উদ্যোক্তা ও শিক্ষার্থীদের সরাসরি কৃষকদের সঙ্গে কাজ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে গত ৩১ মে এসেছিলেন রহিমআফরোজ লিমিটেডের কৃষি-বাণিজ্য শাখার প্রধান রেজা মো. শিহাব উদ্দিন সোহরাওয়ার্দী, আগোরার সরবরাহ ব্যবস্থার প্রধান নিজাম চৌধুরী ও কৃষক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন কথাবন্ধু পম্পা ঘোষ। কৃষি-বাণিজ্যের সমস্যা, সমাধান ও সম্ভাবনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে অতিথি বন্ধু ছিলেন শিক্ষার্থী তাসফিন এহতেসানুল। অ্যাগ্রো-বিজনেস অর্থাৎ কৃষি-বাণিজ্য নিয়ে তিন পর্ব অনুষ্ঠানের প্রথম পর্বের কথোপকথন থাকছে নিচে।নিজাম চৌধুরী: বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। এখানে প্রায় ৬০ শতাংশ লোক সরাসরি কৃষির সঙ্গে জড়িত। আগোরা কৃষি-বাণিজ্যের ক্ষুদ্র একটি অংশ নিয়ে কাজ করে। তবে আমরা সব সময় ভোক্তাদের সঠিক ও মানসম্পন্ন পণ্য দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে এ জন্য কৃষকদের যে সমিতি রয়েছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখি। পণ্যের চাহিদা অনুযায়ী আমরা কৃষকদের পণ্য উৎপাদনের জন্য অনুরোধ করি। এটি যদি আমরা জাতীয়ভাবে সারা দেশে ও বিদেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে এই কৃষি-বাণিজ্য বাংলাদেশে একদিন অনেক দূর এগিয়ে যাবে। রেমিট্যান্সের পরিমাণও অনেক বাড়বে।রেজা মো. শিহাব উদ্দিন সোহরাওয়ার্দী: কৃষি-বাণিজ্য জিডিপিতে প্রায় ২৩ শতাংশ অবদান রাখছে। ভবিষ্যতে এ শাখায় সম্ভাবনা কতটুকু এবং এ ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনা দরকার বলে আপনি মনে করেন?নিজাম চৌধুরী: এ জন্য প্রয়োজন উদ্যোক্তাদের আগ্রহ। উদ্যোক্তাদের বলব, আপনারা কৃষি-বাণিজ্যে নিশ্চিন্তে বিনিয়োগ করুন। গত ১০ বছরে কৃষি-বাণিজ্যে বিশাল সম্ভাবনার ক্ষেত্র তৈরি হয়েছে। রহিমআফরোজ এ জন্য একটি অ্যাগ্রো-ইউনিট অর্থাৎ কৃষিভিত্তিক গবেষণার শাখা খুলেছে। এ ছাড়া আগোরায় আগামী বছরের মধ্যে অনেক লোক নিয়োগ দেওয়া হবে। এ শাখায় অনেক শিক্ষিত ছেলেমেয়ের দরকার রয়েছে। এসব মেধাবী ছেলেমেয়ে এগিয়ে এলে কৃষক ও কৃষির সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যাবে। রেজা মো. শিহাব উদ্দিন সোহরাওয়ার্দী: ফসল উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের কী ধরনের বাধার সম্মুখীন হতে হয়?দেলোয়ার হোসেন: আমাদের সবচেয়ে বড় বাধা সার ও বীজ। তবে সরকার সারের দিক থেকে কিছুটা সাহায্য করায় আমাদের অনেক সুবিধা হয়েছে। কিছু দোকানদার অনেক সময় নষ্ট বীজ বিক্রি করেন। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হন। তবে কৃষকদের মাটি ও বীজ চিনে তার পর ফসল উৎপাদন করা উচিত। আর যাঁরা নষ্ট বীজ বিক্রি করেন, এ রকম প্রতিষ্ঠান ও খুচরা দোকানদারের ওপর সরকারের নজরদারি বাড়ানো উচিত। তাহলে কৃষক ঠকবেন না। কৃষক তাঁর উৎপাদিত পণ্যের সঠিক মূল্যও পাবেন। এ ছাড়া সরকার যদি কৃষকদের জন্য অধিক প্রশিক্ষণের ব্যবস্থা করে, তাহলে দেশ কৃষি-বাণিজ্যে আরও এগিয়ে যাবে।