উদ্ধার হয়নি অপহৃত শিশু পরাগ
অপহরণের পর ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে এখনো উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বাবা বিমল মণ্ডল।গতকাল রোববার সকাল সাতটায় রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ায় মা, বোন ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে অপহরণ করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা।এ ঘটনায় গতকাল রাত পৌনে ১১টার দিকে পরাগের দাদি সাবিত্রী মণ্ডল বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন এবং হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাত চার ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানিয়েছেন। এদিকে আজ সোমবার দুপুরে ডিআইজি (ঢাকা রেঞ্জ) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, লেনদেন ও জমিজমা-সংক্রান্ত কারণে এ ঘটনা ঘটতে পারে। এ দুটি বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। অপহৃত শিশুটিকে উদ্ধারে র্যাব-পুলিশ ও গোয়েন্দারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।পরাগের বাবা কেরানীগঞ্জের জেকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল মণ্ডল জানিয়েছেন, ছেলেকে অপহরণের কারণ তিনি জানেন না। কারও সঙ্গে তাঁর তেমন কোনো শত্রুতাও নেই। ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বিমল মণ্ডল।অপহরণকারীদের গুলিতে আহত চিকিত্সাধীন পরাগের মা লিপি মণ্ডল (৩৩), বোন পিনাকি মণ্ডল (১১) ও গাড়িচালক নজরুল ইসলামের (৩৫) অবস্থা এখন আগের চেয়ে কিছুটা ভালো বলে পারিবারিক সূত্রে জানা গেছে।অপহৃত পরাগ মণ্ডল কেরানীগঞ্জের জেকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল মণ্ডলের ছেলে। বিমল মণ্ডলের তিন সন্তানের মধ্যে ছেলে পরাগ বাংলাবাজারের হিড ইন্টারন্যাশনাল স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে এবং একই স্কুলে মেয়ে পিনাকি পড়ে চতুর্থ শ্রেণীতে। আরেক মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পিয়ালি পড়ে অন্য একটি স্কুলে। সে অক্ষত রয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিমল মণ্ডলের স্ত্রী লিপি মণ্ডল প্রতিদিনের মতো গতকালও তিন সন্তানকে স্কুলে পাঠাচ্ছিলেন। তাঁদের গলিটি সরু হওয়ায় প্রতিদিনের মতো সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়ে গলির মুখে রাখা গাড়িতে তুলে দিচ্ছিলেন তিনি। এ সময় দুটি মোটরসাইকেলে চার দুর্বৃত্ত সেখানে আসে এবং গুলি করে মায়ের কাছ থেকে পরাগ মণ্ডলকে ছিনিয়ে নিয়ে যায়। লিপি মণ্ডল বুকে ও পায়ে, মেয়ে পিনাকি ও চালক নজরুল পায়ে গুলিবিদ্ধ হন।আহত ব্যক্তিদের প্রথমে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে লিপি মণ্ডলকে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। পিনাকিকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিত্সা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।