এক পাশে মসজিদের আজানের সুর, অন্য পাশে চারুকলার নবীন শিল্পীদের কৃষ্টিকর্মের কারখানা। এরই ফাঁকে সুপারিগাছে ঘেরা ছোট্ট প্রাঙ্গণটিকে চিরতরের জন্য আপন করে নিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে নজরুলের কবরসংলগ্ন এলাকাটির সৌন্দর্য বাড়িয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি কমপ্লেক্স নির্মাণ করা হয়। কমপ্লেক্সের কাজ শেষ হওয়ার পর গত বছরের ২৭ আগস্ট জাতীয় কবির ৩৩তম মৃত্যুবার্ষিকীতে এর উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত সর্বসাধারণের নাগালের বাইরেই রয়ে গেছে এটি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে, রক্ষণাবেক্ষণের জন্য লোক নিয়োগ হলেই খুলে দেওয়া হবে কমপ্লেক্সটি।ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ভাষাশহীদ বরকত, শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান এবং বিশ্ববিদ্যালয়ের প্রয়াত দুই উপাচার্য মুজাফ্ফর আহমেদ চৌধুরী ও আবদুল মতিন চৌধুরীর কবর ঘিরে নির্মিত হওয়ার কথা ছিল এই স্মৃতি কমপ্লেক্সটির। বেশ কয়েকজন বরেণ্য ব্যক্তির সমাধি ঘিরে করা হলেও এটির নাম দেওয়া হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি কমপ্লেক্স। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের দেয়াল থেকে চারুকলা ইনস্টিটিউটের সীমানা নির্ধারণী দেয়ালের মধ্যবর্তী জায়গাটিতেই স্মৃতি কমপ্লেক্সটি নির্মাণের জন্য ঠিক করা হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে নজরুল কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। কমপ্লেক্সটি নির্মাণের জন্য ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি আবার ওই বছরের ২৬ আগস্ট নজরুল কমপ্লেক্সের নকশা প্রণয়নের দায়িত্ব দেয় স্থপতি মাযহারুল ইসলামকে। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাযহারুল ইসলামের পরামর্শে স্থপতি এহসান খানের নকশায় এক কোটি ৫১ লাখ টাকার এই কমপ্লেক্সটির অর্থসংস্থান করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকা জেলা পরিষদ কমপ্লেক্সটি বাস্তবায়ন করে। ছয়জনের সমাধিসহ কমপ্লেক্স এলাকার রক্ষণাবেক্ষণের দায়ভার পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের ওপর।কমপ্লেক্সের নকশাকার এহসান খানের সঙ্গে কথা বলে জানা যায়, নজরুলের সমাধিসৌধটিকে দৃষ্টিনন্দন করার লক্ষ্য নিয়েই কমপ্লেক্সটির নকশা প্রণয়ন করা হয়। প্রাথমিকভাবে কবরসংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য মাটি ফেলে জায়গাটি উঁচু করা হয়। তারপর নজরুলের কবরের সামনে তৈরি করা হয় একটি ছোট্ট গোলচত্বর। এই গোলচত্বরের শোভাবর্ধন করতে সেখানে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার উল্লেখযোগ্য কয়েকটি লাইন পোড়ামাটির ফলকে এঁকে বসানো হয়। সমাধিসৌধের সঙ্গে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার জন্য একটি নিরাপত্তা কক্ষ স্থাপনের কাজও সম্পূর্ণ করা হয়। নজরুল কমপ্লেক্সে তথ্যকেন্দ্র বসানোর সিদ্ধান্তও নেন তাঁরা। চারুকলা ইনস্টিটিউট থেকে টিএসসির দিকে যেতে নজরুল কমপ্লেক্সের দিকে তাকালে তিনটি ছোট ঘর চোখে পড়ে। কাচের দেয়ালে ঘেরা এই ঘর তিনটিতে তিনটি তথ্যকেন্দ্র চালু হওয়ার কথা বলে জানান এহসান খান। তিনি বলেন, একটি তথ্যকেন্দ্রে থাকবে নজরুলের স্মৃতিস্মারক, আরেকটিতে থাকবে পটুয়া কামরুল হাসান ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতিচিহ্ন এবং বাকি একটিতে থাকবে শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে নানা তথ্য। তবে উদ্বোধন হওয়ার নয় মাস পেরিয়ে গেলেও ফাঁকা পড়ে আছে এই তথ্যকেন্দ্র তিনটি। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী উদ্বোধন করলেও এখন পর্যন্ত খোলা হয়নি নজরুল কমপ্লেক্সের তালা।তবে নজরুল কমপ্লেক্সের তালা না খুললে কী হবে, ফুটপাত ঘেঁষে যেসব মানুষ থাকে, তারা ঠিকই কমপ্লেক্সের টয়লেট ব্যবহার করছে। আর তথ্যকেন্দ্রের মাথায় বাসা বেঁধেছে এক জোড়া চড়ুই পাখি। আর প্রায় রাতেই নজরুল কমপ্লেক্সের ভেতরে ছিন্নমূল মানুষকে শুয়ে থাকতে দেখা যায়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম বলছিলেন, কমপ্লেক্স হওয়ার আগেই ভালো ছিল। তখন তো ইচ্ছে করলেই ভেতরে গিয়ে দুদণ্ড চোখ বুলানো যেত। কিন্তু এখন এমন কমপ্লেক্সই হলো যে ভেতরে ঢোকার রাস্তাই বন্ধ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী বলেন, ‘আমি বুঝতে পারছি না, প্রধানমন্ত্রী কমপ্লেক্সটা উদ্বোধন করলেন, তার পরও কেন এটা উন্মুক্ত করা হচ্ছে না।’ এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘কমপ্লেক্সটি দেখাশোনা করার জন্য লোকবল না থাকায় এত দিনে এটা চালু হয়নি। তবে কর্মী নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। নিয়োগ শেষ হলেই কমপ্লেক্সটি সবার জন্য খুলে দেওয়া হবে।’