উদ্বোধনী অনুষ্ঠানের আলো মাঠে পড়লেই হয়!
হঠাৎ সব বাতি নিভে গেল। অন্ধকার নেমে এল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। একটু পরই কৃত্রিম আলোকরশ্মি মাঠের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঢেউ তুলল। সবার দৃষ্টি পশ্চিম দিকের গ্যালারিতে বিশেষভাবে নির্মিত মঞ্চটায়। সেখানে কী হচ্ছে? অ্যাকুয়াটিক শো। কিছুদিন ধরেই আলোচনা ছিল, একাদশ দক্ষিণ এশীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় পর্ব হবে এটিই, কাল সন্ধ্যায় তা দেখা গেল বাস্তবেই। এটি দেখার মুগ্ধতা নিয়েই হোটেলে ফিরে গেলেন আট দেশের ক্রীড়াবিদেরা। মুগ্ধতা হয়তো ছুঁয়ে গেছে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও! ছুঁয়ে যাওয়ারই কথা। বিকেল চারটায় শুরু অনুষ্ঠান পৌনে সাতটায় শেষ হলো। দীর্ঘ অনুষ্ঠানে কী ছিল না! সেসবের বর্ণনা দেওয়ার আগে জানিয়ে দেওয়া যাক, ১৯৮৫ ও ১৯৯৩ সালে এই ঢাকা দুটি দক্ষিণ এশীয় গেমস আয়োজনে যে সফলতা দেখিয়েছিল, মনকাড়া উদ্বোধনী অনুষ্ঠান করে সবাইকে মুগ্ধ করেছিল; ১৭ বছর পর তৃতীয় আয়োজনের সুযোগটাকে বাংলাদেশ চাইছে আরও স্মরণীয় করে রাখতে। তারই একটা বার্তা দেওয়ার চেষ্টা ছিল কালকের উদ্বোধনী অনুষ্ঠানে। তাই এত বড় অনুষ্ঠান!আর তাতে দেশীয় সংস্কৃতির চিরন্তন উপস্থাপনা থাকল বড় অংশ জুড়ে। নবান্ন উত্সব, নৌকা বাওয়া, মাছ ধরা... দেখতে দেখতে চোখে ভাসছিল গ্রামবাংলার কোনো জনপদ। যেখানে এই মাত্র জেলে মাছ ধরতে যাচ্ছে, কৃষক ধানখেতে যাচ্ছে ধান কাটতে।স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসও বর্ণিত হলো অনুষ্ঠানে। ‘শোন একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবুরের কণ্ঠস্বরের’...‘জয় বাংলা বাংলার জয়’ গানের তালে নৃত্য পর্বটাকে আকর্ষণীয় করতে চেষ্টার ঘাটতি ছিল না। বন্দুক হাতে যুদ্ধের খণ্ড অভিনয়ও কি কম মনকাড়া ছিল? দেশাত্মবোধক গানের সঙ্গে মাঠে এবং গ্যালারিতে দেশের সংস্কৃতি ও কৃষ্টি ফুটিয়ে তোলার প্রয়াসও এই অনুষ্ঠানকে করেছে সার্থক।গ্যালারির এক অংশে ইডেন কলেজের তিন হাজার ছাত্রীর কথা আলাদা করে বলতেই হয়। ডিসপ্লের মাধমে তারা ফুটিয়ে তুলল বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাত বীরশ্রেষ্ঠর প্রতিকৃতি, আট দেশের পতাকা, গেমসের মাসকট, লোগো এবং গ্রামীণ সংস্কৃতির নানা দিক। প্রজাপতির রূপ ধরে শত শত স্কুল ছেলেমেয়ের শারীরিক কসরত, মাইঝ্যা ভাই সাইঝ্যা ভাই...গানের ছন্দে নাচ...। কোনো কিছুই আর বাদ ছিল না!