বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ দেশের বেসরকারি খাতের উদ্যোক্তাদের ছয়টি নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। আজ রোববার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় এই অনুমোদন দেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হচ্ছে ইউনিয়ন ব্যাংক, মধুমতি ব্যাংক, ফারমার্স ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ও মেঘনা ব্যাংক।ইউনিয়ন ব্যাংকের পরিচালক হিসেবে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। যদিও ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে জনৈক শহিদুল আলমের। আর একসময় এরশাদের অর্থকড়ি সংরক্ষণ করতেন গোলাম মসি, যিনি জাতীয় পার্টির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদকও ছিলেন। তিনিও ব্যাংকটির উদ্যোক্তার তালিকায় রয়েছেন।ঢাকা-১২ আসনের সরকারদলীয় সাংসদ ফজলে নূর তাপসের ব্যাংকের নাম মধুমতি ব্যাংক। অবশ্য এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে জনৈক হুমায়ুন কবীরের।সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ফারমার্স ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়কর উপদেষ্টা এম মনিরুজ্জামান খন্দকারের ব্যাংকের নাম মিডল্যান্ড ব্যাংক।সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান হচ্ছেন এস এম আমজাদ হোসেন। উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা আবদুল মান্নান চৌধুরী। তবে জানা গেছে, ব্যাংকটিতে সরকারের শীর্ষ পর্যায়ের একজনের নিকটাত্মীয় নেপথ্যে রয়েছেন ব্যাংকটির।আর মেঘনা ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান হচ্ছেন রংপুর-৫ আসনের সরকারদলীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান। আর পরিচালকের তালিকায় আছেন ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ।