স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেছেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়াসহ মিডিয়া-কর্মীদের প্রতি হামলা-আক্রমণ চলছে। তাঁদের জুলুম নির্যাতন ও হত্যা করা হচ্ছে। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’ আজ মঙ্গলবার সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এসব কথা বলেন।গতকাল সোমবার রাতে অনলাইন সংবাদপত্র বিডিনিউজের কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে ফজলুল আজিম বলেন, ‘সন্ত্রাসীদের হামলায় বিডিনিউজের বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। কয়েক দিন আগে প্রথম আলো পত্রিকার ফটোসাংবাদিকদের ওপর পুলিশ হামলা করেছে। আজ মঙ্গলবার আদালত চত্বরে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে পুলিশ। শুনেছি, স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে পুলিশ কর্মকর্তাকে শাস্তি দিয়েছেন। আবার শুনি চট্টগ্রামে বদলি করা হয়েছে। কিছুদিন আগে সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে তাঁর বাসায় নৃশংসভাবে খুন করা হয়।’ তিনি বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার বাইরের কোনো ঘটনায় যেতে না পারলেও ঢাকায় কোনো ঘটনা ঘটলেই তিনি ছুটে যান। আশ্বস্ত করেন ২৪ ঘণ্টা, ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পরে তার কোনো সুরাহা করা হয় না। এতে করে ওই সন্ত্রাসীরা আশকারা পেয়ে যায়। আর ভুক্তভোগীরা ধুকে ধুকে মরে।’একটি বিশেষ গোষ্ঠীর সাংবাদিকদের ওপর একের পর এক হামলা-আক্রমণ করছে—এমন মন্তব্য করে ফজলুল আজিম বলেন, ‘সাংবাদিকেরা যাতে সঠিক খবর পরিবেশন না করেন, তার জন্য এই ধরনের ঘটনা ঘটনা হচ্ছে বলে আমার মনে হয়।’ সাংবাদিকদের ওপর এসব নির্যাতন-হামলার ঘটনায় বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়া হলে বারংবার এসব ঘটনা ঘটতে থাকবে বলে তিনি মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্বতন্ত্র এই সাংসদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো বিষয়ে প্রতিকার চাওয়া হলে তিনি গঠনমূলক কোনো বক্তব্য না দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। অনেক সময় চোর-ডাকাত বলে আখ্যায়িত করেন। উল্লেখ্য, এর আগে ফজলুল আজিম তাঁর নির্বাচনী এলাকার একটি ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেও মন্ত্রী এই সংসদ সদস্যকে দস্যু ও চোর বলে আখ্যায়িত করেন।পরে স্পিকার বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেবেন কি না, এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। তবে আশা করি, সরকারের এসব ঘটনার বিষয়ে আরও যত্নবান হবেন। আন্তরিকতার সঙ্গে ব্যবস্থা নেবেন।’