত সম্পত্তি দখল করে। এসব সম্পত্তির মধ্যে ১ দশমিক ৬৫ একর জমির ওপর আটটি স্থাপনা নির্মাণ করে। বাকি জমি হল-মার্কের কারখানার ভেতরে রাস্তাসহ নানা কাজে ব্যবহার করা হতো। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন অভিযান চালিয়ে হল-মার্কের পাহারার কাজে নিয়োজিত আনসারদের জন্য নির্মিত একটি ঘর, একতলা দুটি আধাপাকা ভবন ও দুটি শৌচাগার গুঁড়িয়ে দেয়। পর্যায়ক্রমে আরও একটি আধাপাকা ভবনসহ একটি চারতলা এবং একটি দ্বিতল ভবনের আংশিক ভাঙা হবে বলে অভিযানকারী সদস্যরা জানিয়েছেন। জনতা হাউজিং লিমিটেডের কয়েকজন প্লট মালিকসহ স্থানীয় লোকজন জানান, হল-মার্ক কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সরকারি রাস্তার ওপর প্রাচীর নির্মাণ করে জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উচ্ছেদ অভিযান সমাপ্তি ঘোষণার পর থেকে হল-মার্ক গ্রুপের কর্মকর্তারা কারখানার ভেতরের বিভিন্ন মূল্যবান যন্ত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং গতকাল সকাল থেকে সরকারি রাস্তার ওপর ফের প্রাচীর নির্মাণের চেষ্টা চালান। সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর হোসেন সরদার বলেন, ‘হল-মার্কের ভেতরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে বাকি স্থাপনাও ভাঙা হবে। ভাঙা সম্ভব না হলে তা সরকারের আয়ত্তে রাখা হবে।’