উদ্বোধনের পরই জনস্রোত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মাসটির জন্য প্রতীক্ষা সারা বছরের। অবসান ঘটেছে তার। ফেব্রুয়ারি শুরু হতেই আবার সেই অনেক দিনের চেনা দৃশ্য শাহবাগ থেকে দোয়েল চত্বর অবধি। নানা বয়সের নারী-পুরুষ-শিশু উত্সাহে আনন্দে দলবেঁধে এগিয়ে চলেছে বাংলা একাডেমীর দিকে, অমর একুশে গ্রন্থমেলায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতের অপরাহ্নে গতকাল সোমবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। এ সময় তিনি বাংলা একাডেমীর বর্ধমান হাউসে ‘ভাষা আন্দোলন জাদুঘর’-এর দ্বার উদ্ঘাটন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নিয়মানুসারে শুধু আমন্ত্রিত ব্যক্তিরাই অংশ নিয়েছেন। মেলা অন্তঃপ্রাণ গ্রন্থানুরাগীরা টিএসসি চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান, দোয়েল চত্বরের আশপাশে অপেক্ষায় ছিলেন। বেলা ডোবার খানিক আগে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করে প্রধানমন্ত্রী যখন মেলা ত্যাগ করেন, তখন দরজা খুলে দেওয়া হয়েছিল অধীর অপেক্ষায় থাকা দর্শনার্থীদের জন্য। প্রথম দিনে প্রবেশপথে তেমন কড়াকড়ি ছিল না। দরজা খোলামাত্র আক্ষরিক অর্থেই জনস্রোতের তোড়ে মেলা প্রাঙ্গণ নিমিষে গমগমে।সাজিয়ে তোলার পালা: উদ্বোধন হয়ে গেলেও অবকাঠামোর সাজসজ্জার কাজ পুরো শেষ হয়নি। হাতুড়ি-পেরেকের ঠুকঠাক, রঙের প্রলেপ দেওয়া, অলংকরণের কাজ চলছিল বেশ কিছু স্টলে। তবে বেশির ভাগ স্টলেই বই উঠে গেছে। সন্ধ্যা থেকে রিকশাভ্যানে করে নতুন ঝকঝকে বই আসতে শুরু করে স্টলগুলোর সামনে। প্রকাশকেরা বিক্রয়কর্মীদের নিয়ে সেসব বই নামিয়ে র্যাকে সাজানো-গোছানোর কাজেই ব্যতিব্যস্ত ছিলেন। এর মধ্যে ক্রেতাদের হাতে পছন্দের বই তুলে দেওয়া, গণমাধ্যমকর্মীদের সঙ্গে দু-চার কথায় প্রাথমিক প্রতিক্রিয়া জানানো—এসবের মধ্য দিয়েই মেলার প্রথম সন্ধ্যা পেরিয়ে গেছে।আবর্জনার স্তূপ: প্রচুর শুকনো ধুলো আর বাঁশ-কাঠের টুকরো, ছোঁড়াছোটা দড়ি, রাশি রাশি কাগজের টুকরোসহ হরেক রকমের আবর্জনায় মেলা প্রাঙ্গণের বিশ্রী দশা। চলতে গিয়ে এসব আবর্জনা আর নির্মাণবর্জ্যে পদে পদে ঠোক্কর খেয়েছেন বইপ্রেমীরা। বহুজনে পথ চলায় ধুলোয় ধূসর পরিবেশ। কাজেই ধুলো এড়াতে নাকে রুমাল চাপা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া অনেকেরই—কর্তৃপক্ষ অন্তত পানি ছিটানোর ব্যবস্থা তো করতে পারত! সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদ বললেন, ‘প্রথম দিন এবং কর্মদিবস সত্ত্বেও জনসমাগম খুবই আশাব্যঞ্জক। মেলার এই অগোছালো ভাব থাকা উচিত ছিল না। পাঠকেরা পিছিয়ে নেই। আমরা প্রকাশক-আয়োজকেরা পিছিয়ে থাকব কেন? আগে থেকেই মেলার মাঠ পরিচ্ছন্ন করে দোকান সাজানো-গোছানোর কাজ শেষ করে ফেলা প্রয়োজন ছিল।’একটু বেশি! একুশে গ্রন্থমেলার আয়োজনকে কি একটু বেশিই বাণিজ্যিক করে তুলেছেন আয়োজকেরা—এমন প্রতিক্রিয়া অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসেনের। তিনি বললেন, মেলার স্পনসর প্রতিষ্ঠানের প্রচারটা ভেতরে-বাইরে এত বেশি যে চোখে লাগে। এমনকি বটতলায় প্রতিবছর বর্ণমালাখচিত যে সুদৃশ্য আলোকসজ্জা করা হয়, এবার সেই স্থান দখল করে নিয়েছে স্পনসর প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। তিনি বললেন, ‘একুশের মেলার সঙ্গে আমাদের সংস্কৃতির যে নিবিড় যোগসূত্র, সেটিই এই মেলার প্রতি দর্শনার্থীদের আকৃষ্ট করে থাকে। বেশি বাণিজ্যিকীকরণে যদি সেই যোগসূত্র বিচ্ছিন্ন হয়, তবে তা মেলার জন্য ভালো হবে কি না, সেটিও ভাবা প্রয়োজন।’