হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে প্রতিদিন রাতে আলোর যে ঔজ্জ্বল্য দেখা যায়, শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার এক দিন পর গত বুধবার রাতে তা ছিল না। মাথা তুলে দাঁড়িয়ে থাকা গুটি কয়েক বাড়ি ছাড়া কোথাও কোনো আলোর সন্ধান মেলেনি। জেনারেটর-চালিত বিদ্যুতের এই আলো নগরের ভুতুড়ে পরিবেশটাকেই যেন মূর্ত করে তোলে। রাজধানীর কেন্দ্রস্থলে শরণার্থী শিবিরে জড়ো হয়েছে ভূমিকম্পদুর্গত মানুষ। তারা স্বজন ও সর্বস্ব হারানোর শোকে কাতর। আহাজারি ও যন্ত্রণার কাতরধ্বনি ছাড়া আর কোনো শব্দ করতে তারা যেন ভুলে গেছে। তাদের চোখে ঘুম নেই, মুখে খাদ্য ও পানি নেই, নেই মাথা গোঁজার মতো একটুখানি আশ্রয়।ভূমিকম্পের পর গতকাল পর্যন্ত উদ্ধারকাজ পুরোদমে শুরু করা যায়নি। হাইতিবাসী উদ্ধারকাজের জন্য আন্তর্জাতিক সাহায্যের দিকে তাকিয়ে আছে। গত মঙ্গলবার রিকটার স্কেলে ৭ তীব্রতার এই ভূমিকম্পে পোর্ট অব প্রিন্স লণ্ডভণ্ড হয়ে যায়। গতকাল পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা কেউ বলতে পারেনি। তবে তা ৫০ হাজার থেকে এক লাখ হবে বলে ধারণা করা হচ্ছে। হাইতির সিনেটর ইউরি লাতোরচু বলেন, নিহতের সংখ্যা শেষ পর্যন্ত পাঁচ লাখে পৌঁছাতে পারে। ভূমিকম্পের পর থেকে সেখানে শান্তিরক্ষা মিশনের ১৫০ জনেরও বেশি সদস্য নিখোঁজ রয়েছেন। পোর্ট অব প্রিন্সে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একজন মুখপাত্র তাঁদের ৩৬ জন সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা হাইতির ভূমিকম্পদুর্গত মানুষের জন্য ত্রাণসহায়তা পাঠাতে শুরু করেছে। বুধবার রাতে পোর্ট অব প্রিন্সে বিমানবন্দরে একে একে নামতে থাকে ত্রাণবাহী বিমানগুলো।মানবেতর জীবনযাপন: ভূমিকম্পের আঘাত সয়ে যারা বেঁচে আছে, ঘরহীন খোলা আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছে তারা। বুধবার রাতে পোর্ট অব প্রিন্সে একটি পার্কের মাঠে শুয়ে ছিলেন মিলিয়ের রাউডি। সঙ্গে স্ত্রী ও দুই মেয়ে। তিনি বলেন, হাইতি এমন এক দেশে পরিণত হয়েছে, যেখানে কোনো ঘটনার মধুর সমাপ্তির কথা কারও জানা নেই। গত ২৪ ঘণ্টায় তাঁদের কারও পেটে দানাপানি পড়েনি বলে তিনি জানান।একই অবস্থা রাজধানীর কেন্দ্রস্থল মারস স্কয়ারে জড়ো হওয়া হাজার হাজার দুর্গত মানুষের। সেখানে অনেক আহত মানুষকে ধুলোর ওপর পড়ে থাকতে দেখা যায়। চিকিত্সা বা শুশ্রূষা না পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছিল তারা। অনেকের হাত-পা ভেঙে গেছে। কোনো রকমে জোগাড় করা ন্যাকড়া দিয়ে ক্ষতস্থান ঢেকেছে তারা। এতে সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। বিমানযোগে ত্রাণ আসে কি না, তা দেখতে ব্যাকুল অনেক দুর্গত বারবার আকাশের দিকে তাকাচ্ছিল। তরুণ শরণার্থী জেমস বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যদি সত্যি আমাদের সহায়তা দিতে চায়, তাহলে আমাদের হাতে সরাসরি টাকা দিতে হবে। সরকারকে নয়।’