উদ্যানে নেই কোনো উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ উদ্যানে একান্তে সময় কাটাচ্ছেন এক যুগল। হঠাৎ পেছনে ছিপি খোলার শব্দ। তাঁরা ঘাড় ঘোরাতেই কোমল পানীয়র ছিপি খোলা বোতল ধরিয়ে দিল এক হকার। কিছু বুঝে ওঠার আগেই তাঁদের সামনে চিপসের মোড়কের মুখও আরেক হাতে খুলে ধরেছে সে। তারপর ১৫ টাকার কোমল পানীয় ৬০ টাকা আর ১০ টাকার চিপস ৩০ টাকা দাবি করে বসে হকার। যুগলের মধ্যে ছেলেটি বিক্রয় মূল্যের তিন-চার গুণ বেশি দিতে রাজি নন কিছুতেই। এ নিয়ে হকারের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা শুরু হলো। এই ফাঁকে হকারের আরও দু-একজন সাঙ্গোপাঙ্গ চলে এল। তারা অনেকটা জোর করে বা ভয় দেখিয়ে টাকা আদায় করল ছেলেটির কাছ থেকে। বছর কয়েক ধরে জাতীয় উদ্ভিদ উদ্যানের নিয়মিত দৃশ্য হয়ে ছিল এমন ঘটনা। যাঁরা একবার হকারের খপ্পরে পড়েছেন, তাঁরা আর দ্বিতীয়বার ওমুখো হওয়ার নাম নেননি। বিশেষ করে নির্জন উদ্যানটিতে ‘হকার’ এক আতঙ্কের নামে পরিণত হয়েছিল প্রেমিকযুগলের কাছে।সেই বোটানিক্যাল গার্ডেনে ইদানীং নাকি কোনো হকার নেই। এমন ঘোষণা দেওয়া পোস্টারে ছেয়ে গেছে মিরপুরের একাধিক মোড় ও মিরপুরগামী বাস। যাতে দাবি করা হয়েছে, বোটানিক্যাল গার্ডেনে ক্যানটিন বন্ধ। সেখানে এখন হকার নেই। দর্শনার্থীরা নিরিবিলি পরিবেশে আনন্দ উপভোগ করতে পারছেন বোটানিক্যাল গার্ডেনে।জাতীয় উদ্ভিদ উদ্যানে কি আসলেই হকার নেই? এ প্রশ্ন সামনে নিয়েই যাওয়া হয় সেখানে। টিকিটঘরের পাশেই দেয়াল ছেয়ে ফেলা হয়েছে সেই পোস্টারে। ‘হকার নেই’ ঘোষণা দেওয়া ব্যানারও দেখা গেল উদ্যানের বাইরে। মূল ফটক গলে ভেতরে প্রধান সড়ক ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল প্রথম ক্যানটিনটি। আগে যেখানে নানা রকম খাবার আর ক্রেতাদের বসার চেয়ার-টেবিল পাতা ছিল, এখন সেটি শূন্য পড়ে আছে। প্রধান সড়ক ধরে আরও খানিকটা এগিয়ে গিয়ে পথের পাশেই বসে আছে এক আমড়াওয়ালা। আমড়া কিনতে কিনতে এক শিশু তাকে জিজ্ঞেস করে, ‘মামা, উদ্যান তো এখন হকারমুক্ত, আপনি বসলেন কীভাবে?’ এমন প্রশ্নে আমড়াওয়ালার ঝটপট উত্তর, ‘যারা জোর কইরা মানুষের কাছে মাল বেচত, তাগোর কাজ বন্ধ কইরা দিছে।’ উদ্যান ঘুরে আমড়া ছাড়াও বাদাম আর পেয়ারা বিক্রি করতে দেখা গেল গুটিকয়েক হকারকে। তবে তারা কারও কাছে নিজের পণ্য গছিয়ে দিচ্ছে না। যার ইচ্ছে সে কিনছে আমড়া, বাদাম বা পেয়ারা। ঠোঙাভরা বাদাম নিয়ে উদ্যানের আন্তর্জাতিক উদ্ভিদের অংশে বসে ছিল আগারগাঁওয়ের আরিফ ও রুনা। তারা জানায়, নগরের কোনো পার্কেই দর্শনার্থীদের নিরাপত্তা নেই। হকার, ভিক্ষুক, বখাটের ভয় থাকে সব জায়গায়। বোটানিক্যাল গার্ডেনে আগে হকারদের অত্যাচারে ছিল। এখন সে ভয় নেই। তবে বিশাল উদ্যানে নিরাপত্তাকর্মীর অভাব। ছিনতাইকারী আর বখাটের ভয় থেকেই যাচ্ছে।উদ্যানের আরেক দর্শনার্থী খিলগাঁওয়ের ফয়সাল আহমেদ ক্যানটিন বন্ধ থাকায় নাখোশ। তাঁর মন্তব্য, ‘বিশাল উদ্যানটি ঘুরলে যে কারও ক্ষুধা লাগবে। তাই এখানে একাধিক ক্যানটিন থাকা দরকার। হকারের অত্যাচার বন্ধ করতে ক্যানটিন বন্ধ করার কোনো যুক্তি নেই। মাথাব্যথার জন্য কেউ মাথা কেটে ফেলে না। এমন ব্যক্তিদের ক্যানটিন পরিচালনার দায়িত্ব দিতে হবে, যারা হকার দিয়ে খাবার বিক্রি করবে না।’