শিক্ষক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থী ২০১০ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। তোমরা জানো, এবারই প্রথম সৃজনশীল পদ্ধতিতে ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম অংশ (প্রথম ও দ্বিতীয় অধ্যায়) থেকে চারটি এবং দ্বিতীয় অংশ (তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায়) থেকে পাঁচটি প্রশ্ন থাকবে। প্রতিটি অংশ থেকে সর্বোচ্চ তিনটি প্রশ্নের উত্তর দেওয়া যাবে। বহু নির্বাচনী প্রশ্নে ৪০ নম্বর। মোট ৪০টি প্রশ্ন থাকবে। সব প্রশ্নের উত্তর দিতে হবে। সময় ৪০ মিনিট। পাঠ্যবইয়ের সব অংশই পড়তে হবে। নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তরগুলো বারবার পড়তে হবে। উদ্ধৃতিগুলো বেশি বেশি পড়বে এবং না দেখে লিখবে। উদ্ধৃতিগুলো আরবিতে লিখবে এবং না হলে বাংলায় অনুবাদ করে দিতে পার। আল কোরআনের উদ্ধৃতিতে সূরা ও আয়াত নম্বর লিখবে। আল হাদিসের উদ্ধৃতিতে হাদিস গ্রন্থের নাম লিখবে। সৃজনশীল প্রশ্নের ৪ অংশ—ক. জ্ঞানমূলক খ, অনুধাবনমূলক গ. প্রয়োগ ও ঘ. উচ্চতর দক্ষতা অংশ পৃথক পৃথক করে লিখবে, যাতে অন্তত এক ইঞ্চি ফাঁকা থাকে। প্রশ্ন হাতে পাওয়ার পর উদ্দীপকসহ সব প্রশ্ন ভালোভাবে পড়বে এবং ভালো জানা প্রশ্ন আগে লিখবে। একই প্রশ্নের চার অংশই পরপর হওয়া বাঞ্ছনীয়। ‘গ’ নম্বরে প্রয়োগ অংশে একান্ত তোমার মতামত জানাবে, যা হবে শালীন ও মার্জিত ভাষায়। ‘ঘ’ নম্বরে উচ্চতর দক্ষতা অংশে আল কোরআন বা আল হাদিসের উদ্ধৃতি অর্থসহ লিখবে। এ ক্ষেত্রে ভিন্ন কালি ব্যবহার করবে। এ অংশের উত্তর তথ্যবহুল হতে হবে। ‘ক’ অংশের উত্তর বইয়ের ভাষায় লেখার চেষ্টা করবে। ‘খ’ অংশের উত্তর নিজ ভাষায় লেখার চেষ্টা করবে। প্রতিটি প্রশ্নে গ ও ঘ অংশের উত্তরের কলেবর পরস্পর সমান রাখার চেষ্টা করবে।