ভূমিকম্পে জেমস তাঁর ছয় বছর বয়সী বোনকে হারিয়েছেন। ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সে। তিনি জানান, মঙ্গলবার না খেয়ে থাকার পর বুধবার একটি সুপার মার্কেট থেকে তিনি চাল ও পানি লুট করেন। তা-ই একটু একটু করে খাচ্ছেন।একটি বাড়ির ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে বিলাপ করে এক মহিলা বলছিলেন, ‘কে আছো, বাঁচাও আমার স্বামীকে। ধ্বংসস্তূপে চাপা পড়েছে ও। আমি জানি, এখনো বেঁচে আছে আমার স্বামী।’সেইন্ট অনার স্ট্রিটে দুমড়ে যাওয়া একটি গাড়ির ভেতর আটকা পড়ে এক লোকের পা। কিছুতেই পা বের করতে পারছিলেন না তিনি। তাঁর পা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। উইলসন নামে সমাজবিজ্ঞানের এক ছাত্র বলেন, ‘লোকটিকে বের করার আগেই তিনি মারা যাবেন।’বুধবার রাতে সুনামি আসছে বলে পোর্ট অব প্রিন্সজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন ধর্মগুরু এই গুজব ছড়ান। তিনি বলেন, গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। এ সময় শত শত লোক উঁচু স্থানে আশ্রয় নিতে নগরের পার্কের দিকে ছোটে।ত্রাণ তত্পরতা: ভূমিকম্পদুর্গত ব্যক্তিদের ত্রাণসহায়তায় যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ তত্পর হয়ে উঠেছে। এতে যুক্তরাষ্ট্রের মুখ্য ভূমিকা দেখা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, দুর্গত মানুষের জীবন রক্ষায় তিনি যুক্তরাষ্ট্রের ত্রাণ দলগুলোকে অবিলম্বে সমন্বিতভাবে ব্যাপক তত্পরতা চালানোর নির্দেশ দিয়েছেন। উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে দুই হাজার মেরিন সেনার একটি দল। প্রস্তুত রয়েছে পাঁচ হাজার সেনা। এর মধ্যে ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও ভার্জিনিয়া থেকে ত্রাণ দলগুলো হাইতিতে পৌঁছাতে শুরু করেছে।ওবামা বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে জরুরি ভিত্তিতে উদ্ধারে যুক্তরাষ্ট্রের কাছ থেকে হাইতি সর্বোতভাবে সহযোগিতা পাবে। খাদ্য, পানি, ওষুধসহ তাদের জন্য প্রয়োজনীয় সব মানবিক সহায়তা দেওয়া হবে।হাইতিতে ত্রাণসহায়তায় অনুদান হিসেবে আন্তর্জাতিক রেডক্রস এক কোটি ডলার দেবে। বিশ্ব খাদ্য কর্মসূচি দেবে ১৫ হাজার টন খাদ্য। উদ্ধারকারী দল ও ত্রাণসহায়তা নিয়ে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, রাশিয়া ও স্পেন থেকে বিমানগুলো হাইতিতে পৌঁছাতে শুরু করেছে।খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রীর শোক: ইউএনবি ও বাসস জানায়, বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভূমিকম্পে হাইতিতে নিহতের ঘটনায় পৃথকভাবে শোক প্রকাশ করেছেন।হাইতির প্রেসিডেন্ট রেনে প্রিভালের কাছে পাঠানো শোকবার্তায় খালেদা জিয়া নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।এদিকে হাইতির পররাষ্ট্রমন্ত্রী আলরিক নিকোলাসের কাছে পাঠানো এক শোকবার্তায় দীপু মনি ভূমিকম্পে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান।