উদ্ধারকাজ দ্রুত শুরু করা গেলে অনেকে বেঁচে যেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে ডোবায় ট্রাক উল্টে ৩৮ ছাত্রসহ ৪০ জনের মৃত্যুর ঘটনায় গত রোববার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি। এ সময় বেঁচে যাওয়া ছাত্ররা বলেছে, আহত ছাত্ররাই প্রথম উদ্ধারকাজ শুরু করে। সময়মতো উদ্ধারকাজ শুরু করা গেলে মৃতের সংখ্যা আরও কম হতো।এর আগে এক দফা তদন্ত কমিটি মিরসরাইয়ের আবুতোরাবে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নিয়েছিল। রোববার তদন্ত কমিটি ওই ট্রাকে থাকা আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ছাত্র, কেবিনে চালক মফিজের (মূলত চালকের সহকারী) পাশে থাকা ভটভটির চালক (শ্যালো ইঞ্জিনে তৈরি গাড়ি) মিজানুল হকের সাক্ষ্য নেয়। বেঁচে যাওয়া ছাত্রদের সঙ্গে মিজানুলের বক্তব্যের অনেক মিল রয়েছে। তবে চালকের মুঠোফোনে কথা বলার ব্যাপারে ছাত্রদের সঙ্গে মিজানুলের বক্তব্য মিলছে না। তিনি তদন্ত কমিটিকে বলেন, মফিজ মুঠোফোন ব্যবহার করেননি।তবে ছাত্ররা কমিটিকে বলেছে, মিরসরাই থেকে ট্রাকটি দ্রুত চালাচ্ছিলেন মফিজ। এ সময় তারা লুকিং গ্লাসে দেখতে পায়, মফিজ অনবরত মুঠোফোনে কথা বলছেন। ট্রাক আস্তে চালাতে ও মুঠোফোনে কথা বলতে নিষেধ করলেও তিনি গুরুত্ব দেননি।এ ছাড়া তদন্ত কমিটি মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন, আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য গোলাম সরোয়ার, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার কান্তি রায়সহ অনেকের সঙ্গে কথা বলে।তদন্ত কমিটিকে ছাত্ররা বলেছে, তারা আহতাবস্থায়ই উল্টে থাকা ট্রাকের নিচ থেকে অন্য ছাত্রদের উদ্ধারের চেষ্টা করে। কিছুক্ষণ পর বড়তাকিয়া-আবুতোরাব সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালকেরা উদ্ধারে এগিয়ে আসেন। প্রায় একই সময় দুর্ঘটনাস্থলের পাশের বাড়ি থেকে আজিজুল হক নামের একজন রশি এনে ট্রাকটি উল্টানোর চেষ্টা করেন। ততক্ষণে অনেক সময় পেরিয়ে গেছে। পরে অবশ্য গ্রামবাসীসহ অন্যরা উদ্ধারকাজে যোগ দেয়।আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার কান্তি তদন্ত কমিটিকে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জহির আহাম্মদ ট্রাকটি জোগাড় করেছিলেন। ওই দুর্ঘটনায় জহিরের সন্তান মো. তফাজ্জল হোসেনেরও মৃত্যু হয়। তিনি বলেন, মায়ানী ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ২৮টি দলের (ছেলে এবং মেয়েদের দল) জন্য সরকার থেকে পাওয়া গেছে মাত্র তিন হাজার ৮২০ টাকা। সে হিসাবে প্রতিটি দলের জন্য বরাদ্দ ছিল প্রায় ১৩৬ টাকা। এ সামান্য টাকায় খেলার ব্যয় সম্পন্ন করা অসম্ভব। তবু সরকারি নির্দেশ পালন করতে হচ্ছে।তদন্ত দলে রয়েছেন যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব নুরুল আমিন, সড়ক ও জনপথ বিভাগ, চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান (চেয়ারম্যান, তদন্ত কমিটি), চট্টগ্রাম বিআরটিএর উপপরিচালক এস কে বিশ্বাস (সদস্য), ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক স্বপন কুমার নাথ।আবুতোরাবে বিকল্পধারার সভাপতি: সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী রোববার আবুতোরাবে এসেছেন। আবুতোরাব উচ্চবিদ্যালয় মাঠে শোকসভায় তিনি বলেন, যে বা যাদের কারণে এতগুলো প্রাণ অকালে ঝরে গেল, তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলের মহাসচিব আবদুল মান্নান, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন, আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক। অনুষ্ঠানে দলের পক্ষ থেকে নিহত ছাত্রদের প্রতি পরিবারকে ১৫ হাজার টাকা অনুদান দেন। এ ছাড়া স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন নিহত ছাত্রদের প্রতি পরিবারকে ২৫ হাজার, আহত ছাত্রদের প্রতি পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেন। জামায়াতের পক্ষ থেকে নিহত ছাত্রদের প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়।গতকাল সোমবার অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে নিহত ছাত্রদের ১০ হাজার এবং আহত ছাত্রদের প্রতি পরিবারকে পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এ ছাড়া গতকাল বিকেলে আবুতোরাব উচ্চবিদ্যালয় মাঠে বাম মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতারা একটি শোকসভায় অংশ নেন।মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন প্রথম আলোকে জানান, বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান হতাহত ছাত্রদের পরিবারকে সহায়তা করতে চাচ্ছে। এ জন্য তিনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব ও স্থানীয় চেয়ারম্যান কবির নিজামীর স্বাক্ষরে ব্যাংকে একটি হিসাব খোলা হচ্ছে।মফিজ গ্রেপ্তার হননি: দুর্ঘটনার সময় ট্রাকের চালক মফিজ উদ্দীন ঘটনার দিন থেকে পলাতক। তাঁর স্ত্রী রোকেয়া বেগম জানান, দুর্ঘটনার পর থেকে বাড়ির সঙ্গে মফিজের কোনো যোগাযোগ নেই।রোববার মফিজের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁদের পরিবারের সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। একই চালের নিচে আরেক কক্ষে শোকাতুর বসবাস ওই সড়ক দুর্ঘটনায় নিহত আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মো. সাখাওয়াত হোসেনের মা নাজমা আক্তারের।সাখাওয়াতের মা নাজমা বলেন, জ্যাঠার (মফিজের) জন্য পাগল ছিল সাখাওয়াত। এখন মফিজকে দোষারোপ করেন কি না, এই প্রশ্নের উত্তরে তিনি একটু থেমে বলেন, কাকে দোষ দেব, হায়াত-মউত সব আল্লাহর হাতে।মফিজের স্ত্রী রোকেয়া জানান, ১১ জুলাই সকালে মফিজের কাছে একটি ফোন আসে। এরপর তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। পরে তিনি সড়ক দুর্ঘটনার কথা জানেন। সড়ক দুর্ঘটনার পর মফিজ বাড়িতে আসেননি। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান বলেন, ‘মফিজকে ধরতে অভিযান চলছে। আশা করি, শিগগিরই তাঁকে গ্রেপ্তার করা যাবে।’