উদ্ধারকাজে বিদেশি সাহায্য প্রত্যাখ্যান বাংলাদেশের
সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় আটকা পড়া লোকজনকে উদ্ধারে যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।গত বুধবার ভবনটি ধসে পড়ার পর অভিজ্ঞ উদ্ধারকারী দল পাঠিয়ে উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব দিয়েছিল যুক্তরাজ্য। কিন্তু তাদের এই প্রস্তাব সরকার প্রত্যাখ্যান করেছে বলে যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়েছে।‘টেলিগ্রাফ’-এর দক্ষিণ এশিয়াবিষয়ক সম্পাদক (নয়াদিল্লি) ডিন নেলসন ও ডেভিড বার্গম্যানের (ঢাকা) খবরে দাবি করা হয়েছে, ওই পত্রিকার সাংবাদিকেরা যেসব কাগজপত্র দেখতে পেয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।‘ডেইলি টেলিগ্রাফ’-এর খবরে বলা হয়েছে, উদ্ধারকাজে বিদেশি সাহায্য গ্রহণ করা হলে দেশের মর্যাদাহানি হতে পারে বলে বাংলাদেশ আশঙ্কা করেছে। সাহায্যের ব্যাপারে বাংলাদেশের কর্মকর্তাদের রাজি করানোরও চেষ্টা করা হয়েছিল।জাতিসংঘের একজন কর্মকর্তা বলেছেন, সাহায্যের প্রয়োজনীয়তার বিষয়টি এবং যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায় যে তার জন্য প্রস্তুত, সেটা বাংলাদেশকে জানানো হয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে সেটা প্রত্যাখ্যান করা হয়েছে।যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) একজন মুখপাত্র সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিশেষজ্ঞদের সহায়তা নিতে বাংলাদেশের কর্মকর্তারা অস্বীকার করেছেন।এ ব্যাপারে স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোসতাক আহমেদ ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’কে বলেছেন, ‘স্বরাষ্ট্র্র মন্ত্রণালয় এমন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে আমি শুনেছি। কিন্তু সরাসরি এ ব্যাপারে কিছু আমি জানি না।’ স্বরাষ্ট্রসচিব বলেন, ‘আমি শুনেছি, মন্ত্রী বলেছেন সাহায্যের প্রয়োজন নেই।’