উদ্ধারকর্মী কায়কোবাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাভারে অগ্নিদগ্ধ উদ্ধারকর্মী এজাজ উদ্দিন চৌধুরী কায়কোবাদের দ্বিতীয় নামাজে জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ঢাকার বনানী কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের পর উদ্ধার কার্যক্রমে অংশ নেন ওই স্বেচ্ছাসেবী। পরবর্তীতে ২৮ এপ্রিল রাত সোয়া দশটার দিকে ধ্বংসস্তূপে চাপা পড়া শাহিনা নামে একজন পোশাক কর্মীকে উদ্ধারের চেষ্টা করেন কায়কোবাদ। ধ্বংসস্তূপের গভীরে প্রবেশ করার পর সেখানে অগ্নিকাণ্ডের শিকার হয়ে পুড়ে যান তিনি। প্রথমে সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে উন্নত চিকিত্সার জন্য তাঁকে ঢাকা সিএমএইচ-এ পাঠানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গত ৪ মে ওই হাসপাতালে মারা যান তিনি। মরহুমের জানাজায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং মরহুমের পরিবারের সদস্যসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী কবরস্থানে দাফনের পরে গার্ড কর্তৃক ভলি ফায়ার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতির পক্ষে মরহুমের কবরে রাষ্ট্রপতির সামরিক সচিব এবং প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব পুষ্পস্তবক অর্পণ করেন। গার্ড কর্তৃক তাঁকে মরণোত্তর সালাম প্রদান করা হয়। মৃত্যুকালে মরহুম এজাজ উদ্দিন চৌধুরীর বয়স হয়েছিল প্রায় ৩৫ বছর। তিনি স্ত্রী, একটি কন্যা ও একটি পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।