উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার প্রস্তাব ইতিবাচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোম্পানির শেয়ারের দাম প্রকাশ করে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার ঘোষণা বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা মনে করছেন, ভালো মৌল ভিত্তির কোম্পানির উদ্যোক্তারা এগিয়ে এলে বর্তমান বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। কেননা, বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার হবে যে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম ওই নির্ধারিত দামের চেয়ে নামবে না। আর বিনিয়োগকারীরা তখন শেয়ার বিক্রি না করে নিজেদের হাতে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এতে কিছুটা হলেও বাজারের দরপতন ঠেকানো যাবে।এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর রশিদ চৌধুরী প্রথম আলো অনলাইনকে বলেন, উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনার এই উদ্যোগ সাময়িকভাবে ইতিবাচক। তবে বিনিয়োগকারীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে খেয়াল রাখতে উদ্যোক্তা-পরিচালকদের প্রতি অনুরোধ জানান তিনি।বাজার বিশ্লেষক আকতার হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, উদ্যোক্তা-পরিচালকদের এই উদ্যোগ হলো বাজারের খারাপ অবস্থায় সমর্থন দেওয়া। বর্তমানে যেহেতু বাইব্যাক আইন নেই। তাই কোম্পানির পক্ষ থেকে সমর্থন দেওয়ার সুযোগও নেই। এ অবস্থায় সংশ্লিষ্ট কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা এগিয়ে এসে সমর্থন দিলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে।আকতার হোসেন বলেন, এ ক্ষেত্রে ভালো মৌল ভিত্তির কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের এগিয়ে আসতে হবে। এতে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। ভয়ে শেয়ার বিক্রির প্রবণতাও অনেকাংশে কমে যাবে বলে তিনি মনে করেন। তবে শেয়ার বিক্রি করার ঘোষণা দেওয়ার অন্তত ১৫ দিন বা এক মাস পর উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি করতে হবে বলে মত ব্যক্ত করেন তিনি।এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান এক সংবাদ সম্মেলনে বলেন, বড় মূলধনের কোম্পানির উদ্যোক্তা-পরিচালকেরা একটি নির্দিষ্ট দাম প্রকাশ করে নিজ কোম্পানির শেয়ার কিনতে চান। বাজারের অব্যাহত দরপতন ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।এ সময় সালমান রহমান বলেন, বাজারে তারল্য-সংকট নয়, বিনিয়োগকারীদের আস্থার সংকটই মূল সমস্যা। তিনি আরও বলেন, এ ক্ষেত্রে একটি নির্দিষ্ট দাম ঘোষণা করে উদ্যোক্তা-পরিচালকেরা শেয়ার কিনলে শেয়ারের দাম এর নিচে যাবে না। ফলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি হবে এবং ভয়ে শেয়ার বিক্রির প্রবণতাও কমে যাবে।এখন কম দামে শেয়ার কিনে পরিচালকেরা পরে বেশি দামে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবেন—উপস্থিত সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে সালমান রহমান বলেন, ‘কেউ যদি নির্ধারিত ওই দামে শেয়ার বিক্রি না করেন, তাহলে তো কোনো সমস্যাই নেই। আর শেয়ার বিক্রিতে তো কারও বাধা নেই।’ সুতরাং পরিচালকেরা ইচ্ছা করলে যেকোনো দামে শেয়ার বিক্রি করতে পারেন। বিএপিএলসির নির্বাহী পরিষদের বৈঠক শেষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।