রেজা মো. শিহাব উদ্দিন সোহরাওয়ার্দী: কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে আপনাদের অর্থাৎ কৃষকদের কী ধরনের সমস্যা হয়?দেলোয়ার হোসেন: কৃষকদের ঢাকায় গাড়ি দিয়ে পণ্য পাঠাতে অনেক টাকা ভাড়া গুনতে হয়। ফলে আমরা কৃষকেরা পণ্যের দাম কম পাই। মাঝেমধ্যে আমরা শাক, টমেটো বিক্রি করি ৫০ পয়সা বা এক টাকা কেজিতে। তখন আমাদের ফসল মাটিতেই পচে যায়। পরিবহন খরচ দিয়ে আমাদের আর পোষায় না। এ জন্য কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে সরকারের নজর দেওয়া উচিত। এ ছাড়া সরকার যদি টোল মওকুফ করার পদক্ষেপ নেয়, তাহলে কৃষক ও কৃষি আরও অনেক দূর এগিয়ে যাবে। কৃষক পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে আরও আগ্রহী হবেন।রেজা মো. শিহাব উদ্দিন সোহরাওয়ার্দী: কৃষিপণ্য বাজারজাতকরণের জন্য তথ্য আপনাদের (কৃষকদের) কীভাবে সাহায্য করতে পারে?দেলোয়ার হোসেন: কৃষকদের কাছে তথ্য আদান-প্রদানের জন্য সরকারেরই উদ্যোগ নেওয়া উচিত। আমরা অর্থাৎ কৃষকেরা যদি সরাসরি পণ্য বিক্রি করতে পারি, তাহলে কৃষকও উপকৃত হবেন, ভোক্তা বা ক্রেতাও উপকৃত হবেন। তথ্য দিয়ে কৃষককে যদি আগে জানানো হয় কোথায়, কোন পণ্যের কী ধরনের দাম রয়েছে, তাহলে কৃষক পণ্যের সঠিক মূল্য পাবেন। এ জন্য সরকারের পক্ষ থেকে কৃষি-বাণিজ্যকে এগিয়ে নিতে কৃষি তথ্যের ওপর জোর দেওয়া উচিত।রেজা মো. শিহাব উদ্দিন সোহরাওয়ার্দী: কৃষি-বাণিজ্য নিয়ে আপনারা তরুণ প্রজন্ম কী চিন্তা করছেন?তাসফিন এহতেসানুল (শিক্ষার্থী): বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি-বিষয় নিয়ে পড়াশোনার জন্য কোনো সুযোগ নেই। তাই এ ক্ষেত্রে আসার জন্য সুযোগ তৈরি করে দেওয়া উচিত। শিক্ষার্থী অথবা উদ্যোক্তারা, যাঁরা এ শাখায় কাজ করতে চান, তাঁদের সরাসরি কৃষকদের সঙ্গে কাজ করার ব্যবস্থা করে দেওয়া উচিত। আমাদের দেশে শিক্ষার্থীদের কৃষিপণ্য বা কৃষি-বাণিজ্য জ্ঞান ও অভিজ্ঞতার অভাব রয়েছে। তাই কৃষি-বাণিজ্যে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে তাঁদের আরও সচেতন ও আগ্রহী করে গড়ে তোলা উচিত। কারণ, কৃষি-বাণিজ্যেই যে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, তা দেশের তরুণ প্রজন্মের জানা উচিত।রেজা মো. শিহাব উদ্দিন সোহরাওয়ার্দী: কৃষি-বাণিজ্যে তরুণেরা কীভাবে আসবে বা কোথায় যোগাযোগ করবে, এ ক্ষেত্রে কতটুকু সম্ভাবনা রয়েছে?নিজাম চৌধুরী: অ্যাগ্রো-বিজনেস অর্থাৎ কৃষি-বাণিজ্য আমাদের দেশে অত্যন্ত চাহিদাসম্পন্ন। এর চাহিদা দেশে-বিদেশে বেড়েই চলছে। তরুণ প্রজন্মের অনেকেই এখনো মাটির গন্ধ পায়নি। এ জন্য শিক্ষার্থীদের মাটিকে জানতে ও চিনতে হবে। তরুণেরা যুব উন্নয়ন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ, এখানে কৃষি নিয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। আফ্রিকায় আমরা চাষাবাদ করতে যাচ্ছি। ইতালিতে আমাদের কৃষক লাউ উৎপাদন করে বিক্রি করছেন। কানাডায় এখন বিশাল অংশজুড়ে ফসল উৎপাদন করা হচ্ছে। ভবিষ্যতে কৃষি-বাণিজ্যে অনেক সম্ভাবনার সুযোগ রয়েছে।গ্রন্থনা: সুদীপ দে