ইলা মিত্রের সাঁওতাল সম্প্রদায়কে নিয়ে সংগ্রামের ইতিহাস ‘নাচোলের রানী’ গীতি আলেখ্যে অংশ নেওয়া ৬০০ সাঁওতাল সম্প্রদায়ের মানুষের উপস্থাপনাও মন কেড়েছে। ইলা মিত্রের জমিদারি প্রথাবিরোধী আন্দোলনের প্রতীকী উপস্থাপনা ছিল অ্যাকুয়াটিক শোর আগে সেরা পর্ব।অ্যাকুয়াটিক শো শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়াতেই এই প্রথম এমন আয়োজন। পানির ফোয়ারা, রঙিন আলোকচ্ছটা, লেজার রশ্মির অপূর্ব সমন্বয় থাকল ৩০ মিনিটের এই পর্বে। পুরোটা সময়ই স্টেডিয়ামে পিনপতন নীরবতা, অন্ধকারে সব চোখ ওই একটা জায়গাতেই আটকে থাকল। পানির ফোয়ারার মধ্যেই রঙিন আলোয় ফুটিয়ে তোলা হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, একাত্তরে জর্জ হ্যারিসনের সেই বিখ্যাত গান, ‘বাংলাদেশ...বাংলাদেশ...।’ যেন মুক্তিযুদ্ধের গৌরবগাথা ছড়িয়ে থাকল স্টেডিয়াম-জুড়ে!এরপরই মাঠের চারপাশ থেকে বিদ্যুত্ বেগে আকাশের দিকে ছুটতে থাকল আতশবাজি। অন্ধকার স্টেডিয়াম শুধু আলোকিতই নয়, নয়নাভিরাম এক দৃশ্য গোটা স্টেডিয়ামকে আচ্ছন্ন করে ফেলল। করবেই তো! এর পেছনে যে আছে অনেক শ্রম। উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানের জন্য বরাদ্দই তো প্রায় ৪০ কোটি টাকা! ভাবা যায়!তা শুধুই দক্ষিণ এশিয়ার এই ক্রীড়া উত্সবকে স্মরণীয় করে রাখতে। আর সেটির প্রতীক হয়ে জ্বলছে ১০০ ফুট উঁচুতে নতুন করে বানানো মশাল-স্তম্ভ। যেটির চূড়ায় স্থাপিত মশাল জ্বালালেন দেশের ফুটবলের সেরা তারকা কাজী সালাউদ্দিন। গেমস মানে মাঠের লড়াইও। মাঠে খেলোয়াড়েরা যাতে শৃঙ্খলা মেনে চলেন সেই প্রতিজ্ঞা থাকল শপথবাক্যে। ফুটবল দলের অধিনায়ক আমিনুল হক ও দেশের গত চারবারের দ্রুততম মানবী নাজমুন নাহার পড়ালেন শপথ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গেমসের উদ্বোধন ঘোষণা করলেন, সারা মাঠ থেকে কবুতর আর বেলুন উড়ল। হাততালিতে মুখরিত হলো গোটা স্টেডিয়াম। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মুখরিত থাকবে গেমসের ভেন্যুগুলো। সেখানে হবে ১৫৪টি সোনার লড়াই। ২৩টি খেলায় যাতে অংশ নিচ্ছেন প্রায় আঠার শ ক্রীড়াবিদ। উদ্বোধনী অনুষ্ঠানের রেশ হয়তো অনেক দিনই থাকবে। আপতত তা ভুলে নজর দিতে হচ্ছে মাঠে। এখন অপেক্ষা— প্রত্যাশিত ১৭টি সোনা ঘরে তোলা। আর তা তুলতে উদ্বোধনী অনুষ্ঠানের আলো মাঠে পড়লেই হয়! তবে এদিনই নেপালের কয়েকজন খেলোয়াড়-কর্মকর্তা যেভাবে হোটেলের লিফটে দুর্ঘটনায় পড়লেন, তাতে গেমস কি একটা কু গাইল না বোধনের সময়েই?