উদ্বেগ পরীক্ষার ভালো ফল বয়ে আনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা মানেই স্নায়ুর ওপর বড্ড ধকল। সে ধকল যারা সামলায়, হাড়ে হাড়ে তারা টের পায় মজাটা। এই তেতো অভিজ্ঞতার মধ্যে বিজ্ঞানীরা শোনাচ্ছেন স্বস্তির বাণী। নতুন এক গবেষণার ফলাফলের বরাত দিয়ে তাঁরা দাবি করছেন, পরীক্ষা আগে এই উদ্বেগে থাকলে আখেরে তা কাজ দেয়। ফলাফলে ইতিবাচক প্রভাব পড়ে। তবে সে ক্ষেত্রে মেধা হতে হবে প্রখর।আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।‘ব্রিটিশ জার্নাল অব সাইকোলজি’তে প্রকাশিত নিবন্ধের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়ে, শিশুর স্মৃতিশক্তি দুর্বল হলে পরীক্ষার আগে দুশ্চিন্তা তার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তবে শিশুর স্মৃতিশক্তি যদি ভালো হয়, পরীক্ষার আগে দুশ্চিন্তা তাকে ফল ভালো করতে সহায়তা করে। বিজ্ঞানীদের দাবি, ১২ থেকে ১৪ বছর বয়সী ৯৬ জন শিশুর স্মৃতিশক্তি ও মানসিক চাপ পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। এই গবেষণা পরিচালনায় অর্থনৈতিক ও সামাজিক গবেষণা কাউন্সিল, অ্যাকশন মেডিকেল রিসার্চ অর্থায়ন করেছে। গবেষণার ক্ষেত্রে প্রশ্নপত্র এমনভাবে করা হয়েছে, যাতে বোঝা যায় পরীক্ষা নিয়ে শিশুরা কতটা উদ্বেগে থাকে। কম্পিউটারে স্মৃতিশক্তিভিত্তিক পরীক্ষায় তাদের ফলাফলের বিষয়ও পর্যবেক্ষণ করা হয়। বিজ্ঞানীদের মতে, কম স্মৃতিশক্তিসম্পন্ন শিশুরা দুশ্চিন্তার কারণে পরীক্ষায় খারাপ ফল করেছে। তবে যাদের স্মৃতিশক্তি ভালো, তারা এ পরীক্ষায় ভালো ফল করেছে। সাউথঅ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত গবেষণা দলের প্রধান ম্যাথু ওয়েন্স বলেন, পরীক্ষার আগে খানিকটা উদ্বেগ যে মাঝেমধ্যে সাফল্য এনে দেয়, এটি এ গবেষণায় উঠে এসেছে।