উদ্ধারকাজে সেনাদের তেমন তত্পরতা দেখা যায়নি: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাভারে ধসে পড়া ভবনে উদ্ধারকাজের ধীরগতির সমালোচনা করে বলেছেন, উদ্ধারকাজে সেনাবাহিনীর তেমন তত্পরতা দেখা যায়নি। তিনি আরও বলেন, ধসে পড়া ভবনটির মালিক সরকারদলীয় বলেই তাঁকে গ্রেপ্তার করতে গড়িমসি করা হচ্ছে। জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার বিকেলে ‘আমার দেশ’ পত্রিকা ও মাহমুদুর রহমান সংহতি পরিষদ আয়োজিত ‘গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক নাগরিক সংলাপে মওদুদ আহমদ একথা বলেন। সাবেক এ আইনমন্ত্রী বলেন, সরকারের অবহেলায় সাভারে মৃতের সংখ্যা বাড়ছে। প্রথম দিন থেকে যদি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সহায়তা নেওয়া হতো, তবে অনেককেই জীবিত উদ্ধার করা সম্ভব হতো। তিনি অভিযোগ করেন, ‘আমরা সাভারে গিয়েছি। সেখানে যে কয়জন সেনাসদস্য দেখেছি, তাঁদের তেমন কোনো তত্পরতা দেখিনি।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ফরহাদ মজহার প্রমুখ।সকালে জাতীয় প্রেসক্লাবে ঐতিহ্য সংসদ নামের একটি সংগঠনের উদ্যোগে ‘গণতন্ত্র ও বাকস্বাধীনতা রক্ষায় করণীয়’ শীর্ষক অপর এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, ‘শেখ মুজিবুর রহমান চিহ্নিত ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে গেছেন, তাহলে এখন তাঁর অনুসারীরা কাকে খুশি করতে যুদ্ধাপরাধীদের বিচার করছে।’বিএনপির এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বসে মিথ্যাচার করছেন। ঢাকা থেকে হেলিকপ্টারে সাভার যেতে মাত্র পাঁচ মিনিট লাগবে। কিন্তু তিনি সেখানে গেলেন না।’ জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ফিরোজ রশীদ বলেন, ‘সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে বিএনপিকে নেতৃত্ব দিতে হবে। সব শক্তিকে ঐক্যবদ্ধ করার কাজটিও তাদের করতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিএনপি যথাযথ ভূমিকা পালন করতে পারছে না।’