নতুন বই: এবার নতুন বইয়ের কপি তথ্যকেন্দ্রে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে প্রথম দিনে তথ্যকেন্দ্র চালুই হয়নি। উদ্বোধনী অনুষ্ঠানের ব্যস্ততা সামাল দিতেই সন্ধ্যা পেরিয়েছে। তাই আজ মেলার দ্বিতীয় দিন থেকে নতুন বইয়ের তথ্যাদি দেওয়া হবে বলে জনসংযোগ বিভাগ থেকে জানা গেল। প্রথম দিনে নতুন বই খুব বেশি আসেওনি। অধিকাংশ স্টলেই আগের বছরগুলোর বই। নতুন বইয়ের মধ্যে অন্য প্রকাশের স্টলে প্রথম দিনেই এসে গেছে জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের উপন্যাস শুভ্র গেছে বনে ও আত্মজৈবনিক কাঠপেন্সিল, সৈয়দ মনজুরুল ইসলামের উপন্যাস আজগুবি রাত, ইমদাদুল হক মিলনের উপন্যাস শ্রাবণ সন্ধ্যাটুকু। বিদ্যাপ্রকাশ থেকে এসেছে কবীর চৌধুরী অনূদিত নির্বাচিত পামুক, মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস মহব্বত আলীর একদিন, মোহিত কামালের উপন্যাস চেনা বন্ধু অচেনা পথ। সূচীপত্র থেকে এসেছে আরশাদ আজিজ অনূদিত হ্যারল্ড নিকোলসনের কূটনীতিবিদ্যা, অধ্যাপক আবু আহমেদের বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক চালচিত্র। সময় প্রকাশন থেকে এসেছে আনিসুল হকের রচনা সংকলন চার প্রিয়তা, আবদুল্লাহ আবু সায়ীদের ভ্রমণকাহিনি ওড়াউড়ীর দিন, হাসান হাফিজের ছড়া শিশুকালের জবাকুসুম, সাইদুজ্জামান রওশন ও আইয়ুব সরকার সম্পাদিত ছড়া পা ভাঙা চড়ুই ইত্যাদি।প্রথমায় প্রথম দিনে: এবারই প্রথম মেলায় অংশ নিল প্রথমা প্রকাশন। মেলার উত্তর দিকের ফটকের পাশ দিয়ে সামনের সারির পশ্চিমে সাজানো গোছানো পরিপাটি স্টল। প্রথম দিনেই এসেছে ২৮টি নতুন বই। উত্তরা থেকে বুলবুল আহমেদ সবান্ধবে মেলায় এসেছিলেন বই কিনতে। প্রথমার একাত্তরের চিঠি বইটি কিনলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং তৃতীয় বর্ষের ছাত্র বুলবুল আহমেদ বললেন, ‘এই বইটির কথা অনেক শুনেছি। মেলায় এই বইটিই প্রথম কিনলাম।’ এ ছাড়া তিনি প্রথম আলোর বর্ষসেরা বই শহিদুল জহিরের আবু ইব্রাহীমের মৃত্যু উপন্যাসটি কিনবেন বলে জানালেন। প্রথমা থেকে যেসব বই এসেছে তার মধ্যে ছিল সৈয়দ শামসুল হকের কবিতা নিনাদ, আহমদ রফিকের ভাষা আন্দোলন, হাসান ফেরদৌসের ১৯৭১: বন্ধুর মুখ, শত্রুর ছায়া, মুহম্মদ জাফর ইকবালের ঢাকা নামের শহর ও অন্যান্য, সৈয়দ আবুল মকসুদের নির্বাচিত সহজিয়া কড়চা, নির্মলেন্দু গুণের অবন্ধ প্রবন্ধ যত, আব্বাসউদ্দীন আহমেদের দিনলিপি ও আমার শিল্পীজীবনের কথা, মোজাফ্ফর আহমদের জাতীয়তাবাদের অর্থনীতি ও অন্যান্য, এ কে খন্দকার, মঈদুল হাসান এবং এস আর মীর্জার মুক্তিযুদ্ধের পূর্বাপর: কথোপকথন, শেখ আবদুল হাকিমের উপন্যাস বিষবৃক্ষ, আনিসুল হকের উপন্যাস সুদূরতমাসহ মোট ২৮টি নতুন বই।ভাষা আন্দোলন জাদুঘর: বর্ধমান হাউসের দোতলার দক্ষিণ দিকের চারটি কক্ষ নিয়ে যাত্রা শুরু হলো ভাষা আন্দোলন জাদুঘরের। উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান জানালেন, পর্যায়ক্রমে পুরো ভবনটিই জাদুঘরে পরিণত করা হবে। আপাতত এই চারটি কক্ষ সাজানো হয়েছে বাংলা ভাষার উত্পত্তি ও ক্রমবিকাশের ইতিহাস, প্রথম ভাষাবিষয়ক কবিতা, বাংলার উল্লেখযোগ্য সাহিত্যিকদের পরিচিতি দিয়ে। এরপরে এসেছে উর্দুকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র, ভাষা আন্দোলনের নানা পর্যায়ের ছবি, সংবাদপত্রের কাটিং-পেস্টার—এসবে। একটি কক্ষে আছে ভাষাশহীদদের পরিচিতি এবং শহীদ শফিউর রহমানের ব্যবহূত কোট, চশমা, ব্যাগসহ বিভিন্ন নিদর্শন।অনুষ্ঠান: উদ্বোধনের পর মেলার মূল মঞ্চের নিয়মিত আয়োজনে গতকাল ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’ নামের রুশো তাহেরের প্রবন্ধপাঠ। শেষ হয়েছিল রবীন্দ্রসংগীত দিয়ে। বাঙালির এই প্রাণের মেলা প্রাণচঞ্চল হয়ে থাকবে সারা মাস অগণিত জনসমারোহে।