উদ্বোধনের এক মাসের মাথায় বুর্জ খলিফার দৃশ্য অবলোকন ডেক বন্ধ
বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফার উদ্বোধন হওয়ার মাত্র এক মাসের মাথায় এর ১২৪ তলায় অবস্থিত দৃশ্য অবলোকন ডেকটি মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ভবনটির নির্মাতা ইমার প্রোপার্টিজ জানায়, অবলোকন ডেকটিতে অপ্রত্যাশিতভাবে প্রচুর পর্যটক আসত এবং বিদ্যুত্ সরবরাহেও সমস্যা দেখা দেয়। ডেকটি থেকে চারপাশের দৃশ্য দেখতে একজন পর্যটককে মাথাপিছু ১০০ মার্কিন ডলার দিতে হয়। তবে কেউ যদি অগ্রিম ফি দিতে চায় তাহলে তাকে দিতে হয় ৩০ মার্কিন ডলার। কবে এই ডেকটি আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে তা জানা যায়নি।গত ৪ জানুয়ারি ভবনটির উদ্বোধন করেন দুবাইয়ের আমির শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মকতুম।প্রথমে ভবনটির নাম বুর্জ দুবাই রাখা হলেও, পরে প্রতিবেশী আবুধাবির শাসকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামকরণ হয় বুর্জ খলিফা। ভবনটির উচ্চতা দুই হাজার ৭১৭ ফুট। ১৬০ তলা এ ভবনে এক হাজার ৪৪টি অ্যাপার্টমেন্ট ও ৭৬ তলায় সুইমিংপুল রয়েছে।