তেজগাঁওয়ের বেগুনবাড়ির উপড়ে পড়া সেই ভবনের নিচ থেকে গতকাল বৃহস্পতিবার আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে গত দেড় দিনে সেখান থেকে ২৫ জনের লাশ উদ্ধার করা হলো। নিহত ব্যক্তিদের মধ্যে সাতটি শিশু ও নয়জন নারী।দমকল বাহিনী জানিয়েছে, আর কেউ নিখোঁজ না থাকায় গতকাল সকালে উদ্ধারকাজ আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়েছে। এদিকে এ ঘটনা তদন্তে গতকাল রাতে ছয় সদস্যের একটি কমিটি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।গতকাল যাদের লাশ উদ্ধার হয়েছে তারা হলো—আলমগীরের স্ত্রী আনোয়ারা (২৩) ও শিশুকন্যা আছিয়া (২) এবং দোকানদার বাবুল মোল্লা (৩২)। এর আগে বুধবার আলমগীরের দুই ছেলে বিশাল (৩) ও শাওনের (৭) লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে থাকা অজ্ঞাত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন ওসমান গনি (৪৫) ও তাঁর স্ত্রী লিপি (৩০)। তাঁদের বাড়ি জামালপুরের ইসলামপুরের পূর্বপাড়ায়। তাঁদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে নিহত ব্যক্তিদের ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হলো। অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজের হিমঘরে আছে।গত মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে মধ্য বেগুনবাড়ির ১৮/বি পাঁচতলা বাড়িটি মাটির নিচের পিলারসহ উপড়ে পাশের চারটি তিনতলা টিনশেড বাড়ির ওপর পড়ে। হতাহত ব্যক্তিদের সবাই এই টিনশেডের বাসিন্দা।গতকাল উদ্ধারকারীরা উপড়ে পড়া পুরো বাড়িটি ভেঙে পাশের হাতিরঝিলে ফেলা দেয়। এরপর সেখানে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়েছে।দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের শতাধিক কর্মী দীর্ঘ ৩০ ঘণ্টা চেষ্টা চালিয়ে ২৫টি লাশ উদ্ধার করেছে। ডুবুরি দল ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আর কেউ নিখোঁজ নেই। এর ভিত্তিতেই উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।’তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দাবি করেন, আর কেউ নিখোঁজ নেই। যারা নিখোঁজ ছিল, তাদের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে মেশিনপত্র গুটিয়ে চলেন গেছেন দমকল ও সেনাবাহিনীর সদস্যরা।তদন্ত কমিটি: ভবন উপড়ে পড়ার ঘটনা তদন্তে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিল্লার রহমানকে আহ্বায়ক ও শেখ মিজানুর রহমানকে সদস্যসচিব করে ছয় সদস্যের একটি কমিটি করেছে মন্ত্রণালয়। কমিটিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর ও আবাসন ও গৃহায়ণ গবেষণা ইনস্টিটিউটের (এইচবিআরআরআই) একজন করে প্রতিনিধি থাকবেন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।ঝুঁকি নিয়ে বসবাস: উপড়ে পড়া ভবনটির পাশে ক্ষতিগ্রস্ত কয়েকটি টিনশেডের বাড়িতে বসবাস ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে দমকল বাহিনী। সেই বাড়িগুলোতে বসবাস না করার নির্দেশ দেওয়া হয়। তবে গতকালও সেই বাড়িগুলোতে মানুষ ছিল। পাশের ভাসানীর বাড়ির ভাড়াটে এক নারী প্রথম আলোকে জানান, তাঁরা অন্য জায়গায় বাড়ি ভাড়া খুঁজছেন। মাসের প্রথমে নতুন বাড়ি খুঁজে চলে যাবেন। এর মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে? তিনি বলেন, ‘তাইলে ওইডা কপালের লিখন।’এ ছাড়া ওই বাড়িগুলোর আশপাশে আরও কয়েকটি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় সেগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশের হাতিরঝিলের পাড়ঘেঁষে নরম মাটিতে শুধু পিলারের ওপর একটি পাঁচতলা মসজিদ ও মাদ্রাসা ভবন তৈরি করা হয়েছে। উদ্ধার অভিযানে দায়িত্বরত দমকলের কর্মকর্তারা বলছেন, ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা থাকায় কিছু করা যাচ্ছে না। দমকল বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ওটা ঝিলের পানিতে ধসে না পড়া পর্যন্ত আমাদের কিছুই করার নেই। একে তো আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, তার ওপর ধর্মীয় প্রতিষ্ঠান। আপনারা (গণমাধ্যম) কিছু করতে পারেন কি না দেখেন। না হলে আরও কিছু মানুষের করুণ মৃত্যু হবে।’ জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞার কারণে হাতিরঝিল প্রকল্পসংলগ্ন আরও অনেকগুলো টিনশেড টংঘর ভাঙতে পারছে না কর্তৃপক্ষ।গৃহহীন মানুষ: চাপাপড়া চারটি টিনশেড বাড়িতে অন্তত ১০০টি পরিবার থাকত। এ ছাড়া উদ্ধার অভিযানে ভাঙা হয়েছে আরও চারটি টংবাড়ি এবং আশপাশে খালি করা হয়েছে আরও কয়েকটি বাড়ি। সব মিলিয়ে দক্ষিণ বেগুনবাড়ির ওই এলাকায় গৃহহীন হয়েছে এক হাজার মানুষ। এদের অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন। কেউ কারখানায়, পাশের আত্মীয় বা পরিচিতদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অন্যরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।