ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মেঘনা নদীর মোহনায় ডুবে যাওয়া লঞ্চ থেকে গতকাল শুক্রবার আরও ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৪ জনে দাঁড়াল। গতকাল দুপুরের পর উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। গতকাল উদ্ধার হওয়া ছয়টি মৃতদেহের মধ্যে চারটির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলো: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ইসলামপুর গ্রামের হোসেন মিয়া (৩৫), একই উপজেলার হোসেনপুর গ্রামের হারুন মিয়ার শিশুকন্যা সাথী আক্তার (৪), রসুলপুর গ্রামের হারুন মিয়ার শিশুকন্যা সামিরুন বেগম (৮) ও নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি গ্রামের মনির হোসেনের শিশুপুত্র হাতেম তাই (৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকারী জাহাজ রুস্তম গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে রাতে উদ্ধারকাজ শুরু করতে পরেনি। গতকাল সকাল ছয়টার দিকে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধার তৎপরতা শুরুর ছয় ঘণ্টা পর লঞ্চটি পানির নিচ থেকে টেনে ওপরে তোলা হয়। এ সময় লঞ্চের ভেতর থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। তার আগে নদীতে ভাসমান অবস্থায় আরও চারটি মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকাজে নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, লঞ্চের ভেতর থেকে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন চলতি উচ্চমাধ্যমিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের ৪০০ উত্তরপত্র, দুই লাখ ৬০ হাজার টাকা, তিনটি রাইফেল, ৬০টি গুলি, বিপুল পরিমাণ থানকাপড়, চিনি, ময়দা, আলুর বস্তা, জ্বালানি তেলের ড্রামসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকারী জাহাজ রুস্তমের মাস্টার শহীদুল্লাহ পাটোয়ারী বলেন, লঞ্চটি প্রায় ৩০ ফুট পানির নিচে ডুবে ছিল। পানির নিচ থেকে যতই ওপরের দিকে টেনে আনা হচ্ছিল, ততই এর ওজন কমছিল। এ থেকে আমরা নিশ্চিত হয়েছি, সপ্তাহ খানেক আগে ডুবে যাওয়া ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলদেশ ফুটো হয়। ফলে লঞ্চের ভেতরে দ্রুত পানি ঢুকে এবং অল্প সময়ের মধ্যে তা ডুবে যায়।উদ্ধার তৎপরতা দেখার জন্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল বেলা সোয়া ১১টার দিকে দুর্ঘটনাস্থলে আসেন। বিআইডব্লিটিএর চেয়ারম্যান মো. মালেক মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবদুল মান্নান তাঁর সঙ্গে ছিলেন। মন্ত্রী শাজাহান খান মৃত ব্যক্তিদের পরিবারকে ৩০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেন। একই পরিবারের একাধিক সদস্য মারা গেলে ৪৫ হাজার টাকা দেওয়া হবে বলে জানান। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আলাদা তদন্ত কমিটি গঠনের কথাও উল্লেখ করেন তিনি। স্থানীয় লোকজন জানান, সপ্তাহ খানেক আগে একই স্থানে পাথরবোঝাই একটি ট্রলার ডুবে যায়। সেই ট্রলারটি উদ্ধার করা হয়নি। সেখানে সতর্কতামূলক কোনো চিহ্নও রাখা হয়নি। ওই ট্রলারের সঙ্গে ধাক্কা লেগেই দুর্ঘটনা ঘটে। পাথরবোঝাই ওই ট্রলার উদ্ধার না করা প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী বলেন, ‘আমাদের উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা দুটি মিলে ১২০ টন ওজন টেনে তুলতে সক্ষম। পাথরবোঝাই ট্রলারের ওজন ৪০০ টন। আগামী সপ্তাহের মধ্যে পাথর সরিয়ে ট্রলারটি উদ্ধার করা হবে।’ জেলা প্রশাসক আবদুল মান্নান বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, লঞ্চটিতে ১০০ জনের বেশি যাত্রী ছিল না। তাদের অধিকাংশই তীরে উঠতে পেরেছিল।’ তিনি জানান, উদ্ধার হওয়া ৩৪টি মৃতদেহের মধ্যে ৩১টি তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বিআইডব্লিটিএর চেয়ারম্যান মো. মালেক মিয়া দাবি করেন, ডুবে যাওয়া লঞ্চটির কাগজপত্র সঠিক ছিল। অতিরিক্ত পণ্য আর চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, সরাইলের রাজাপুর গ্রামের কাছে মেঘনার মোহনায় গত বুধবার গভীর রাতে ডুবন্ত ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চ এমভি বিপাশা ডুবে যায়। যাত্রীবাহী লঞ্চটি কিশোরগঞ্জের ভৈরব থেকে সুনামগঞ্জের জামালগঞ্জে যাচ্ছিল।