উদ্বোধনের অপেক্ষায় নতুন মুজিবনগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধভিত্তিক অসংখ্য ভাস্কর্যে সেজেছে ঐতিহাসিক মুজিবনগর। ভাস্কর্য, ম্যুরাল ও তেলচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের নানা ঘটনা। বর্তমানে নতুন এই মুজিবনগর উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের আম্রকাননে দেশের প্রথম সরকারের শপথগ্রহণ ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল। এখানেই এমএজি ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয়। এই মুজিবনগর সরকারই দেশের নয় মাসের স্বাধীনতাযুদ্ধ পরিচালনা করে।বর্তমান অবস্থা: মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্বকে মানুষের কাছে পরিচয় করিয়ে দিতে ১৯৯৮ সালে ৯১ কোটি ৮৭ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় নানা অবকাঠামো। তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশের স্মৃতি মানচিত্র ও জাদুঘর। ১৩ একরের প্রকল্প এলাকায় তৈরি করা হয়েছে বেশ কিছু বহুতল আধুনিক ভবন। এর মধ্যে রয়েছে পর্যটন মোটেল ও শপিং মল, শিশুপল্লি, ডাকঘর ও টেলিফোন কার্যালয়, অভ্যন্তরীণ রাস্তা ও হেলিপ্যাড এবং ছয় দফাভিত্তিক গোলাপবাগান। এর মধ্যে টেলিফোন এক্সচেঞ্জ ও শিশুপল্লি ছাড়া কোনো স্থাপনাই আনুষ্ঠানিকভাবে চালু না করায় অযত্নে পড়ে আছে সেগুলো। মোটেলের আসবাবপত্র ও দরজা-জানালা নষ্ট হয়ে যাচ্ছে। মরে শুকিয়ে গেছে কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয় দফাভিত্তিক মনোরম গোলাপবাগান।অথচ প্রকল্পের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজ শেষ হয়েছে অন্তত পাঁচ বছর আগে। বর্তমানে সাড়ে আট কোটি টাকা ব্যয়ে সেখানে একটি বড় মিলনায়তন নির্মাণের কাজ চলছে।মানচিত্র ও জাদুঘরে যা আছে: মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশের স্মৃতি মানচিত্রে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের চিত্র মূর্ত হয়ে উঠেছে। সেখানে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের সময় বেনাপোল, বনগাঁও, বিরল, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের উদ্দেশে শরণার্থীর স্রোতের দৃশ্য। আ স ম আবদুর রবের পতাকা উত্তোলন ও শাজাহান সিরাজের ইশতেহার পাঠের দৃশ্য উঠে এসেছে শিল্পীর হাতের ছোঁয়ায়। দেশের বিভিন্ন জায়গায় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধের চিত্রও তুলে ধরা হয়েছে সেখানে। কেন্দ্রীয় শহীদ মিনার ধ্বংস, হার্ডিঞ্জ ব্রিজ ধ্বংস, চালনা ও চট্টগ্রাম বন্দর ধ্বংসের দৃশ্যের ভাস্কর্যও রয়েছে মানচিত্রের বুকে। পাহাড়তলী ও রাজশাহীতে হত্যাযজ্ঞ, রাজারবাগ পুলিশ লাইন ও জগন্নাথ হলের ধ্বংসযজ্ঞের দৃশ্য তুলে ধরা হয়েছে। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবে হামলা, সচিবালয়ে আক্রমণ, পিলখানায় আক্রমণের চিত্র, রায়েরবাজার বধ্যভূমিসহ মুক্তিযুদ্ধকালীন নানা চিত্র ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে।জাদুঘরে রয়েছে স্বাধীনতাযুদ্ধে অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তিত্বদের সাহসী নেতৃত্ব ও ভূমিকার দৃশ্যসংবলিত ম্যুরাল। তৎকালীন সেনাপ্রধান, উপপ্রধান, বীর উত্তম, জাতীয় চার নেতা, তারামন বিবি, সেতারা বেগমের ম্যুরাল রয়েছে জাদুঘরে। রয়েছে ব্রোঞ্জের তৈরি ২৯টি আবক্ষ মূর্তি। জাতীয় গুরুত্বপূর্ণ ৩০ জন নেতার তেলচিত্র আছে জাদুঘরে। কিন্তু নির্মাণের পাঁচ বছর পরও এগুলো সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়নি।মানচিত্র ও জাদুঘরের বাইরের অংশ সাজানো হয়েছে যেভাবে: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ২৫ মার্চের কালরাত্রির হত্যাযজ্ঞ, নারী নির্যাতন, মুক্তিযোদ্ধাদের বাড়িতে অগ্নিসংযোগ, একাত্তরের ১৭ এপ্রিল মুজিবনগরে দেশের প্রথম সরকারের শপথ ও সালাম গ্রহণ, দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামসহ মন্ত্রিসভার সদস্যদের মেহেরপুরের স্থানীয় ১২ আনসার সদস্যের গার্ড অব অনার প্রদান, সিলেটের তেলিয়াপাড়ায় ১১ সেক্টর কমান্ডারের গোপন বৈঠক, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডারদের সেক্টর বণ্টন সভা ছাড়াও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্য ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা যা বললেন: স্মৃতি মানচিত্র ও জাদুঘর এখনো চালু না করা প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৯৯৮ সালে এই প্রকল্পের নকশা তৈরি ও অনুমোদন হয়। অথচ জোট সরকার সেই নকশা কাটছাঁট করে জিয়ার ভাস্কর্য বসিয়েছে। সে কারণে জিয়ার ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। বর্তমান সরকার ১৯৯৮ সালে অনুমোদিত নকশা ও প্রকল্প অনুযায়ী মুজিবনগরকে সাজাতে চায়। তাই এর কাজ আরও বাড়ানো হয়েছে। ভাস্কর্য প্রকল্পের প্রধান ভাস্কর শিল্পী গোপাল চন্দ্র পাল জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এসব ভাস্কর্য নির্মাণে ব্যয় করা হয়েছে প্রায় ১২ কোটি টাকা। গোপালগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক লোকমান হোসেন বলেন, এখন মুজিবনগরে পা রাখলে মনে হয়, স্বাধীনতার সব ইতিহাস বুকে ধারণ করে আছে মুজিবনগর।জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে মুজিবনগরই মুক্তিযুদ্ধভিত্তিক দেশের একমাত্র বড় দর্শনীয় স্থান হবে।জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম বলেন, ভবনগুলো দ্রুত হস্তান্তর ও চালু করার প্রস্তুতি চলছে। অব্যবহূত পড়ে থাকা পর্যটন মোটেলের জন্য দুই কোটি টাকার আসবাবপত্র কেনার দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে।জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী পারভেজ খাদেম বলেন, মুক্তিযুদ্ধের নানা চিত্রে সেজেছে মুজিবনগর। সরকার এই স্থানকে অধিকতর গুরুত্ব দিয়ে আরও সাজানোর পরিকল্পনা নিয়েছে। দ্রুত এ প্রকল্পের সবকিছু উদ্বোধন করা হবে। তখন পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সবকিছু। তিনি বলেন, ২০১১ বা ২০১২ সালের ১৭ এপ্রিল এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।