উদ্বোধনের কয়েক মাসেই চার লেন সড়কের অর্ধশতাধিক স্থানে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নবনির্মিত চার লেনের আড়াই কিলোমিটার অংশে অর্ধশতাধিক স্থানে ধস দেখা দিয়েছে। কয়েক দিনের ভারী বৃষ্টিতে সড়কের এ দশা হয়েছে। এর মধ্যে কমপক্ষে ১০টি স্থান খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।সরেজমিন দেখা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট বুকিং কাউন্টারের সামনে থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার লেনের আড়াই কিলোমিটার অংশে কয়েক গজ পরপরই ধসে পড়েছে। এর মধ্যে কমপক্ষে অর্ধশত স্থানে মাঝারি আকৃতির ও ১০টি স্থানে বড় গর্ত সৃষ্টি হয়েছে। বিশেষ করে ক্যানেল ঘাট থেকে টার্মিনালের আগ পর্যন্ত মহাসড়কের পশ্চিম পাশ ধসে পড়ায় ওই এলাকা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এ ছাড়া ক্যানেল ঘাট এলাকায় সড়ক ধসে বিদ্যুতের খুঁটি পর্যন্ত গিয়ে ঠেকেছে। সেখানে বাঁশের মই দিয়ে খুঁটি ঠেক দিয়ে রাখা হয়েছে। ঠিকাদারের লোকজন প্রাথমিকভাবে বড় গর্তগুলো মাটি ফেলে ভরাটের কাজ করছেন।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাজবাড়ী কার্যালয় থেকে জানা গেছে, গত বছরের জুলাইয়ে এই আড়াই কিলোমিটার অংশের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওয়াহেদ মিয়া (জিবি)। তাঁর পক্ষে রাজবাড়ীর ঠিকাদার আমজাদ হোসেন ও বাবুল ওই মাস থেকেই কাজ শুরু করেন। এ জন্য প্রায় নয় কোটি টাকা বরাদ্দ করা হয়। গত ১৬ জানুয়ারি এ সড়ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম, মাসুদুর রহমানসহ অনেকেই অভিযোগ করেন, ঠিকাদার দায়সারাভাবে কাজ করায় বৃষ্টিতে মহাসড়ক ধসে পড়ছে। বৃষ্টি এ রকম অব্যাহত থাকলে সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে।মাগুরার ট্রাকচালক জসিম উদ্দিন বলেন, ‘গত শুক্রবার রাতে এ সড়ক দিয়ে ঢাকায় যাচ্ছিলাম। এ সময় পাশ দিয়ে আরেকটি ট্রাক ঢুকে পড়লে সাইড দিতে গিয়ে আমার ট্রাক ধসে যাওয়া অংশে পড়ার উপক্রম হয়। আমার সামনের একটি কাভার্ড ভ্যান গর্তে পড়ে উল্টে যায়। পরে ক্রেনের সাহায্যে এটি টেনে তোলা হয়।’আমজাদ হোসেন দাবি করেন, মহাসড়কের চার লেনের কাজটি শেষ করতে প্রায় ৫৫ লাখ টাকা লোকসান হয়েছে। ভারী বৃষ্টিতে ভাঙন দেখা দেওয়ায় সংস্কারে ইতিমধ্যে আরও প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে মাটি ও বালুর বস্তা ফেলে ধস ঠেকানোর ব্যবস্থা করা হচ্ছে। আবহাওয়া ভালো হলে সড়কের পাশে দ্রুত পাকা নালা নির্মাণ করা হবে বলে জানান তিনি।সওজ রাজবাড়ী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় জানান, চার লেন সড়কের কাজের সঙ্গে পানিনিষ্কাশনের জন্য সড়কের দুই পাশে নালা নির্মাণের কথা ছিল। ঠিকাদার যথাসময়ে কাজটি করলে হয়তো এই ক্ষতি হতো না। দ্রুত ব্যবস্থা নিতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।