উদ্বেগের নগরে অন্তহীন দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের আহূত মহাসমাবেশকে কেন্দ্র করে গতকাল রোববার রাজধানীর জীবনযাত্রায় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। রাজপথে গণপরিবহনসহ যানবাহন খুব কম থাকায় অফিস ও স্কুল-কলেজগামী যাত্রীরা ব্যাপক ভোগান্তি পোহায়। রিকশা ও সিএনজি অটোরিকশাচালকেরা ভাড়া আদায় করেছেন ইচ্ছামতো। পথে পথে পুলিশের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মাত্রা ছিল হয়রানির পর্যায়ে।যাতায়াতে সীমাহীন দুর্ভোগ: মিরপুর ১, ১০, ১১, কল্যাণপুর, গাবতলী, শ্যামলী, মোহাম্মদপুর, মহাখালী, ফার্মগেট, উত্তরা ও বনানী ঘুরে দেখা গেছে, সব এলাকাতেই বাসের অভাব। দুপুর ১২টার পরে মিরপুর, মোহাম্মদপুর ও বাড্ডা রুটে কিছু বাস চললেও তাতে ওঠা ছিল দুঃসাধ্য।ফলাফল, রিকশা ও সিএনজি অটোরিকশাচালকদের পোয়াবারো। প্রচলিত ভাড়ার পাঁচ গুণ পর্যন্ত হাঁকতে দ্বিধাবোধ করেননি তাঁরা। দৃশ্যত পুলিশের নজর মূলত বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর থাকায় বিশেষ করে সিএনজি অটোরিকশাচালকেরা নির্ভয়ে এই স্বেচ্ছাচার চালিয়ে গেছেন।মিরপুর ১১ নম্বর থেকে বাসের অভাবে কাকরাইলের অফিসে যেতে পারেননি সোহানা। মোহাম্মদপুর থেকে মো. করিমুজ্জামান বাসের অভাবে সাভার ইপিজেডের কারখানায় যেতে পারেননি। এভাবে অনেকে অফিস বাদ দিতে বাধ্য হন। বহু লোক কাজে গেছেন রিকশা ও টেম্পোতে চড়ে এবং পায়ে হেঁটে।মিরপুর ১ থেকে ১০ নম্বরে যেতে ৩০ টাকা রিকশাভাড়া দেন সাবিনা। এরপর সেখান থেকে সিটি কলেজে পৌঁছাতে ২০০ টাকা রিকশাভাড়া দিয়েছেন তিনি। স্বাভাবিক সময়ে এই ভাড়া যথাক্রমে ১৫ ও ৫০ টাকা।মিরপুর ১০ নম্বরে সকাল আটটা থেকে যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আতিয়ার রহমান। তিনি একটি সিএনজি পেয়েছেন তিন ঘণ্টা পর। ভাড়া ৫০০ টাকা। আতিয়ার বলেন, ‘রোববার যে বাস চলবে না, সেটা বুঝতে পারিনি। জরুরি কাজ থাকায় অটোরিকশাচালক যা চেয়েছে, তাই দিতে বাধ্য হয়েছি। অনেক চালক ফিরেও চায়নি।’মতিঝিলের অফিসপাড়ায় ছিল রিকশাভ্যানের আধিক্য। অতিরিক্ত রিকশাভাড়ার কারণে রিকশাভ্যান ছিল বাস না পাওয়া অনেক অফিসযাত্রীর সহায়। একসঙ্গে আটজন মিলে ভ্যানের ভাড়া দিয়েছেন ২৪০ থেকে ৩২০ টাকা।দুপুরে বিআরটিসির বাসের জন্য অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে।ফার্মগেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. আরিফ হোসাইন বিরক্ত হয়ে এই প্রতিবেদককে বলেন, ‘বাসা উত্তরায়। সকালে প্রায় অর্ধেক হেঁটে আর বাকিটা ৩৫০ টাকা ভাড়ায় সিএনজিতে অফিসে পৌঁছেছি। এখন কীভাবে বাসায় ফিরব জানি না। কার নির্দেশে বাস বন্ধ, সেটা কি বলতে পারেন?’পুলিশের তল্লাশিতে দুর্ভোগ: পথে পথে পুলিশের তল্লাশিতে বিরক্ত অনেক নগরবাসী। বইয়ের ভারী ব্যাগ বহনকারী শিক্ষার্থী এবং ফাইল ও ল্যাপটপ বহনকারী অফিসযাত্রীদের থামিয়ে তল্লাশি করা হয়। অনেককে এর জন্য দীর্ঘ সময় আটকে থাকতে হয়। সাধারণ পথচারীদের পকেটে হাত দিয়ে দেখে পুলিশ। এমনকি নারীদের পার্সও খুলে দেখা হয়।গার্হস্থ্য অর্থনীতি কলেজে সমাবর্তন নিবন্ধনের গতকাল ছিল শেষ দিন। সেখানে ফি জমা দিতে গিয়ে পুলিশের অস্থায়ী তল্লাশি চৌকিতে আটকা পড়েন রাবেয়া। বাসায় ছোট্ট বাচ্চাকে একা রেখে আসা রাবেয়াকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়।মিরপুর ১০ থেকে নীলক্ষেতে আসতে করুণা ব্যানার্জিকে আগারগাঁও, আসাদগেটের আড়ং মোড় ও ধানমন্ডি ২৭ মোড়ে তিনবার তল্লাশির মুখোমুখি হতে হয়েছে। মানিকনগর থেকে প্রেসক্লাবে আসার পথে মো. রহিম খিলগাঁও রেলগেট, দৈনিক বাংলা ও ফকিরাপুলে পুলিশের চৌকির সামনে পড়েন।অফিসপাড়া ফাঁকা: সকালে হরতালের ধরনে দিন শুরু হওয়ার পর বেশির ভাগ বেসরকারি অফিস বেলা একটা থেকে তিনটার মধ্যেই খালি হয়ে যায়। গুলশান, বনানী এলাকায় দেখা গেছে, সকালে হেঁটে অফিসে আসার ক্লান্তি ও বিরক্তি মাথায় রেখে বেলা একটা থেকেই অনেক কর্মকর্তা-কর্মচারী বাসার পথে রওনা হয়েছেন। ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়া লোকজন ভাঙচুরের ভয়ে এবং গণপরিবহনে যাতায়াতকারীরা দুই পায়ের ওপর ভরসা করে আগেই বাড়িমুখো হন। অধিকাংশ বেসরকারি অফিস কর্তৃপক্ষ আধা বেলায় অঘোষিত ছুটি দিয়ে দিয়েছে। অনেক প্রতিষ্ঠান আজ সোমবারও অফিসে উপস্থিতির বিষয়ে ছাড় দিতে অনানুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে।দেখা গেছে, সরকারি অফিসগুলোর নারী কর্মীদের অধিকাংশই দুপুর ১২টার পরে বাসায় ফিরে যান। ইউনিয়ন নেতারা মধ্যাহ্নভোজের পর থেকে কর্মচারীদের অনেকটা জোর করেই ১৪ দলের মানববন্ধনে যোগ দিতে নিয়ে যান বলে বেশ কয়েকজন অভিযোগ করেছেন।